আমি হয়ত সেখানেই থামতে পারতাম। থামা হয় নি। সম্ভাবনার সংজ্ঞা আসলে নানাবিধ।
ছোটবেলায় যখন কাঁচা রাস্তায় ধূলি ঝড় তুলে স্কুলে যেতাম আমি , পিছু পিছু ধীর লয়ে ভিনদেশীও হ্যামিলিনের মতো একটা বাঁশী হাতে হাঁটতো। হুম, তাকে ভিনদেশী মনে হবার অনেক কারণ ছিল। প্রথমত তাকে হঠাৎ হঠাৎ দেখা যেত মোড়ের দোকানে চা খেতে কখনোবা ব্যস্ত ভঙ্গীতে মাথা নিচু করে হেঁটে যেতে রেললাইনের কাছ ঘেঁষে আপন মনে । মাঝে মাঝে পথে আমাকে দেখলে ফিক করে হেসে ফেলত, ভাবখানা এমন যে আমি তার কতদিনের চেনা ! শুধুমাত্র স্কুলে যাবার পথেই সে আরামদায়ক ভঙ্গীতে ধীর লয়ে হাঁটতো আমার পিছু , পাখির মত শিস দিতে দিতে ।
“ বাবু, পথে অনেক ছেলেধরা থাকে। ভয় লাগে না তোমার ?”
আমি তার কথা শুনে ছুটতে থাকতাম ভয়ে। হারিয়ে যাবার ভয়ে। পেছন থেকে ভেসে আসতো ভিনদেশীর শিসের মত হাসি । তার হাসিতে গহীনে থাকা কোনো নদীতে জ্যোৎস্নারাতের পাগলা বান ডেকে যেত। যদিও আমি সম্ভাবনার কথা বলছি। হয়ত বিজাতীয় ভাষায় সে বান মুক্তি কামনা করত চোরাবালির ফাঁক গলে। গাছ- লতার নিচে, নদীর বাঁকে কিংবা বাঁশঝাড়ে টি টি করে সুগন্ধী হাতড়ে বেড়াতো যেমন করে নিমখুন হওয়া কোনো সন্ধ্যাপাখি।
“ বাবু, পাখি নেবে ? সোনালী ডানার স্থির হয়ে থাকা কোনো পাখি ?”
গাঢ় ও প্রগাঢ় হতে হতে সোনালী রঙ পদ্মরাগে ঠিকরানো আগুন হলে পাখিটা হয়ত মধ্যসমুদ্রে যাবে। ভিনদেশীর হয়ত একটা গোপন জাদুঘর আছে। ধুলো পড়া স্তব্ধ অতীতের করিডোর। আছে উদ্বেগ বিষাদ-ভয়, একলা একা কাতরতা।
দিবা-স্বপ্নের গন্ধ পোড়ে,
ক্লান্তি পোড়ে,
গলে বরফগলা জল
“বাবু, গান শুনবে ? কবিতার মত গান ?”
ভিনদেশী কোন বাবুকে খুঁজে ফেরে রাত্রি এবং মৃত্যুতে কে জানে ? বাবুটি বয়সের ফ্রেমে আটকে গিয়েছিলো হয়তবা যার হৃদয়ে লটকে ছিল এক বাসনা কাঁটা। শান্ত নির্জন মাঠে থানার রাস্তা পার হবার পর অনেক চেষ্টায় যখন তুলে ফেলা হয়েছিল কাঁটাটি , সেখান থেকে তিনফোঁটা রেনুমাখা নীল ঝরে পড়লে আর কখনোই হৃদয়ের অস্তিত্ব পাওয়া যায়নি বাবুটির ।
জলের রং সবসময় নীলই হয় না। রংধনুর সব রং ও কখনোসখনো ভেসে ওঠে সেখানে যেমন করে আবছায়া শিলালিপির কী অপূর্ব জীবনব্যাপি ব্যাকুলতা সময়ের উল্টোপথে !
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



