দেখতে দেখতে আরেকটা বছর শেষ হয়ে গেলো। চলে এলো নতুন বছর। নতুন বছরের শুরুতেই আমার সকল ব্লগার ভাই ও বোনদের জানাই নতুন বছরের প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
২০১২ আমার জন্য ঘটনাবহুল একটা বছর ছিল। এ বছর অনেক পাওয়া না পাওয়ার মাঝে জীবনের সবচাইতে বড় উপহার ছিল আমার জীবনসঙ্গী। যার সাথে আমার জীবনের গল্প শুরু হল। বছরের শেষে এত বড় উপহার পাবো তা ভাবি নি কখনো। তবে মহান আল্লাহ্ এর কাছে অশেষ ধন্যবাদ যে তিনি আমাকে এত সুন্দর উপহার দিয়েছেন।
ছোটবেলা থেকেই দেখে এসেছিলাম মানুষ বছরের শেষ দিন পুরাতন কে বিদায় আর নতুন বছর কে স্বাগত জানাতে অনেক আয়োজন করে, পার্টি করে, ঘুরতে বের হয়, লং ড্রাইভ এ যায় আরও কত কি!! এসব ই ছিল স্বপ্নের মত আমার কাছে। এত বড় হয়েছি প্রতি বছর রাতে ঘুমিয়ে আর টেলিভিশন দেখে। এর মাঝেই সীমাবদ্ধ ছিল সবকিছু।
বিয়ের পর এটাই ছিল আমার প্রথম নববর্ষ উদযাপন। বরাবরের মত এবারো ভেবেছিলাম ঘরে বসেই কেটে যাবে রাত। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার সারাজীবনের সুপ্ত ইচ্ছা পূর্ণ করে দিলো আমার স্বামী। কাল রাত ছিল আমার কাছে স্বপ্নের মত। মাঝরাতে ঢাকার রাস্তায় গাড়ী নিয়ে ঘোরাঘুরি করা আমার কাছে নেহায়েত স্বপ্নের মত। স্বপ্ন সত্যি হলে যে খুশি টা অনুভূত হয় তা অনেক সময় কেন যেন ভাষায় প্রকাশ করা যায় না। কাল যখন রাতের ঢাকা দেখলাম মাঝরাত পর্যন্ত তখন অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে ছিল আমাকে। ভালোলাগার ঘোর টা কাটাতে ইচ্ছে হচ্ছিলো না বলেই হয়তো চুপ করে ছিলাম। মাঝে মাঝে কিছু অনুভূতি চুপ থেকেই অনুভব করা যায় হয়তো।
অনেক আগে গান শুনেছিলাম” জীবনের গল্প,আছে বাকি অল্প” কিন্তু কাল মনে হল নাহ!! জীবনের গল্প, শুরু হল এইতো...... কাল নতুন বছরের ভেতর দিয়ে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। এখান থেকেই পথ চলা শুরু। এখনো বহু পথ চলা বাকি তার সাথে, এখনো বহু কথা বাকি আছে বলার। শেষ বলে কিছু নেই, যেখানে ধরেছি হাত সেখান থেকেই শুরু।
স্বপ্ন পূরণের দিন শুরু, স্বপ্ন বুননের দিন শুরু। তোমার পাশে থেকেই দেখে যেতে চাই স্বপ্ন, তোমার সাথেই পূর্ণ করতে চাই সকল স্বপ্ন। তোমার সাথে যতই থাকছি ততই তোমার প্রেমে পরে যাচ্ছি। খুব কম মানুষ ই পারে বিয়ের পরে প্রেমে পড়তে। আমি পেরেছি, এটা ভাবতেই ভালো লাগে।
আজন্ম সুপ্ত বাসনা পূর্ণ করার জন্য কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো জানা নেই আমার। শুধু জানি, আমাদের জীবনের গল্প, শুরু হল এইতো...... এখন শুধু সামনে এগিয়ে যাবার দিন, একসাথে নতুন নতুন গল্প লেখার দিন। পাশে থেকো সবসময়। বেশী কিছু চাই না আমি, শুধু নির্ভরতার একটা হাত, আর একটু ভালোবাসা......।।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




