আমি যেদিন টুম্পার ফ্রেন্ড হইলাম, সেইদিন গিন্নীর রান্নাতে ক্যানো জানি লবন বেশি হইছে বইলা কিঞ্চিত বিবাদ হইলো। আসলে ব্যাপারটা এমন না যে উনার রান্নায় লবন বা হলুদ বা মশলা কম বেশি হয়না। মুখ বুজে সয়ে যাই প্রায় দিনই, কদাচিৎ মুখ ফসকে বলে ফেললে সেদিন বিকেলের নাস্তার বাজেটের ওপর বোমা হামলা হয়। এই ধরেন গিয়া, দই ফুচকা মাইরা শওকতের কাবাব ঘর ঘুইরা আইসক্রীম চাটতে চাটতে চানাচুরের প্যাকেট টি বগলদাবা করিয়া উনি যখন গৃহমুখী হন, তখন আমার পর দিন হাইটা দশনাম্বার ও লোকালে ঝুইলা অফিস যাইতে হয়। আমার উনি বড়ই কৃচ্ছসাধন করেন, তয় সেইডা খালি আমার হাতখরচের বেলা।
দ্যাখো দেখি! টুম্পার কথা বলতে গিয়া গিন্নীর আঁচল ধইরা টানাটানি লাগাইছি। অবশ্য বাপ-মা থাকিতেও নাই, এই জমানায় গিন্নীর আঁচলই ভরসা! তা সে আঁচল ঝাড়লেও আমার পকেট মারা দু,চার দশ হাজার ঝরিয়া পড়ে বইকি। মাসের শেষে তাই আঁচল ঝেড়েই দিন গুজরান। গরীবের মাস কাবার হয়, বড়লোকের ও হয়, গেরস্তেরই মাস কাবার হয় না। ঠাঁট বাট বজাইয়া রাখতে গিয়া, শালাবাবুর মুখ সদাউজ্জল দেখিতে গিয়া, শ্যালিকার ননদিনীর ফুপাতো শ্বশুরের জামাইয়ের মেয়ের বিয়াতে নেমন্তন্ন রক্ষা করিতে গিয়া, কিংবা উনার স্যান্ডেল কেনার মাসিক বাতিকে পড়িয়াই হোক, ফর্টনাইটলি হাজার দুয়েক টাকা আমার ধার কর্জ করিতে হয় বইকি! তা ধার কে না করে? ধার করিয়াই তো লোকে বড়লোক হয় হে! আশেপাশের চ্যানেল মালিক হতে সাধু-দরবেশের দিকে নেত্রপাত করিয়া দেখো, কর্জ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
ধ্যাত্তেরি! টুম্পার কথা বলিতেছিলাম। আহা! কি হাসি। যেন পূর্ণিমার ভরা শশী। বাটীর সাততলায় বসবাস করিলে যেমন ট্যাংকির পানি আধাঘন্টা পার হইবার পূর্বেই ফোঁটায় ফোঁটায় জলাধারে রসদ্গোম করে, তেমনি উহাকে দেখিলে ফোঁটায় ফোঁটায়... এ্যা ছি ছি, কি বলিতে কি বলিয়া ফেলিয়াছি। আপনারা মার্জনা করিবেন। তা মার্জনা করিতে তেমন কষ্ট হয় না, সেটা গিন্নীকে দেখলেই বুঝি। বাজার হইতে পুঁটিমাছ কিনিয়া বাসা দ্রষ্টিবার মুহূর্ত হতে উনার পদচরন টিপিয়া পঁচা মাছ কিনিবার জন্য মার্জনা প্রায়ই তো পাইয়া থাকি, তা এ আর নতুন কি? নচ্ছার মাছওয়ালা গুলোও তেমনি। বাজারে যে মাছ লৌহদন্ডের ন্যায় শক্ত বলিয়া ভ্রম হয়, সাততলায় উঠিতে উঠিতে উহা বুঝি ঘাম দিয়ে জ্বর ছুটাইবার মতোই একেবারে কাঁঠালপক্ক রূপ ধারণ করিবে, তা এহেন নাদান কিরূপে বুঝিবে? তাই পদচরনেই সঁপি সকল বাজার করিবার ব্যর্থ অপচেষ্টাগুলি। মধ্যেপ্রাচ্যে শান্তি না আসিলেও, মধ্যপ্রদেশে বরফ না পড়িলেও, উদরমধ্য ছুঁচোর কেত্তন তো থামাইতে হবে! কলিকালে বুঝি স্ত্রীর চরন তলেই স্বামীর ভেস্ত!
গিন্নী ঠিকই বলে, আমি বুঝি বেশি কথা বলি। কি বলিতে গিয়া কি বলি তার কোন ইস্ট-ওয়েস্ট নাই! বলতে এলাম টুম্পার কথা, তার উষ্ণ-কোমল হাতের কথা, তার বোনের বাচ্চাটার কথা, ভরিয়ে গেলাম কিনা গিন্নী আর আমার একান্ত মধ্যবিত্ততা দিয়ে। বাঙ্গালীর জীবনে এর বেশি আর কি আছে বলেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



