"যেভাবেই তুমি সকাল দেখো না কেন, সূর্য কিন্তু একটাই।"
সকাল ৭টা বেজে ৩২ মিনিটে এভাবেই ঘুম ভাঙ্গলো আমার খুব প্রিয় একটা মানুষের খুদে বার্তায়। ফেসবুকে না থাকায় তাই বোধহয় আমাকে এভাবেই জানাতে হলো ভোরের শুভেচ্ছা, অনেকটা দিন পর। ফোন কল করে জানতে চাইলাম, সত্যিই কি উনি আমাকে মেসেজটা পাঠালেন কি না। জানালেন তার মনটা আজকে ভালো, প্রিয় মানুষগুলোকে সকালের খোলা হাওয়ায় মিস করছেন,তাই মেসেজ দিচ্ছেন।
শুভ চলে যাওয়ার পর আমার সাথে ওই মানুষটা আর কথা বলেন নি ওভাবে, বোধহয় অনেকটা সংকোচ হতো তাঁর,তাঁরই বন্ধু তো।
রাতে ঘুমাইনা, ভোরের দিকে ঘুমাতে যাই আর তাঁর মেসেজ পেয়ে আমার আর সকালে মন চলে গেলো ওই দিন গুলোতে, কতোটা কান্নাকাটিই না করতাম আমি। কতোটা পাগল ছিলাম আমি। আজও আছি, বাসা থেকে বিয়ের চিন্তাটা বাদ দিতে বলি, কতোটা দিন যাইনা বাসায়, পড়ে আছি হোস্টেলে।
সারাটা দিন মন পড়ে রইলো অতীতে। আমাকে আজকাল সবুজ টানে না, টানে না বেগুনী জারুল আর বৃষ্টি।
সূর্য দেখতে যাওয়া হয়না,কারন ভোরে ঘুম ভাঙ্গেনা, আর বিকেল কেটে যায় কাজে। দুপুরের সূর্যের দিকে তাকানোর দরকার নেই। যেমনটা দরকার নেই তার বাসার সামনে দিয়ে তাকে দেখতে চাওয়ার।
স্বপ্ন বলতে বাবার স্বপ্নটাই। আর কিছুনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



