সরকারি হিসাবেই গত এক সপ্তাহে বাজারে মুরগির দাম বেড়েছে ২২ শতাংশের বেশি। এ থেকে মুরগির বাজারের আগুনের ভয়াবহতা হয়তো খুব বেশি বোঝা যাবে না। তবে সরাসরি দামটা বললে আগুন কিছুটা টের পাওয়া যেতে পারে।
ঢাকার বাজারে এখন এক কেজি ওজনের ব্রয়লার বা ফার্মের মুরগি কিনতে হলে গুনতে হবে ১৮০ টাকা। আর চট্টগ্রামের বাজারে দুটি ১০০ টাকার নোট দিলে ফেরত পাওয়া যাবে না এক টাকাও। সেখানে দাম এখন ২০০ টাকা।
মুরগি ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরেই মুরগির দাম বাড়ছে। দ্রুত কমবে বলে কোনো আশ্বাস দিতে পারলেন না তাঁরা। অর্থাৎ এবার মুরগির দামও দেশের বাজারে নতুন রেকর্ড করল। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগেও এই মুরগির কেজি ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে ৪০ শতাংশ আর এক মাসে ২২ শতাংশ।
দাম বাড়ার ক্ষেত্রে অবশ্য ডিম হারিয়ে দিয়েছে মুরগিকে। টিসিবির হিসাবে গত এক বছরে ডিমের দাম বেড়েছে ৫১ শতাংশ। এর মানে হলো, ডিম ও মুরগি এখন নিম্নমধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলছে। মাঝে মাঝে ডিম ও মুরগি খেতে হলে এখন মধ্যবিত্ত হতে হবে, আর নিয়মিত খাবেন কেবল উচ্চবিত্তরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




