একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
তখন নদীটি যুবতী, তখন নদীটির মুখে দুকূল ছাপানো লাস্যময়ী হাসি!
মানুষের পূর্বপুরুষেরা নদীটির পুরুষ্টু বুকে
ডুবসাঁতার খেলতে খেলতে লোভের জাল বুনেছিল,
মানুষের পূর্বপুরুষেরা সীমাহীন কামনার বর্জ্য
সেঁধিয়ে দিয়েছিল নদীটির কোমল যোনিপথে!
মানুষের পূর্বপুরুষেরা ভালবাসার কথা ব’লে
নদীটির গলা টিপে ধরেছিল!
এখন নদীটির মুখে বলিরেখা, এখন নদীটির বুকে বলিরেখা,
এখন নদীটির সারা শরীরে অসংখ্য বলিরেখা!
অথচ স্বর্গের কথিত অন্সপরাদের মতো নদীরও কখনও বুড়ি হবার কথা ছিল না!
এখন এই জনপদে কোন আগন্তুক এসে নদীর কথা শুনলে-
নদীর কাছে ছুটে যাবার জন্য উদগ্রীব হয়।
নদীর পাড়ে হাওয়া খেতে, নদীর বুকে ডুবসাঁতার খেলতে,
নদীর মায়া সান্নিধ্য পাবার জন্যে-তাদের ভেতরটা আকুলি-বিকুলি ক’রে ওঠে।
তারপর যখন তারা নদীর কাছে যায়, নদী তখন দূর্গন্ধ ছড়ায়!
বলিরেখার ভাঁজে ভাঁজে, কিংবা যোনির গহ্বরে জমে থাকে যেটুকু জল
তা থেকে কেবল দূর্গন্ধ ছড়ায়!
বোকা বনে যাওয়া আগন্তুকেরা তখন নদীকে গালি দেয়
ময়লা দাঁতে নদী হাসে- মানুষের পূর্বপুরুষদের মুখ মনে ক’রে।
আপনমনে নিজের ভেতরে নদী, নিজেই কাঁদে!
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
এখন নদীটি পাগলী বেশে ধোঁকাবাজি খেলায় মেতেছে মানুষের সাথে,
উত্তরকালের উত্তরপুরুষ নদীটিকে খুঁজে পাবে, ইতিহাসের পিঙ্গল জঠর ঘেঁটে!
ঢাকা।
১১.১০.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






