আজ আকাশরাজ্যে মহাধুমধাম,
অধীর আগ্রহে প্রজারা মিটিমিটি জ্বলছে,
তবে হারিয়ে যায়নি এখনো একেবারেই।
কিন্তু অগোচরে প্রজাদের কেউ কেউ
হীনম্মন্যতায় ভুগছে-অদৃশ্য হয়ে যাবার ভয়ে,
ম্লান চেহারায় দৃশ্যধারণ কি চলে?
আজ রাণীর উদয় হবে।
আকাশবাসীর অজানা নয়-এই উদয়াস্ত।
নিত্য ই তিনি আসেন আবার চলে যান,
তিনি আসলে জেগে থাকে মন, আবার যখন চলে যান
ভেঙ্গেচুরে একাকার স্বজন হারানোর তিব্রতায়,
আবার তিনি আসেন না নিয়ম মেনে কোনো কোনো দিনে।
হাসেন না বলে প্রজাদের নিরন্তর অভিশাপ--
কলঙ্ক কলঙ্ক! এ রাজ্যে রাণী নেই
কেনো নেই! কেনো তিনি নেই!
আজ দিগ্বিদিক আলোকিত করে আসবেন রাণী,
তাঁকে সম্ভাষিত করা হবে মহারাণী বলে।
আকাশ রাজ্যে আনন্দের হিল্লোল তাই-
আন্ধারকে অপমান করছে চরমভাবে,
আজ মহাচন্দ্রিমায় পুলকিত সবাই।
তারকারাজি চুপচাপ, মিলিয়ে যাচ্ছে।
হতভাগাদের সম্বলে আলোটুকুও আজ পরাজিত,
কিংবা আত্মসমর্পিত মহানরাণীর করতলে।
বিস্তীর্ণ আকাশজুড়ে একচ্ছত্র সৌন্দর্যের রাণী,
চোখ ধাঁধাঁনো আলোর তিব্রতা বেড়েই চলছে।
কারণ- তুমি মহারাণী, তুমি তুমি-ই,
তাবৎ সৃষ্টিকুলে মহাবিস্ময়!
তুমি পরম সৌভাগ্যের পরশমনি।
তুমি-ই তো থাকবে সৌন্দর্যের মুকুট পরে।
(ঢাকা, ১৫ নভেম্বর ২০১৬)

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



