আক্কাছ মিয়া নতুন বিয়ে করেছে। কিন্তু বিয়ের সাত দিনের মাথায় বউয়ের স্যান্ডেল গেল ছিঁড়ে। নতুন বউ বলে কথা। সে কি আর ছেঁড়া স্যান্ডেল পরবে? আক্কাছ মিয়া সঙ্গে সঙ্গে বাজারে স্যান্ডেল কিনতে গেল। একটা বড়সড় দোকানে ঢুকে দেখল এক লক্ষ্মীটেরা দোকানদার বসে আছে।
আক্কাছ মিয়া তাকে বলল, ‘একজোড়া লেডিস স্যান্ডেল দেন তো।’
লক্ষ্মীটেরা দোকানদার অন্যদিকে তাকিয়ে আক্কাছ মিয়াকে প্রশ্ন করল,
‘আপনার পরিবার, নাকি অন্য কারও জন্য?’
‘দূর মিয়া, অন্য কারও নিকুচি করি। আমার বিয়ে করা বউয়ের জন্য।’ ‘আপনার কি একজোড়া বউ?’
‘কী বলছেন, ভাই! একজোড়া বউ বিয়ে করব কেন? আমার একটা মাত্র বউ, নাম সালেহা। বেজায় সুন্দর।’
‘তাহলে আপনি যে বললেন, একজোড়া লেডিস। একজোড়া লেডিস বলতে দুজন মহিলাকেই তো বোঝায়, নাকি?’
‘ভাই, আপনি তো বড় ভেজাইল্যা লোক! একজোড়া লেডিসের কথা কখন বললাম? আমি বলেছি একজোড়া লেডিস স্যান্ডেল!’
দোকানদারের মেজাজ চড়ল এবার,
‘আমিও তো সেই কথাই বলছি রে ভাই। একজোড়া লেডিসের স্যান্ডেল। বলি, লেডিস দুজন কি একই সাইজের? নাকি একজন বেঁটে, আরেকজন লম্বা?’ একজনের পা সরু, আরেকজনের ছড়ানো, কোনটা?’
আক্কাছ মিয়া এবার খেপে গেল,
‘আমারই ভুল হয়েছে, ভাই। আপনার দোকানে ঢুকেই ভুল করেছি।’
বিড়বিড় করতে করতে দোকান থেকে বেরিয়ে আসে আক্কাছ মিয়া।
দোকানদার বিরক্তির ঝাল ঝাড়ে,
‘যান যান, আপনার মতো কাস্টমারের দরকার নাই। কোত্থেকে যে এসব পাগলছাগল আসে!’
আক্কাছ মিয়া আরেকটা দোকানে ঢোকে। দোকানদার বেশ রসিক। সে স্বাগত জানায়, ‘আসুন, আসুন। বলুন, কী খেদমত করব আপনার?’
‘একজোড়া লেডিস স্যান্ডেল দেন।’
‘একই মাপের দেব?’
‘মানে? আমার বউ কি দুই পায়ে দুই মাপের স্যান্ডেল পরবে নাকি?’
দোকানদার দাঁত বের করে হাসে,
‘আমি তা বলিনি। বলছিলাম, দুই জোড়া স্যান্ডেল কি একই মাপের হবে?’ আক্কাছ মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে,
‘আপনি তো বড় প্যাঁচের লোক হে। দুই জোড়া স্যান্ডেল দিয়ে আমি কী করব? আমার বউ একটা। সে একজোড়া পায়ে আরেক জোড়া গলায় পরবে নাকি?’
দোকানদার খানিকটা বিরক্ত, ‘আপনি তো একটু আগেই বললেন, এক জোড়া লেডিস...!’
‘বেকুব নাকি?’ আক্কাছ মিয়া তিক্ত কণ্ঠে বলে ওঠে। ‘আমি একজোড়া...’ আক্কাছ মিয়া কথা শেষ করতে পারে না। বেকুব বলার জন্য দোকানদার ফুঁসে ওঠে,
‘সাবধান, মুখ সামলে কথা বলবেন! জুতার ব্যবসা করি বলে ছোট জাত হয়ে যাইনি। আমার আব্বা সরকারি কাছারিতে চাকরি করতেন। বড় ভাই জজকোর্টের কেরানি। কাজেই ভালোভাবে কথা বলবেন। গালিগালাজ করলে মামলায় ফাঁসিয়ে দেব, হ্যাঁ!’
আক্কাছ মিয়াও ছাড়ার পাত্র নয়। সে রীতিমতো চিৎকার শুরু করে, ‘কী! আমাকে মামলার ভয় দেখানো হচ্ছে? জানেন, আমার শ্বশুর-আব্বা একজন প্যাঁচমারা উকিল? আপনার ভাইয়ের মতো দু-চারটা কেরানি উনি কোটের পকেটে ঢুকিয়ে রাখেন!’
চেঁচামেচিতে লোকজন ছুটে এসে দুজনকে ঠান্ডা করল ঠিকই। কিন্তু আক্কাছ মিয়া ওই দোকান থেকে স্যান্ডেল কিনল না। তিরিক্ষি মেজাজ নিয়ে বেরিয়ে এল। তারপর কয়েকটা দোকানের সামনে দিয়ে হাঁটাহাঁটি করল কিছুক্ষণ। অবশেষে বাজারের কোণের একটা দোকানে প্রবেশ করল। দোকানদার ২৪-২৫ বছরের যুবক, হ্যাংলা পাতলা, মাথার চুল ব্যাক ব্রাশ করা। একটু চতুর ও বাচাল টাইপের। দোকানে ঢুকেই আক্কাছ মিয়া আবার পুরোনো কথাটাই বলল, ‘একজোড়া লেডিস স্যান্ডেল দেন তো।’
‘ভাবির জন্য?’ দোকানদার সতেরো পাটি দন্ত বের করে জিজ্ঞেস করে। আক্কাছ মিয়ার মনে কিছুটা স্বস্তি আসে। যাক, বাঁচা গেল। এই লোকটা ঠিকই বুঝতে পেরেছে। উদ্ভট প্রশ্ন করেনি।
‘হ্যাঁ।’ ছোট করে জবাব দেয় আক্কাছ মিয়া।
‘আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি ভাবির জন্য স্যান্ডেল কিনতে আসছেন। তা একজোড়া ভাবি কেন, আপনার বাড়িতে যত জোড়া ভাবি থাক, সমস্যা নাই। আমার কোম্পানি আপনাদের চাহিদার কথা ভেবে একই সাইজের, একই রঙের বহু জোড়া স্যান্ডেল তৈরি করেছে। আপনি একজোড়া কিংবা দুই জোড়া বউ রাখতেই পারেন। তাদের জন্য স্যান্ডেল কিনতে পারেন, আমার কোম্পানি আপনাকে স্বাগত জানাবে। তা একই কালারের স্যান্ডেল দেব?’
আক্কাছ মিয়ার কপালে আবার ভাঁজ পড়ে, ‘আপনি তো সাংঘাতিক ফিচেল লোক। এতক্ষণ লেকচার দিয়ে আবার জিজ্ঞেস করছেন একই কালারের দেব! লেডিসরা কি দুই কালারের স্যান্ডেল পরে?’
দোকানদারের মুখে হিটলারি হাসি, ‘পরে না! অবশ্যই পরে। দুই কালার, চার কালার, ছয় কালার—আমার কোম্পানি সব রকম ব্যবস্থা করেছে।’
আক্কাছ মিয়া তিক্ত কণ্ঠে বলে ওঠে, ‘বউকে কি আমি জাদুঘরে পাঠাব যে দুই পায়ে দুই কালারের স্যান্ডেল পরাব?’
‘তা পরাবেন কেন? আমি বলছি, দুই রঙের স্যান্ডেল নিলে দুই বউ হয়তো একই রং পছন্দ করে বসবে। শুরু হবে কথা-কাটাকাটি, ঝগড়াঝাঁটি, চুলাচুলি, ঘরে অশান্তি...!’
‘দূর মিয়া, থামেন! দুই বউ আমি পাব কোথায়? আমার তো একটা মাত্র বউ।’
দোকানদার মুখ কাচুমাচু করে বলে,
‘আপনিই তো বললেন, একজোড়া লেডিস...।’
আক্কাছ মিয়ার এবার ধৈর্যচ্যুত হয়, ‘ওরে, আমি পাগল, না এরা পাগল! যাই, যার মুখ দেখে সকাল হয়েছিল, আগে তার পদধুলি নিয়ে আসি, তারপর পাদুকা কিনব।’
আক্কাছ মিয়া দোকান থেকে বের হয়ে বাড়ির পথ ধরে।

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১২ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




