একটি জাতীয় দৈনিকে ‘জঙ্গি আতঙ্কে জামায়াত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, জামাত নেতারা মনে করছেন, সরকার তাদের ভাবমর্যাদা ক্ষুণœ করতে জেএমবিসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে। যে কারণে জেএমবির বোমা হামলার সঙ্গে জামাতকে জড়িত করা হয়েছে। একই সংবাদে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো জামাতের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করা হয়েছে। ৫ শীর্ষনেতার গ্রেপ্তার ও সরকারের যুদ্ধাপরাধের বিচার আয়োজনের প্রেক্ষাপটে জামাত কোন পথে এগোচ্ছে- তা পর্যবেক্ষণে রেখেছে দূতাবাসগুলো। সংবাদটি প্রকাশের আগে চলতি মাসের প্রথম সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এদেশ সফরে এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানের প্রশংসা করে গেছেন। এমন সময় জামাত নেতাদের টেনশন ও বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ অবশ্যই আমাদের পূর্বের অনেক ঘটনা স্মরণ করিয়ে দেয়; আর সে সব জঙ্গি ও সন্ত্রাসী ঘটনার সঙ্গে জামাত-শিবিরের সংশ্লিষ্টতা অনেক আগেই প্রমাণিত।
দৈনিক দ্য স্টেটসম্যান’ পত্রিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের রাজ্য গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়, বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হুজি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়তে ‘ভারতীয় সংখ্যালঘু তরুণীরা(মুসলিম) অস্ত্র প্রশিক্ষণ নেবে বাংলাদেশে’। সূত্রমতে, এ রিপোর্ট বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সরকারের শীর্ষ পর্যায়েও তোলপাড় সৃষ্টি হয়। এতে জঙ্গিবাদের সঙ্গে জামাতের সম্পর্ক স্পষ্ট হয়ে ওঠে। তবে জামাত-শিবির শীর্ষনেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করলেও জোরালো কোনও প্রতিবাদ করতে পারেনি। এমনকি জামাতের সব জেলা ও উপজেলা কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে সক্ষম হয়নি। কিন্তু শিবির ১১৭টি সাংগঠনিক শাখার মধ্যে প্রায় সবকটি শাখায় শক্তভাবে বিক্ষোভ করেছে। এই সংকটে জামাতের বর্তমান নেতৃত্ব দলের অনুগত ছাত্রশক্তি ছাত্রশিবিরের ওপর ভরসা করেই সরকারকে পর্যুদস্ত করার স্বপ্ন দেখছে তারা। উপরন্তু তাদের যে জনশক্তি আছে, ইচ্ছা করলে দেশ অচল করে দিতে পারে বলে শিবির সভাপতি সংবাদপত্রকে জানিয়েছে। শেষ পর্যন্ত তারা আল্লাহর ওপর ভরসা করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যে পাকিস্তানবাদী প্রতিক্রিয়াশীল রাজনীতির তৎপরতা শুরু হয়েছিল তারই অনিবার্য ফল হচ্ছে জামাত-শিবিরের উত্থান। পরবর্তীকালে রাষ্ট্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মৌলবাদী রাজনৈতিক সংগঠনের অপরাজনীতি শেকড় গেড়ে বসে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর জেনারেল জিয়া ১৯৭৬ সালে জামাত-শিবিরের রাজনীতি উন্মুক্ত করতে ধর্মভিত্তিক রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন(বিশেষ অধ্যাদেশ ০৪ মে ১৯৭৬ এবং বাংলাদেশ সংবিধান, ৫ম সংশোধনী, ২২ এপ্রিল ১৯৭৭)। সে অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতাপূর্ব জামাতের রাজনীতি শুরু হয় এবং ইসলামী ছাত্র সংঘের কতিপয় নেতা ৪ ফেব্র“য়ারি ১৯৭৭ সালে ঢাকায় সমবেত হয়ে পরিবর্তিত নাম ‘ইসলামী ছাত্র শিবির’ ধারণ করে নতুনভাবে কর্মকাণ্ড শুরু করে। এদের মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তালেবান শাসনের মতো বাংলাদেশকে পরিচালনা করে। এলক্ষ্যে শিবির দেশের ছাত্র ও যুব সমাজের মধ্যে গভীরভাবে প্রবেশের পরিকল্পনা করে। ১৯৮০-এর দশকে আফগান-সোভিয়েত যুদ্ধে আমেরিকা ও পাকিস্তান আফগানিস্তানকে সহায়তা করে। এই যুদ্ধে আফগানিস্তানের পক্ষে শিবিরের সদস্যসহ বেশ কিছু বাংলাদেশী যুদ্ধে অংশগ্রহণ করে। এরা পাকিস্তানে অঅইএসআই-এর অধীনে এবং আফগানিস্তানে তালেবানদের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে এদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশী প্যালেস্টাইন ও চেচনিয়া যুদ্ধেও অংশগ্রহণ করে। এরা প্রায় সকলেই বাংলাদেশে ফিরে আসে। এসব যুদ্ধ ফেরত সদস্যরাই পরবতৃীতে বাংলাদেশে আইএসআই/তালেবান ও আল-কায়দার স্থানীয় সদস্য হিসেবে এদেশে আইএসআই/এলইটির(লস্কর-ই-তৈয়বা) এজেন্ট হিসেবে কাজ শুরু করে। এভাবে আশির দশকের পর জামাতসহ মৌলবাদী সংগঠন ও তালেবানপন্থী গোষ্ঠী সংগঠিত হয়ে রাজনীতির আড়ালে ও ইসলামের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বাংলাদেশকে মৌলবাদী ও তালেবান রাষ্ট্র বানানোর একই অভীষ্ট লক্ষ্যে কাজ শুরু করে। ১৯৯১-এ জামাতের সমর্থনসহ বিএনপি ক্ষমতা গ্রহণ করার পর ১৯৯২ সালে জামাতের সহযোগিতায় ইসলামী জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ’ আত্মপ্রকাশ করে প্রকাশ্যে জিহাদের ঘোষণা দেয়। পরবর্তীতে কথিত জিহাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন চালুর অভিন্ন আদর্শে জামাত ও ইসলামী জঙ্গি সংগঠনসমূহ একে অপরের পরিপূরক হিসেবে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় তাদের কার্যক্রম গোপনে চলতে থাকে ১৯৯৬-২০০১ পর্যন্ত শেখ হাসিনার শাসনামলেও। কিন্তু বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পরে ২০০৬ পর্যন্ত সারা দেশ জুড়ে জঙ্গিবাদের বিস্ময়কর উত্থান বিশ্ববাসীকে হতবাক করে দেয়। কারণ জোট প্রশাসন জঙ্গিদের প্রত্যক্ষ সুযোগ-সুবিধা দিয়েছিল। ২০০৪ সালে সারা দেশ ব্যাপী বোমা বিস্ফোরণের কথা আমরা ভুলিনি। সে সময় বিদেশি পত্রিকা থেকে আমরা জেনেছিলাম লাদেন এদেশে এসেছিল। ২০/৯/০৪ তারিখে ‘যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক একটি দৈনিকে ছাত্র শিবিরের সঙ্গে আল কায়দা বা হামাসের সম্পর্ক খতিয়ে দেখার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। আজকের কাগজে’র এই সংবাদটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকমণ্ডলীর মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। জঙ্গিরা যে অধিকাংশই জামাতের সদস্য সে পরিচয় স্পষ্ট পাওয়া যায় তখন থেকেই। শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার কথা এ সূত্রে মনে রাখা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ২৯ মার্চ ২০০৭ সালে যে শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর করে তাদের সকলেরই জামাত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়। শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই অতীতে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১৫ জুন ২০০৭ সালে দৈনিক পত্রিকা থেকে জানা যায়, গ্রেফতারকৃত কয়েকজন জেএমবি সদস্য অতীতে জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় গ্রেফতারকৃত হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান তার ১৬৪ ধারায় জবানবন্দীতে হামলার সাথে জড়িত থাকার বিষয়ে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, লুৎফজ্জামান বাবর এবং ইসলামী ঐক্য জোট নেতা মুফতী শহিদুল ইসলামের জড়িত থাকার কথা স্বীকার করে। ‘ইসলামী সমাজ’, ‘আল্লাহর দল’ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। জামাতে ইসলামে একাংশ বের হয়ে তৈরি হয়েছিল ‘ইসলামী সমাজ’ আর ‘আল্লাহর দলে’র প্রতিষ্ঠাতা ছিল ছাত্রশিবিরের কর্মী। ২০০০ থেকে ২০১০ এর শুরুতে(৯বছরে) সারাদেশে ছাত্র শিবির ১০০ হিংসাত্মক ঘটনায় খুন করেছে ৫০জনকে। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রাম শহরে শিবিরের হামলায় এক ছাত্রলীগ নেতা ও সাতকর্মীসহ ৯জন মারা যায়। (কালের কণ্ঠ, ১০/২/১০) এসব খুনের ঘটনায় কারো কোন শাস্তি হয় নি। ফলে ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পথ চলা শুরু হলে তারা সুযোগ খুঁজতে থাকে হিংসাত্মক ঘটনা সংঘটিত করার জন্য। আর শীর্ষ নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী হিসেবে বিচারের সম্মুখীন হওয়ায় প্রতিশোধ গ্রহণের জন্য ভিন্ন পন্থার সন্ধানে চলতে থাকে জামাত-শিবির। তারা এখন ‘হিযবুত তাহরীর উল্লাই’য়াহ বাংলাদেশ’, ‘হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ’(হুজি)সহ আরও অনেক জঙ্গি সংগঠনকে তাদের পতাকাতলে একত্রিত করেছে। আর কর্মী সংখ্যা বৃদ্ধি লক্ষ্যে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মগজ ধোলাই করার জন্য ধর্মভিত্তিক বিচিত্র কর্মসূচি নিয়েছে। এর মধ্যে অন্যতম কর্মসূচি হলো বর্তমান সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো; ধর্মের নামে ভুুল শিক্ষা দিয়ে সশস্ত্র কর্মকাণ্ডে উদ্দীপনা জাগানো।
গত বছর আমার ইমেলে একটি সংবাদ পাই; সংবাদটি ছিল এরকম, ‘আগামী ২৩শে মার্চ ২০১১ সাউথইস্ট ইউনিভার্সিটিতে জঙ্গিবাদ নির্মূল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে, এই ইউনিভার্সিটির ভেতরেই জঙ্গি মদদদাতা বিরাজ করছে প্রবল দাপটের সাথে। গোপনসূত্রে জানা গেছে, আর্টস ও সোস্যাল সায়েন্সের ডীন মোঃ আবদুল বাতেন মিয়া প্রখ্যাত যুদ্ধাপরাধী ও সিনিয়র জামাতনেতা অধ্যাপক গোলাম আজমের আশীর্বাদপুষ্ট। তিনি জামাত সমর্থিত জঙ্গিবাদ লালনের জন্য গোপনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। জামাতনেতাদের এবং যুদ্ধাপরাধের অভিযোগে জড়িত ব্যক্তিদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে জানা যায়। জামাতে ইসলামের সহযোগিতায় এবং বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ কায়েমের জন্য বাতেন মিয়া একসময় গাদ্দাফীর লিবিয়া থেকে অনেক টাকাপয়সা নিয়ে আসে। উত্তরায় বিলাসবহুল বাড়ি নির্মাণসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক এই জঙ্গি মদদদানকারী বাতেন সাদাসিধাভাবে চলাফেরা করে যেন কেউ কিছু বুঝতে না পারে। কোটি কোটি টাকার মালিক হয়েও গরিবানা হালে চলাফেরা করেন যেন তার দিকে কেউ দৃষ্টি না দেয়। এদিকে উত্তরাসহ সারাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য বাতেন কাজ করছেন গোপনে।’ ১৫ মে জনকণ্ঠে ‘জঙ্গী সংগঠনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক’ শিরোনামের কলামে আমি সাউথইস্ট-এর মতো আরো অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কর্মী ও সমর্থকদের তৎপরতার কথা তুলে ধরেছি। গত বছর(২০১১) ১৫ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে উদ্বেগজনক সংবাদ। ‘দু’ডজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নির্দেশে চলছে হিজবুত তাহরীর’ এই শিরোনামে খবরে বলা হয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৪ জন শিক্ষকের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় পরিচালিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর। জঙ্গি দমন সংক্রান্ত একটি গোয়েন্দা সংস্থা আরও বলেছে রাজধানীর প্রায় ৯৫টি ফ্ল্যাট ও বাড়িতে বর্তমানে সংগঠনের ৯০ জন মহিলাসহ এক হাজারের বেশি সদস্য অবস্থান করছে। হিজবুত তাহরীর নিজস্ব হাসপাতাল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, পরিবহন ও কোচিং সেন্টারও রয়েছে। আন্তরিক আচরণ ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়ে তরুণ-তরুণীদের সহজে তাদের পথে আকৃষ্ট করছে সংগঠনটির কর্মীরা।’ জামায়াত-শিবিরের কোচিং ব্যবসা থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে হিজবুতের আশ্চর্যরকম মিল রয়েছে। এ উভয় সংগঠনের রয়েছে আন্তর্জাতিক নেটওয়ার্ক। আল-কায়দা, লস্কর-ই-তৈয়বা, ইন্টারন্যাশনাল ইসলামিক ফ্রন্টসহ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জামাত-শিবিরের সম্পর্ক বহুদিনের। পৃথিবীব্যাপি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলো এদেশকে একটি নিরাপদ চারণভূমি মনে করে। কারণ জামাত-শিবিরসহ অনেক জঙ্গি সংগঠন তাদের পক্ষে রয়েছে।
তবে যুদ্ধাপরাধীদের বিচার না হলে জামাত-শিবিরের জঙ্গি তৎপরতা আরও বৃদ্ধি পাবে। কারণ যুদ্ধকালীন সংগঠিত মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ত থাকাটা স্বাভাবিক এ ধরনের অপতৎপরতার সঙ্গে। এজন্য বর্তমান সরকারের জঙ্গি বিরোধী তৎপরতার প্রচেষ্টাও প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জঙ্গিবাদ নির্মূল ও যুদ্ধাপরাধীদের বিচার জরুরি। কারণ ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হবে ঐসব দেশবিরোধী ও মানবতাবিরোধী শত্র“ শেষ হওয়ার মধ্য দিয়ে। স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসররা দিশেহারা হয়ে নিজেদের বাঁচানোর জন্য দেশে অরাজকতাসহ অস্থির অবস্থা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ভয়ঙ্কর দৃষ্টান্ত দেখা গেছে গত বছর ১৯ সেপ্টেম্বর ও ১৮ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের তাণ্ডবে। গোলাম আযমকে গ্রেফতারের পরে ১২ জানুয়ারি(২০১২) ঢাকায় ছাত্রশিবিরসহ জঙ্গিগোষ্ঠীর ঝটিকা আক্রমণ ও পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ভাবনার বিষয়ে পরিণত হয়েছে।
ধর্মীয় জঙ্গিবাদ পাকাপোক্তভাবে খুঁটি গেড়ে বসেছে দেশের মাটিতে। কারণ ২০০১ সালে জোট সরকারের আমলে ৭১-এর রাজাকার-আলবদরদেরকে মন্ত্রিপরিষদ ও সংসদে আসন পেতে সাহায্য করেছিল বিএনপি। পাকিস্তানপ্রেমী গণধিক্কৃত যুদ্ধাপরাধীরা রাষ্ট্রপরিচালনায় অংশ নিয়ে ভিত আরও শক্ত করে নিয়েছে। তারা কেউ কেউ আবার আত্মস্বীকৃতিতে ১৯৭১-এ তাদের কর্মকাণ্ড প্রচার করেছিল। জঙ্গিদের জন্য জামাতের পক্ষ থেকে মাসিক নির্ধারিত বরাদ্দ প্রায় ২ কোটি টাকা। জামাতের বরাদ্দ করা অর্থ নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫০ হাজার সদস্যকে জনপ্রতি ৪শ টাকা করে দেয়া হয়। যুদ্ধাপরাধীর বিচার শুরু হওয়ার পর থেকে জেএমবির জন্য বরাদ্দ করা হয় এই অর্থ। গোয়েন্দা সংস্থার কাছে জামাতের সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য ও জেএমবি আমির মুফতি মাওলানা সাইদুর রহমানের দেয়া জবানবন্দিতে জানা যায় এসব তথ্য। জেএমবি জঙ্গি সংগঠনের দলীয় তহবিল, কর্মী কল্যাণ তহবিল ও জরুরি পরিস্থিতি মোকাবেলা তহবিল নামে তিন স্তরে অর্থ বরাদ্দ দিয়ে থাকে জামাত। তবে বিশেষ পরিস্থিতিতেও বিশেষ বরাদ্দ তহবিল রয়েছে জামাতের। বর্তমান সরকার ক্ষমতা লাভের পর যুদ্ধাপরাধীদের বিচার বানচালে মাঠে থাকার শর্তে সম্প্রতি জেএমবির জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছিল জামাত। সরকারের সকল পর্যায় থেকে বলা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ব্যর্থ সেনা অভ্যুত্থানের মতো অনেক ঘটনাই ঘটতে পারে। কারণ জামাত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরে বিডিআর সদর দপ্তরে রোমহর্ষক ঘটনা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেয়ার নামে জঙ্গি হামলা, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সব কিছু একইসূত্রে গাঁথা। এখন সব জঙ্গি কর্মকাণ্ডের গডফাদাররা জামাতের হাতে। জামায়াত-শিবিরের ক্যাডারভিত্তিক পলিটিক্সকে মোকাবেলা করার জন্য আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের সহায়তা প্রয়োজন। জামায়াত-শিবিরকে ভয় পাওয়ার কিছু নেই। তাদের অপতৎপরতা বন্ধের জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। বাংলাদেশের মাটিতে এই প্রতিক্রিয়াশীল মৌলবাদীদের স্থান হবে না। তাদের শেকড় যতো গভীরে থাকুক আমরা তা উৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



