হাতের মাঝে পড়ে থাকা দুটি পোকার দিকে তাকিয়ে ভাবছে রিয়াম, আজ নিশ্চয়ই বৃষ্টি হবে। বৃষ্টির আলামত দেখা দিলেই এই পোকাগুলোর ছুটোছুটি বেড়ে যায়, ছুটতে ছুটতে কখনো উঠে যায় অনেক উপরে। ভাসতে থাকে শক্তির সর্বশেষ দিয়ে আকাশের কাছাকাছি। শক্তি শেষ হতে নিথর হয়ে পড়ে, মারা যায় ঠিক সেই মুহূর্তে। ভাসতে ভাসতে নেমে আসে ধীরে। বৃষ্টির ঠিক আগ দিয়ে ঝরে পড়ে শত শত, আকাশ থেকে, কার্ণিশ থেকে। বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যায় তাদের মৃতদেহ গুলো, কোথায় কে জানে!
আকাশের দিকে বড় বড় চোখ মেলে তাকায় রিয়াম, নাহ! কোন মেঘের দেখা পায় না। পোকাগুলো তাহলে মরলো ক্যানো? কারণ খুজে পায় না রিয়াম। "আচ্ছা এগুলোর নাম কি?" ভাবে সে। অদ্ভুত হলুদ-কালো কায়ের রঙ, বড় বড় ডানা, চারটি হাত পা।পোকাগুলো হাতে নিয়ে মায়ের কাছে ছোটে।
- মা মা, ওমা!
-কি? মা তখন শুটকি রান্না করছিলেন। রিয়ামের বাবা খিচুড়ি দিয়ে শুটকি রান্না খুব খেতে ভালো বাসে।
- এই পোকাগুলোর নাম কি? রিয়াম হাত বাড়িয়ে দেয় মায়ের দিকে, চোখে কৌতুহলী দৃষ্টি।
- এই! এই সবপোকা তুই হাতে নিয়ে ঘুরছিস ক্যানো? খেপে যায় মা, হাত থেকে পোকাগুলো কেড়ে নিয়ে ফেলে দেন।
- কি না কি সব অজানা পোকা! অসুখ করে যদি! ধমক খেয়ে রিয়ামের মুখ কালো হয়ে যায়। মন খারাপ হলে সে চশমা খুলে ফেলে, সামনে সবকিছু ঘোলা ঘোলা লাগে, অদ্ভুত এক পৃথিবী! কোন নির্দিষ্ট আকার নেই, আছে শুধু রঙের কম্পোজিশন! সে চশমা খুলে ফেলতে যায়। মা বুঝে ফেলেন রিয়ামের মন খারাপ হয়েছে, কাছে টেনে নেন ওকে। আঁচলের প্রান্ত দিয়ে মুছিয়ে দেন কপাল আর নাকের নিচের বিন্দু বিন্দু ঘাম। হাতদিয়ে ঠিক করে দেন এলোমেলো চুলগুলো। বুকের ভেতর টেনে নিয়ে একটু আদর করে দেন।
- পাগল ছেলে আমার, দেখোতো; রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে!
- না মা, আমি তো ফর্সা! সবাই বলে আমি কতো ফর্সা! হাসেন মা, বলেন
- ঠিকি তো! আমার রিয়াম কত্তো ফর্সা!
বুকের ভেতর একটু কষ্ট অনুভব করলেন কি! রিয়ামের একটা অসুখ আছে, সে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে অনেক, কেউ কোন রোগ ধরতে পারেনি। তার বাবার অনেক টাকা, কিন্তু সেই টাকা পারছেনা রিয়ামকে ধরে রাখতে। কিছু না করতে পেরে ডাক্তার তাদের বলেন স্বাস্থ্যকর কোথাও গিয়ে থাকতে। চট্টগ্রামের একটি পাহাড়ে বাড়ী কিনেছে রিয়ামের বাবা, সেইখানেই আছে তারা বছর খানেক হলো। এখানে আসার পর রিয়ামের স্বাস্থ্যের উন্নতি না হোক, অবনতি হচ্ছে না। তাই তারা এখানেই আছেন। রিয়ামের বাবা মাসে দুইবার ঢাকায় যায়, ব্যাবসার কাগজ পত্র দেখে আবার চলে আসে। ছেলে বলতে পাগল রিয়ামের বাবা। তবে বাইরে বুঝতে দেন না।
*******
দৌড়ুচ্ছে রিয়াম, খুব জোরে। খেলতে খেলতে পাহাড়ের পাশে একটা বনে ঢুকে পড়েছিলো। বনে ঢোকার পর থেকেই তার ভয় লাগছে। মনে হচ্ছে কেউ তাকে অনুসরন করছে। শুকনো পাতার খচ মচ শব্দে পিছু নিয়েছে তার। রিয়ামের মনে হচ্ছে সে নিশ্বাস নিতে পারছে না। সে যতো জোরেই দৌড়াক, মানুষটি আসছে তার পিছন পিছন। হাঁপিয়ে গেছে সে। পিছন দিকে বার বার তাকাচ্ছে, পথ হারিয়ে ফেলেছে রিয়াম। হঠাৎ সামনে তাকিয়ে দেখে একটা গাছ, থামার সুযোগ পেলোনা, গিয়া দড়াম করে বাড়ি খেলো গাছের সাথে! মাআআআআআ!
চিৎকার দিয়ে উঠে বসেছে রিয়াম বিছানায়, হাঁপাচ্ছে! আধা নীল অন্ধকারে দেখতে পাচ্ছে না কিছুই! কে য্যানো দৌড়ে এলো ঘরে, রিয়ামের দুই কাঁধে হাত দিয়ে ঝাকাচ্ছে,
- এই রিয়াম, এই! কি হয়েছে তোর? ভয় পেয়েছিস?
রিয়াম হাতড়ে হাতড়ে চশমাটা খুঁজে, টের পেয়ে মা হাতে তুলে দেন চশমা। আস্তে আস্তে সবকিছুর অবয়ব ফিরে আসছে।
- মা, পানি খাবো। রিয়াম ফিস ফিস করে বলে। বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাস তুলে দেয় মা তার হাতে। পানি খেয়ে ধাতস্ত হয় রিয়াম।
(আজ এতোটুকুই। বাকিটুকু পরে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



