বইয়ের ভেতর ওভাবে কি খুঁজছ?কবিতা?
হাসছ কেন? কবিরা লিখতে জানে না?
শুনুন মশাই, কবিতা বুঝতে হলে আগে কবিতাদের দেখতে হয় বুঝলেন?
কি বললেন?কবিতা দেখতে আবার কেমন হয়?
আসুন আমার সাথে। আজ আপনাকে দেখাবো কবিতারা দেখতে কেমন হয়-
এই যে দেখুন ঘাসের ভেতর থেকে মাথা বের করে আছে নাম না জানা ছোট্ট একটি ফুল, এটি কবিতা।
এইমাত্র বৃষ্টির যে ফোঁটাটা সবুজ পাতার কিনার ছুঁয়ে টুপ করে নীচে নেমে গেল সেটিও কবিতা ছিল।
ওই ইট পাথরের দেয়ালের যে জায়গাটা জুড়ে অবাঞ্চিত কিছু শৈবাল জন্মেছে তারাও কবিতা।
আজ দুপুরে কৃষাণ বাড়ির হাঁড়িতে যে শূণ্যতা জায়গা করে নিয়েছে, বিশ্বাস করো সেটাও কবিতা।
কড়া রোদ মাথায় নিয়ে রিকশাওয়ালা নুরুলের দিনভর ছুটে চলা, সেটাও কবিতা।
বাড়ির ছাদে যে কিশোরি আজ বৃষ্টিতে ভিজে অজানা আনন্দে ভেসে যাচ্ছে, সেখানেও কবিতা।
কলেজ পড়ুয়া ছাত্রটির বইয়ের ভেতর কোনো এক কোণে নীল কালিতে লিখা ছোট্ট নামটিও কবিতা।
যে নব দম্পতির শোবার ঘরের বাতিটা এইমাত্র নিভে গেল সেখানেও আজ ভর করছে ভীষণ কবিতা।
বহুদিন পর ছেলে গ্রামে ফিরবে বলে যেই মা দরজায় দাঁড়িয়ে আছে, তার ছলছলে চোখও কবিতা।
স্বাধীন দেশে লাল-সবুজ পতাকা নিয়ে দৌড়ে যাওয়া একদল দূরন্ত বালকের উচ্ছ্বাসের নামও কবিতা।
এভাবে চারপাশে কত কত কবিতারা রোজ জন্ম নেয় আর রোজ হারিয়ে যায়, অথচ তুমি তাদের দেখতেই পাও না।
বইয়ের পাতায় খটোমটো শব্দের দু'এক লাইন দুরূহ লিখায় তুমি কবিতাদের খুঁজলে ব্যর্থ হবে।
এখন থেকে খুব অবেলায় যদি কবিতা পড়তে মন চায়- আমার চোখে তাকিও।
কথা দিচ্ছি এক লাইব্রেরি কবিতা সাজিয়ে বসে রইবো তোমার হারানোর অপেক্ষায়।
উৎসর্গঃ কোনো একজন পাঠককে, যার কাছে কবিতা মানে অশালীন কিছু শব্দের অন্তরালে কবির অর্থহীন মনোভাব প্রকাশের ছন্দহীন প্রচেষ্টা।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


