আমি বিশ্বাস করতে পারছি না, খোদ একজন মন্ত্রী আমার সামনে বসে আছেন! ছোট্ট একটা ব্যাংকের ছোট্ট একটা কামরায় একজন জলজ্ব্যান্ত মন্ত্রী কোন নোটিস ছাড়াই চলে আসবেন, এটাকে একদমই স্বাভাবিক বলা যায় না। আমি এসির ঠান্ডা বাতাসেও দরদর করে ঘামছি।
এই মূহুর্তে কামরায় আছি আমরা চারজন। আমি- এই ব্যাংকের ম্যানেজার, আমার পিএ নাসরিন, বিশিষ্ট মন্ত্রী এবং তার একমাত্র বডিগার্ড।
আমি বুকে একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম-মি. মিনিস্টার স্যার, আমরা আপনার জন্য কি করতে পারি?
মন্ত্রী খুব ঠান্ডা চোখে তাকিয়ে বললেন,
-আপনি নিশ্চয় জানেন, আমি এদেশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী-মিনিস্টার পর্যন্ত সবার ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিচ্ছি এবং কে অসৎ পথে কত টাকা কামিয়েছে সেটা বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে সরকার যাতে কঠোর ব্যবস্থা নেয় সেটাও নিশ্চিত করেছি।
-জ্বী স্যার, খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা শুনেছি আপনার ব্যাপারে।
-সমস্যা হল, কয়েকজন বিশিষ্ট মন্ত্রী টাকা রেখেছেন আপনাদের ব্যাংকে। আমি আপনাদের নির্দেশ দিয়েছিলাম যাতে ঐ মন্ত্রীদের একাউন্টে কত টাকা আছে তার একটা হিসেব পাঠিয়ে দেওয়া হয় আমার অফিসে, আপনারা দেননি! কেন?
মন্ত্রী তার ভ্রু ভীষণ রকম কুঁচকে আমার দিকে তাকালেন। আমি নার্ভাস বোধ করছিলাম। কোন রকম কথাগুলো গুছিয়ে নিয়ে বললাম,
-মি. মিনিস্টার স্যার, এ বিষয়টা একটু জটিল। আমাদের ব্যাংকটা নিয়ন্ত্রণ করা হয় ইউরোপের একটা দেশ থেকে। সেখান থেকেই কিছু রুলস এন্ড রেগিউলেশনস নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের। যার মধ্যে অন্যতম হল- "ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য কারো কাছে প্রকাশ করা যাবে না।"
মন্ত্রী মাছি তাড়ানোর মত করে হাত নেড়ে বললেন,
-আই নোউ এবাউট ইওর ড্যাম রুলস! কিন্তু আপনি জানেন আমি কে? এ দেশে আমার কতটুকু ক্ষমতা? আমাকে সহযোগিতা না করার পরিণাম কি হতে পারে কোন ধারণা আছে আপনার?
ভয়ে গলা শুকিয়ে গেল আমার। তবুও জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে যতটুকু সম্ভব দৃঢ় স্বরে বললাম,
-দেখুন মি. মিনিস্টার স্যার, আমরা জানি আপনি একজন অসম্ভব রকমের ক্ষমতাধর মানুষ। কিন্তু আমরা অসহায়। আমরা কোন ভাবেই আমাদের রুলসের বাইরে যেতে পারি না। বারাক ওবামা কিংবা ভ্লদিমির পুতিনের কাছেও আমরা আমাদের ক্লায়েন্টদের তথ্য প্রকাশ করব না!
মন্ত্রী একটু ব্যঙ্গের হাসি হেসে বললেন,
-আই সি! সেক্ষেত্রে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংককে এদেশ থেকে উৎখাত করা হবে।
-ওয়েল স্যার, আপনি যদি একঘন্টার মধ্যেও আমাদের উৎখাত করেন, তাতেও আমাদের আপত্তি নেই। বাট উই আর নট এলাউড টু প্রোভাইড ইনফরমেইশনস, স্যার!
মন্ত্রীর চেহারা এবার বাঘের মত ভয়ংকর হয়ে উঠল! তিনি বললেন,
-দেখুন, আপনাদের দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবসা করছে। টেক্সটাইল, শিপিং লাইনস, ভেহিকলস.... সব ব্যবসা আমি বন্ধ করে দেব যদি আপনারা আমাকে ইনফরমেশন না দেন। আর এ জন্য আপনার দেশ কাকে একিউজ করবে জানেন? আপনাকে আর আপনার ব্যাংককে।
আমি ভয়ানক রকম অবাক হলাম!
-হোয়াট? স্যার,আপনি নিশ্চয়ই সত্যি সত্যি এটা করবেন না?
-অবশ্য করব, যদি আপনি আমাকে সাহায্য না করেন।
-ওকে স্যার। আপনি চাইলে আমাদের দেশের সকল ব্যবসা বন্ধ করে দিতে পারেন। তারপরও আমি আপনাকে আমাদের ক্লায়েন্ট সম্পর্কে কোন তথ্য দিতে পারব না, তাতে করে আমাদের দেশ আমাদের একিউজ-ই করুক কিংবা ইলেক্ট্রিক চেয়ারে বসাক। উই ডোন'ট কেয়ার।
মন্ত্রীর চেহারা স্পষ্ট প্রত্যাখানের অপমানে পাকা আপেলের মত লাল হয়ে গেল। তিনি টেবিলে জোরে থাবড়া মেরে বললেন,
-শেষবারের মত বলছি, আপনারা আমাকে তথ্য না দিলে আমি বাংলাদেশের এয়ারপোর্টে আপনাদের কোন ফ্লাইট ল্যান্ড করতে দেব না, আপনাদের দেশের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব...।
-স্যার, সেটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে না?
-হলে হবে। হু কেয়ারস?
-ঠিকাছে স্যার, আপনি চাইলে আমাদের দেশের সাথে যুদ্ধও ঘোষণা করতে পারেন। তবুও আমি আপনাকে কোন ধরণের তথ্য দিতে পারব না। আ রুল ইজ আ রুল!
মন্ত্রী কেমন যেন হতাশ হয়ে চেয়ারে ডুবে গেলেন। পরাস্ত কন্ঠে বললেন,
-তাহলে তো একটা উপায়ই আছে।
তিনি বডিগার্ডের দিকে ইশারা করলেন, বডিগার্ড সাথে সাথে একটা রিভলভার বের করে আমার মাথায় তাক করল।
-শেষবারের মত সুযোগ দিচ্ছি আপনাকে ম্যানেজার সাহেব। তথ্য দিন নতুবা জীবন।
আমি চোখ বন্ধ করে রইলাম।বললাম,
-আপনি আমাকে খুন করতে পারেন, তবুও আমি ক্লায়েন্টদের তথ্য দেব না আপনাকে।
রিভলভারের সেফটি ক্যাচ অফ করার শব্দ শুনলাম আমি। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। এখনি হয়ত ট্রিগার টিপে দেয়া হবে। মৃত্যুর হাতে নিজেকে সপে দেওয়ার জন্য সকল মানসিক প্রস্তুতি নিয়ে ফেললাম।
ট্রিগার টিপছে...টিপছে...টিপছে...এই তো, আমি শেষ!
এক সেকেন্ড!
দুই সেকেন্ড!
পাঁচ সেকেন্ড!
দশ সেকেন্ড!
কই কিছু হচ্ছে না কেন? ভয়ে ভয়ে চোখ খুললাম। দেখি মন্ত্রী সাহেব সব ক'টা দাঁত কেলিয়ে হাসছেন। হাসতে হাসতেই বললেন,
-আমি সন্তুষ্ট মি. ম্যানেজার। এবার বলুন তো,আপনাদের ব্যাংকে একাউন্ট খোলার প্রসিডিয়ার-টা কি?
(সমাপ্ত)
(বিঃদ্রঃ এই গল্পটি একটি ইংরেজি গল্প দ্বারা অনেকাংশে প্রভাবিত।)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



