২রা জানুয়ারী ১৯৭৬ থেকে ২রা জানুয়ারী ২০১৩! এতটা সময় ধরে আমি তোমার সাথে লেগে আছি। সময়গুলো কত দ্রুত যাচ্ছে তাইনা! সেই শুরু থেকেই তো দেখছি তোমায়! যাপিত জীবনটাকে কত সহজ করেই না ভাবো তুমি! তোমার ছিলো দুর্দান্ত এক শৈশব। গ্রামের মেঠোপথ, সবুজ ধানক্ষেত, প্রশস্ত মাঠ, হিজল ফুলে ভরা পুকুরঘাট, কচুরীপানার বেগুনি ফুলের মুগ্ধতা, চৈত্রের দুপুরে বেসামাল বাতাসে ঝরে পড়া শুকনো বাঁশপাতার মর্মর শব্দ, বর্ষার অঝোর ধারা, কালবৈশাখীর তীব্রতা, ঝড়ো হাওয়ার বিপরীতে উল্কার মত ছোটাছুটি, টিনের চালে কাঁচাপাঁকা আম পড়ার শব্দের মাতন, কুয়াশার ভোরে ঝরে পড়া শিউলির শুভ্র উঠোন সহ সবকিছুর সাথেই তোমার নিবিড় সম্পর্ক।
এই যে এতটা বছর পেরিয়ে এসেছো তুমি, তোমার ঘরেও আছে দু'জন শিশু। এখনও যদি অনেক ব্যবধানে পা পড়ে তোমার গ্রামে, তুমি কী ভীষণ আবেগাপ্লুতই না হও! শৈশবের সবকিছুতেই যেনো তোমার সেই স্পর্শ চাই-ই চাই। প্রকৃতির প্রতি তোমার অগাধ ভালোবাসা। নদী-পাহাড়, অরণ্য-সাগর সবটাই তোমাকে তীব্রভাবে টানে। রাতদুপুরে ঝুম বৃষ্টি গায়ে মাখতে চলে যাও ছাদের উপর! ছবি তোলায় জুড়ি নেই তোমার। দিন নেই, রাত নেই শুরু করে দাও তোমার সেই ক্লিক ক্লিক ছন্দের পশরা। মানুষকে অল্পতেই বিশ্বার করার প্রবণতা আছে তোমার। একটু বেশী সরলতা কাজ করে তোমার মাঝে। প্রিয়জনদের ভালোবাসা যেমন পাও, কষ্টও কি কোনো অংশে কম পেয়েছো তুমি! কিছুটা বেহায়াও আছো তুমি। হুটহাট সব ভুলেও যেতে পারো। চোখের জলটা বেশীই গড়ায় তোমার। ঐ জলেই, মলিন কষ্টগুলো ধুয়েমুছে সাফ করে দাও তুমি। রোদেলা দুপুরের মত তুমি যেমন হাসতে পারো ঠিক তেমনি অঝোর শ্রাবণের মত কাঁদতেও পারো। বড়ই অদ্ভুত এই তুমি! তোমার কোনো বিশেষ দিনে (জন্মদিন) নিজের পছন্দের কিছু তুমি নিজেই চেয়ে নাও! যারা তোমায় চেনে তারা হয়তো গাম্ভীর্যের হাসি হাসে আর যাদের চেনার পাল্লাটা কম ভারী তারা হয়তো বলবে-'শুভ হোক এই জন্ম...
শুভ হোক তার প্রতিটা ক্ষণ...
মঙ্গলকার্যে কাটুক সারা জীবন..'
তুমি এতেই খুশি। এমন মানুষটার সাথে এতটা কাল ধরে বসবাস করছি আমি। ভালোলাগা, মন্দলাগা সবরকমের অনুভূতিই ছুঁয়ে যায় আমায়। ভেতরটা আলোড়িত করে ভীষণরকম। যে কথাটা বলার জন্যে এতটা সময় ধরে মনটা আনচান করছে তা হলো- 'শুভ হোক তোমার জন্মদিন', এই একটি বাক্যই তোমার বিবেকের বাক্স থেকে বের হলো। আছি আমি এমনই করে, বাকীটা পথ তোমার সাথে তোমার মত করেই চলতে চাই। শুভ কামনা হে সানজিদা যুঁথী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




