ওবায়দুল কাদের সাহেব এখন একাই দুটি মন্ত্রণালয় সামলাচ্ছেন। দুটোই বেশ কঠিন এবং জটিল মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলতে আমি অফিসকে বোঝাচ্ছি না, কর্মক্ষেত্রকেই বোঝাচ্ছি। একটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, অন্যটি দেশের সড়ক ব্যবস্থা। দুটোই দীর্ঘদিন থেকে নানা কারণে বেশ নাজুক অবস্থায় ছিল, এখনো আছে। সেই অবস্থায় গেলো বছর রেল এবং যোগাযোগ মন্ত্রণালয়কে আলাদা করার মধ্য দিয়ে একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলা যেতে পারে। একই সঙ্গে দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন যোগ্য মন্ত্রীকে বসিয়েছিলেন। রেলওয়ের কালো বিড়াল ধরতে গিয়ে, নাকি অন্য কোনো কারণে প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত কুপোকাত হয়ে পড়লেন। তাকে বেশ অপ্রস্তুত অবস্থায় সরে দাঁড়াতে হলো রেল মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব থেকে। এতে রেলওয়েকে নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রী আস্থার অবস্থান থেকেই সম্ভবত যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে অতিরিক্ত রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে চাপিয়েছেন। গত কয়েক মাসের অভিজ্ঞতায় মনে হচ্ছে ওবায়দুল কাদের সাহেব তাতে ন্যুয়েও পড়েননি, ভেঙে যাওয়ার প্রশ্নই তাই আসেনি। তিনি বেশ করে চেষ্টা করছেন, দুটো মন্ত্রণালয়ের সীমাহীন কাজও সমস্যার মোকাবেলা করার চেষ্টা করছেন, কতোটা সফল হবেন তা কেবল ভবিষ্যতেই মূল্যায়ন করে বলা যাবে। তবে সকালের আকাশ দেখলে যেমনটি অনেকটা বোঝা যায় দিনের আবহাওয়া কেমন যেতে পারে, ওবায়দুল কাদের সাহেবের কর্মতৎপরতা দেখেও নৈর্ব্যক্তিকভাবে কোনো প্রকার আবেগ-উচ্ছ্বাস থেকে নয় বলা চলে যে তিনি তার কাজে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন, গতিশীলতা তৈরি করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।
যোগাযোগ এবং রেলওয়ে এমনই দুটো মন্ত্রণালয় যেগুলোর কার্যক্রম জনসম্মুখে, প্রতিদিন কোটি কোটি মানুষের চলাচলের অপরিহার্য এ দুটো মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত দপ্তরসমূহ। ফলে এ মন্ত্রণালয় দুটোর মন্ত্রীদের লোকচক্ষুর আড়ালে, সচিবালয়ে বসে ফাইল অনুমোদনের আয়েশী কাজে ব্যস্ত থাকলে চলে না। বাংলাদেশের বাস্তবতায় এমনই শব্দ উচ্চারণ করতে হচ্ছে। অন্যান্য মন্ত্রণালয় থেকে এ দুটো মন্ত্রণালয়ের পার্থক্য ও ভিন্নতা বোধ হয় এখানেই। অন্তত ওবায়দুল কাদেরের ছুটাছুটির কার্যকারিতা দেখে তেমনটিই বিশ্বাস করতে হচ্ছে। অবশ্য সুরঞ্জিত সেনগুপ্তও রেলওয়েতে যে কমাস ছিলেন তিনিও রেলওয়ের বাস্তব অবস্থা দেখতে, জানতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। ওবায়দুল কাদেরও একই ধাঁচে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের শুরু থেকে কাজ করছেন। ফলে এখন বাড়তি রেলওয়ের দায়িত্ব নেয়ার পর কাদের সাহেবকে সময় বেশি বেশি দিতে হচ্ছে, চাপ বেশি বেশি নিতে হচ্ছে। তিনি সেভাবেই ছুটে চলছেন।
এই ছুটাছুটি হাতেনাতে কিছু ভালো ফল এবার পাওয়াও গেছে। গত ঈদকে কেন্দ্র করে যে বাড়তি চাপ পড়েছিল রেল ব্যবস্থা এবং সড়কপথের ওপর তা বেশ উৎকণ্ঠারই বিষয়ই ছিল। এ বছর ছুটির দিন বেশি পড়ায় মানুষ আগের যে কোনো বছরের তুলনায় এবার অনেক বেশি গ্রামমুখী হয়ে পড়েছিল। ফলে শহর থেকে দল বেঁধে মানুষ এবার গ্রামে ছুটে গেছে ঈদের আনন্দ উপভোগ করতে। বাংলাদেশের মতো জনবহুল দেশে এভাবে ঈদ পার্বণে অতিমাত্রায় যাতায়াত হলে তা সামাল দেয়া মোটেও সহজ কাজ নয়। এ বছর বলতে দ্বিধা নেই মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব নেয়াসহ বাড়তি চাপ নেয়ার ফলে ঈদের ঘরমুখো মানুষদের বিদ্যমান রেল ও যোগাযোগ ব্যবস্থার মধ্যেও যাতায়াত করার ব্যবস্থা করা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে। যারা এ বছর গ্রামে ঈদ উপলক্ষে যাতায়াত করেছেন তাদের অভিজ্ঞতা হলো মন্ত্রীর অতিরিক্ত কর্মতৎপরতার ফলে দুটো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ বছর বেশ তৎপর ছিলেন। তারাও অনেক বেশি আন্তরিক ছিলেন। বিশেষত রেলওয়ের ওপর যে ধরনের নির্ভরশীলতা বেড়েছে তাতে বিদ্যমান সুযোগ-সুবিধা শুধু অপ্রতুলই নয়, বেশ ঝুঁকিপূর্ণও। রাজশাহীতে একটি ট্রেন দুর্ঘটনায় পড়ার পর শিডিউল বিপর্যয় ঘটার পর অনেকেরই ধারণা ছিল যে, এটি কাটিয়ে ওঠা হয়তো সম্ভব হবে না। কিন্তু শেষ পর্যন্ত দ্রুততার সঙ্গে সেই সংকট কাটিয়ে ওঠা গেছে। রাস্তাঘাটে মেরামত, সংস্কার, নির্মাণ ইত্যাদির পাশাপাশি পরিবহনের বাস্তব ও কৃত্রিম সংকট ইত্যাদি ছিলই। এ সবকে উৎরে ওঠা গেছে। এটি একটি বিরাট সাফল্য। আমাদের দেশে কিছু কিছু বিষয়ে পেরে না ওঠা নিয়ে গণমাধ্যমগুলো যেভাবে সমালোচনামুখর থাকে তা অনেক সময় সামগ্রিক কাজকেই বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্তও করে, সেই তুলনায় বড় বড় অর্জনগুলো নিয়ে সামান্যও ফিরে দেখা হয় না। ভাবখানা এমন যেন এটির তো এমনটিই হওয়ার কথাÑ তাই এ নিয়ে বলার আর কী আছে! এমন মনোচিন্তা জাতীয় জীবনে অগ্রগতির জন্য কতোটা সহায়ক তা ভাবার বিষয়। সে কারণেই আমি মনে করি, ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে এবং সড়ক পরিবহন ব্যবস্থা এ বছর যেভাবে সমস্যা মোকাবেলা করেছে স্মরণকালের বৃহত্তর বাড়তি চাপ অতিক্রম করেছে সেটিকে গুরুত্ব দেয়া, ভবিষ্যতে যেন এর চাইতেও ভালোভাবে ঘরমুখো চাপ মোকাবেলা করা যায় সেই সক্ষমতা অর্জন করা দরকার। শুধু ঈদ-পার্বণের চাপই নয়, নিত্যদিনের পরিবহনের সমস্যা, রাস্তাঘাটসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কাজটি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়াটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি আলোচ্য দুটো মন্ত্রণালয়ের ক্ষেত্রে অন্যমাত্রিকতা পাওয়ার দাবি রাখে। কেননা, এ দুটো মন্ত্রণালয়ের বৈশিষ্ট্যই আলাদা। সেইসব বৈশিষ্ট্য আমরা ইতোপূর্বে সেভাবে বিবেচনায় নেইনি, এখন মনে হচ্ছে আর সেভাবে বসে থাকার সুযোগ নেই।
বাংলাদেশের সড়ক ব্যবস্থা যে ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে তাতে একটি গুণগত পরিবর্তন আনা অতি অবশ্যই দরকার। এর কোনো অন্য সুযোগ নেই। তবে মনে রাখতে হবে এ ক্ষেত্রে বিপুল অর্থ লোপাট হয়, কাজ শতভাগের সামান্যই বাস্তবে ঘটে। সেই সামান্য অর্জনের ওপর মোটেও নির্ভর করা যায় না। সে কারণে রাস্তা নির্মাণ ও মেরামত নিয়ে দুর্নীতি, অনিয়ম, অবহেলা ইত্যাদিকে শূন্যের কোঠাগামী করার উদ্যোগ নিতেই হবে। এখনো বেশ কিছু জেলার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে আছে, অনেকগুলো নতুন করে অনুপযোগী হতে যাচ্ছে এসব রাস্তাঘাট, পুল ও কালভার্টের কাজ আগামী শীত ও গ্রীষ্ম মৌসুমেই শেষ করার যে পরিকল্পনা মাননীয় মন্ত্রী বলেছেন সেটি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও সেটিই করতে হবে। আমাদের ধারণা সরকারকে বর্তমান অর্থবছরে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল সংস্কারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দিতে হবে, নিতে হবে।
জনগণের মধ্যে সে রকমই মনোভাব বিরাজ করছে। সেটি বাস্তবে করা গেলে খাদ্য, শিক্ষা, প্রযুক্তি, বিদ্যুৎ, গ্যাস, পররাষ্ট্র, আইনশৃঙ্খলা ইত্যাদি খাতের সঙ্গে সড়ক, যোগাযোগ ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ দুটো খাতে সাফল্যের সংযুক্তি ঘটবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ রেলওয়ের জমি ও সম্পদ বেদখল হওয়া, এর লক্কড়-ঝক্কড় মার্কা ইঞ্জিন, বগি, অবকাঠামোতে নতুন করে প্রাণ ফিরে পাওয়ার মাধ্যমে দেশের যাতায়াত ব্যবস্থায় রেলওয়ের ভূমিকা উজ্জ্বল হবে, মানুষ সেবা পাবে, দেশের অর্থনীতি গতিশীল হবে এটিই প্রত্যাশিত। আমাদের দেশে কালো বিড়াল ও নেকড়ে বাঘেরা রেলওয়ে এবং পরিবহন সেক্টরে যুগ যুগ ধরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছিল। ব্যক্তিগতভাবে কেউ কেউ তাতে ব্যাপকভাবে লাভবান হয়েছে, কিন্তু জাতি তাতে সামগ্রিকভাবে পিছিয়ে গেছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান বিশ্বায়নের যুগে রেল ও সড়ক পরিবহনের মতো অতীব গুরুত্বপূর্ণ দুটো সেবাখাতকে এভাবে অবহেলা করে, মাফিয়াগোষ্ঠীর হাতে ছেড়ে দিয়ে কোনো দেশ উন্নতি করার কথা ভাবতেই পারে না। সব সম্ভবের বাংলাদেশে সেটিই সম্ভব ছিল সেই কলঙ্কজনক ইতিহাস ভুলে গেলে চলবে না। দুঃখজনক হলো, আমাদের গণমাধ্যম বলে খ্যাত প্রতিষ্ঠানগুলো এসব দিকে তেমন মনোযোগী বলে মনে হয় না। যখন বড় ধরনের কোনো ঘটনা, দুর্ঘটনা ঘটে তখনই কেবল কিছুদিন এ নিয়ে হুমড়ি খেয়ে পড়তে দেখি, এরপর যথারীতি ভুলে যাওয়া হয়। এভাবেই চলেছে দেশ, চলেছে সব। ফলে যা হবার তাই হয়েছে, হচ্ছে। আমরা আশা করছি, এ ক্ষেত্রে অন্তত এবার তেমনটি হবে না, ঘটবে না। রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব জনমনে যে প্রত্যাশার জন্ম দিয়েছেন তাকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবেন এমনটিই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে তিনিসহ দুটো মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ-পার্বণের মতোই অতিরিক্ত মনোযোগ, দায়িত্ব ও গুরুত্ব দিয়ে সামনের মৌসুমটিকে কাজে লাগাতে হবে। তবেই প্রত্যাশিত সড়কে রেল এবং যোগাযোগ ব্যবস্থা উঠতে সক্ষম হবে। আমরা এ দুটো মন্ত্রণালয়ের কাছে তেমনটিই আশা করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



