”মহিলাঃ আমার স্বামী ঘরে এসেই আমাকে মারধোর শুরু করে দেয়
সাধু বাবাঃ এই তাবিজ নিয়ে যা, সব সমস্যা সমাধান হয়ে যাবে।
মহিলাঃ এই তাবিজ আমার স্বামীর কোথায় বেধে দিব?
সাধু বাবাঃআরে ধূর, এটা তোর স্বামীর জন্য নয়,এটা তোর জন্য। সে যখনই বাসায় আসবে তখনই এই ''তাবিজ'' তোর দাতের নিচে লাগিয়ে দিবি!!!
~ পাঁচ দিন পর ~
মহিলাঃ বাবাজী তাবিজ দাতের নিচে লাগানোর পর এত ফায়দা হল যে সে এখন আমাকে কিছুই বলে না।.
সাধু বাবাঃ এটা তাবিজের ফল না, এটা তোর মুখ বন্ধ রাখার ফল... “
এমন কিছু তাবিজ আমাদের দেশের কিছু তথাকথিত রাজনীতিবিদদের দেয়া উচিত। কারণ তাদের কারণেই আজ জনমনে আতঙ্ক বিরাজ করছে।ব্যবসা-বাণিজ্য সব কিছুতেই একটা গুমট ভাব। যদিও আমার কামনা এবং ধারণা কিছুই হবে না। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা সব সময় ফাঁকা বুলির মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় এবং করে। তারা আমাদের কাঁধে তুলে দেয় দেশ রক্ষার জগন্নাথের রথের দড়ি, আর কিছু ভক্ত জগন্নাথের রথ ভেবে টানে তাদের মনোরথকে। আর যখনই দড়িতে একটু টাইট দেয় তখনই পথের মধ্যে পড়ে যায় তার ভক্ত, রক্তে রঞ্জিত হয় পথ; শুধু ভক্ত নয়, অসহায় পথিকের রক্তেও রঞ্জিত হয় সেই পথ। কিন্তু এতে একটুও বিচলিত হন না নেতা-নেত্রীরা, বরং রক্তে রঞ্জিত হলেই তাদের মনোরথের চাকা পিচ্ছিল পথে এগোয় দ্রুত গতিতে আর রথযাত্রাও সফল হয়। তাই সেই রথযাত্রাকে সফল করতে সর্দার আহ্বান জানান লগি-বৈঠা কিংবা দা-কুড়াল-চাপাতি নিয়ে শান্তিপূর্ণভাবে সেই রখযাত্রার। সেলুকাস। সত্যিই এ এক আজব দেশ।
তবুও আশায় বুক বাধিঁ, কারণ কবি নজরুলের ভাষায়.....
”হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক ?“
সকাল হবে সেই বিশ্বাস আর আশা যেন সবারই থাকে। কারণ আবারও নজরুলের বানী
‘‘বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে
নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে।
শয়তান তারে শেষ করিয়াছে, ঈমান লয়েছে কেড়ে,
পরাণ গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে।’’
বার বার ভাঙ্গা সত্ত্বেও যে স্বপ্ন বার বার দেখার ইচ্ছা কখনো কমে না, সে আমার সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। মাহমুদুজ্জামান বাবুর মতো আমারও চিৎকার করে গাইতে ইচ্ছে করে,,
”আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ ....... সেই তথাকথিত রাজনীতিবিদদের কি একবারও সবার সুরে সুর মিলিয়ে এমন গান গাইতে ইচ্ছে করে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


