
মাঝে মাঝে খুব মনে পড়ে তোমাকে।
উদাসী বসন্তে কিছু স্মৃতি উড়ে বেড়ায় বাতাসে।
সেই বাতাস আমার সম্মুখ দিয়ে যায় আসে।
তবে এটা নতুন কিছু না।
সে আমি প্রায়ই শ্বাস নিই নিষিদ্ধ বায়ুতে!
কার্যত আমি তোমাকে মনে করতে চাই না।
আমি কিছু ইস্পাতের রঙ লাগিয়েছি স্নায়ুতে।
থেকে থেকে খুব কাঁদতে ইচ্ছে হয় নিরবে।
বুক ভেসে হু হু করে সব নিষেধাজ্ঞার বেড়া ডিঙিয়ে।
তবে তা তোমার ভাবনায় নয়।
তুমি তো একদা হৃদয়হীন পাথর ছিলে!
আমি কাঁদতে চাই, কোন একদিন পথভ্রষ্ট হয়ে,
কোন একদিন ভুল করেছিলাম বলে।
কত গল্প ছড়ানো আমার পথে!
আমি আর সে গল্প ছুঁয়েও দেখিনা!
তোমাকে নিয়ে
কাব্যগুলো কোন এক অসতর্ক মুহূর্তে লেখা হয়েছিল বলে,
আমি এখন সতর্কতায় সেই ভ্রষ্ট পথ এড়িয়ে,
নিরবে, লজ্জায়, নত মুখে, যাই চলে।
ইদানিং আমি মাতাল হই। লাম্পট্যের পথও খোলা আছে।
তবে তা তোমার বিরহে নয়।
নষ্ট হওয়া আমার স্বভাবেই ছিল মনে হয়।
মুলত তুমিই আমাকে এই পথে নিয়ে এসেছ,
তোমার ছলায়, কলায়!
আমিও মুখিয়ে ছিলাম নষ্ট পথে পা রাখতে,
তোমার ভালবাসাহীনতায়!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



