
তোমার বুক পকেটের মেঘ গুলোরই
বৃষ্টি ঝরে রোজ দুপুরে।
আমার একলা নদীর ঢেউগুলো সব
তোমারই চেপে রাখা দীর্ঘশ্বাসের অনুরণন।
যে নীরবতা হৃদয়কে ভাসিয়ে রাখে অসীম শূন্যতায়,
যে অপেক্ষা দূরত্বকে পৌঁছে দেয়
এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের সুদূরপানে,
কেন প্রতিনিয়ত কৃতদাসী হই তার আগ্রাসী চরণতলে!
একটা বৃষ্টি নামাতে পারো?
অথবা তীব্র কোন জলোচ্ছ্বাস?
ধুয়ে মুছে নিংড়ে পবিত্র হোক
শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু
অভিমান,স্মৃতি, শূণ্যতা, উদ্ভ্রান্ততা।
আর না হয়,
ভালোবাসাটাই তীব্র উচ্ছাসে আছড়ে পড়ে
মিশে যাক নায়াগ্রা প্রপাতের অশান্ত স্রোতধারায়।
ক্লান্ত আমি স্নিগ্ধ ভোরের সূর্য খুঁজি।
কান পেতে থাকি -
প্রবল ঝড়ের তিনদিন পর
পুব আকাশে মুচকি হেসে ওঠা সূর্যটার কন্ঠে
রাগ ভৈরবী শুনবো বলে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



