খুব ছোটবেলায় ক্লাশ ৩/৪ এ একটা গল্প পড়েছিলাম। একবার একরাজার কি যেন অসুখ হয়েছিল। অনেক ঔষধ খেয়েও কোন লাভ হচ্ছিল না। তখন কবিরাজ তাকে বলল, "সুখী মানুষের জামা পড়তে" অর্থাৎ, রাজ্যে সবচেয়ে সুখী মানুষ খুঁজে বের করে তার ব্যাবহৃত জামা চেয়ে নিয়ে রাজাকে পড়তে হবে তবে রাজার মনের অসুখ ভালো হয়ে যাবে।
গল্পের একটা শিক্ষা ছিল। খুব সম্ভবতঃ অবশেষে রাজা সেই সুখী মানুষটাকে খুজে পেয়েছিল। কিন্তু দেখা গেল সেই মানুষটা খুবই সাধারণ। তখন রাজার মনে বোধদয় হলো, যে সে এত সাধারণ হয়েও এত সুখী কেন? কিন্তু রাজার এত ধন-সম্পতি থাকতেও রাজা সুখী না। এই ভাবতে ভাবতে রাজার অসুখ ভালো হয়ে গেলো। ছোটবেলায় এই গল্প গুলো পড়তাম আর খুব আশ্চর্য হতাম। তখন তো ভাবার্থ বুঝতাম না।
এবার ঈদে নিজের জন্য কিছুই নেইনি। চেষ্টা করেছি নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে খুশি করতে। আর কোনবারই আমি নিজের জন্য কিছু নেবার জন্য উদগ্রীব থাকি না। আমার অতটা ভালো লাগে না। বলতে গেলে নিজের প্রতি কিছুটা উদাসীন থাকতেই ভালো লাগে। একেবারে যে ঈদের মধ্যেই নতুন জামাকাপড় নিতে হবে এমন কোন মানে আমি দেখিনা। বরং সেটা আগে ও পরেও হতে পারে।
কিন্তু মাঝে মাঝে আমারও "সুখী মানুষের জামা" পড়তে ইচ্ছা হয়। কারণ রাজার মত আমাদের সকলেরই মাঝে একটা রোগ আছে। সেটা হলো অল্পতে তুষ্ট না হওয়া। আমরা সবাই কম/বেশী এমন। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের লোভটা সংবরন করতে পারি তবে সেটা অন্যের জন্য এবং নিজের জন্য ভালো হবে।
এই যে ঈদ আসছে। আমরা যদি সবাই একটু আমাদের পাশে লক্ষ্য রাখতাম তবে আমাদের সমাজটা এমন ক্ষত থাকতো না। এই ঈদ যেন শুধু নিজের মনে না করি। বরং আমার পাশে যে থাকে (সে যেই হোক), সেই ঈদের আনন্দটাও যেন আমার সমান হতে পারে সেটাতে আমাদের সচেষ্ট থাকা উচিত।
তাই নিজের জন্য অল্প কিছু করে অন্যের জন্য বেশী কিছু করি। এই বোধদয়টা আমাদের মনের মধ্যে হলে, তবে আর ঘটা করে "সুখী মানুষের জামা" পড়তে হবে না।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



