গত তিনদিন টানা ছুটিতে পুরো নগর কেমন যেন একটু অলস হয়ে পড়েছিল। কিন্তু তারমধ্যে ১৫ই অগাষ্ট জাতীয় শোক দিবসে আবারও একটু কর্মচাঞ্চল্য ফিরে আসে যেন। কিন্তু এ চাঞ্চল্য হওয়া উচিত ছিল শোকপালনের মধ্যে দিয়ে। কিন্তু বাস্তবে সেটা হয়নি।
শোকপালন করতে যেয়ে মুহুর্তে মুহুর্তে সেটা কেন যেন আনন্দ আর উৎসবে পরিণত হয়ে যাচ্ছিল। কেমন যেন একটা ঈদ ঈদ ভাব। খুশির জোয়ার চারিদিকে। সত্যিই খুবই দুঃখজনক।
কালো কাপড়ে ঢাকা পড়েছিল পুরো শহর। একটি ব্যানার থেকে আরেকটি ব্যানারের দুরত্বের পার্থক্য বোঝা যায় না। বরং একটির উপরে আরেকটি উঠে এসে দুটি ব্যানারেরই মূললক্ষ্য নষ্ট করেছে।
একটি প্যান্ডেল থেকে আরেকটি প্যান্ডেলের দুরত্ব কোন কোন ক্ষেত্রে ২ থেকে ৩ গজও দেখা গেছে। চারিদিকে কালো কাপড়ের ব্যানারে মোড়া প্যান্ডেল গুলোর নিচে ডেকোরেটারে চেয়ারে নতুন কাপড়চোপড় পড়া উঠতি বয়সের হাস্যজ্বল কর্মীদের ঠাট্টাচ্ছলে ধস্তাধস্তি চলছিল। যেটা একেবারেই বেমানান।
প্রতিটি কালো ব্যানারের লিখা গুলোতে শোকের বিষয়বস্তুটা খুব একটা ফুটে উঠেনি। বরং কার কার সৌজন্যে ব্যানারটি লেখা হয়েছে বা কে টাকা দিয়েছেন ব্যানার লিখতে তার নামই প্রাধান্য পেয়েছে বেশী। অর্থাৎ আত্মপ্রচার। হাস্যকর!!
নগরীর কোন একটি রাস্তার মোড়ে একটি বিশাল রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে শোকপ্রস্তাব করে। কিন্তু এখানে উল্লেখ্য, যে বিলবোর্ডের গায়ে লাগানো হয়েছে সেইটা একটি রিয়েল এষ্টেট কোম্পানীর, যারা কিনা ২৫ বছর পূর্তি উৎসব করছে এবং সেই সংক্রান্ত একটি বিলবোর্ড সেখানে ঝুলছিল। কিন্তু যার সৌজন্যে ঐ শোকের নতুন বিলবোর্ডটি লাগানো হয়েছে তাদেরই একটি রিয়েল এষ্টেট কোম্পানীর বিশাল আরেকটি বিলবোর্ডটি তার পাশেই অবস্থান করছে। সেটাতেই তিনি শোকের বিলবোর্ডটি লাগাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। নিজেরটা খালি রেখে আরেকজনেরটা দখল করেছেন। হায়রে মানুষ!! কি বিচিত্র!!!
একে কি শোক বলে? যে মানুষটার উদ্দেশ্যে এতকিছু তার রূহের কি মাগফিরাত হলো? বরং যে অর্থগুলো দিয়ে কালো ব্যানার, প্যান্ডেল, খিচুরী খেয়ে আনন্দফুর্তি করা হয়েছে সেই টাকা গুলো দিয়ে অন্ততঃ ১ লক্ষ্ নিঃশেষ যাওয়া মানুষকে পথ দেখানো যেত, তবে সেটাই হতো উপযুক্ত কাজ। সেই মানুষটি যতদিন সেই পথে চলে বেঁচে থাকতো ততদিন অন্ততঃ মৃত ব্যাক্তিটির রূহের মাগফিরাত হতো।
হায়রে, ধিক এই শোক পালনরীতি। এ যেন সেই মৃত্য ব্যাক্তির রূহের মাগফিরাত নয়, রূহের শান্তি কামনা নয়, এ যেন তার কীর্তির উপর উঠে নাচন কুর্দন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

