আমরা দেখতে একই রকম, একই রকম রং
ধানের ক্ষেতে মাথা দোলায়, হাওয়া শন শন।
স্বর্ণ রংগা আবরণে, মন যে স্বপ্ন বোনে
হাড়ি মাথার কাকতাড়ুয়া মেঘের কথা শোনে।
ক্ষেতের যত পাখ-পাখালি ওকেই করে ভয়,
ওর সাথে যে আমরা তাই পেতেছি যে সই।
সকাল হাসে, সন্ধ্যা আসে, আমরা একতায়
কাটিয়েছি শত দিন, নতুন অপেক্ষায়।
চলছিল দিন ভালো, হঠাৎ এক সকালে
ওরা এলো, নিয়ে গেলো, একি অন্ধকারে!!
সোনায় মোড়া বর্ণ মোদের হলাম যে বিবর্ণ
পাটের থলে মোদের সাথে হলো পরিপূর্ণ।
দিনের পরে দিন চলে যায়, আমরা থাকি বন্দী
কোথায় সে খোলা আকাশ, কোথায় সেই সন্ধি?
ঘুমিয়ে ছিলাম মোরা, হঠাৎ দেখি পানি
তাতে দিচ্ছে ঢেলে মোদের, উঠলো জলকেলি।
একটু বাদেই মোদের একটা ভাইকে তুলে
আংগুল দিয়ে করলো পরখ, যেন কোন ভুলে?
কে যেন গো বললো উঠে চারটে ভাত দাও,
চারটে নয়কো শতেক মোরা, একটু শুধরে নাও!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


