এখন সবাই যাচ্ছে সাদা হবে বলে
এজন্য অবশ্য সকাল হতে প্রস্তুত হচ্ছে কেউ
চুল ছেঁটে, নখ কেটে, পান্জাবির সফেদ ভাঁজে নিজেকে জড়িয়ে
ধীর পায়ে এগিয়ে চলে সাদা হবার অভিপ্রায়ে ।
কেউ কেউ লৌকিক ব্যস্ততার মাঝে অল্প সময়ে
শরীর ধু্য়ে লুটিয়ে পড়ে অলৌকিক মেঝেয়
........তার সাদা হবার প্রচন্ড খায়েশ ।
ঘুমকাতুরে কেউবা প্রকাশহীন অনিচ্ছায়
জেগে থাকে সাদা হবার মুহুর্তগুলোর জন্য
এ অনিচ্ছা এমনই প্রকাশহীন অতিকামুক সেই
লোকটিও ভরদুপুরে স্ত্রী সঙ্গম দীর্ঘায়িত করে না
............এ সপ্তাহটাও যদি চলে যায়..
এই সায়াহ্নে সুখের সন্ধান পেতে দেখি
প্রচন্ড সংগ্রামী মানুষটিও দ্রুত পায়ে কিভাবে যায়
নির্বোধের মত চোখের পানি ফেলতে
মনি, শামস,আর কাব্যদের কথা একটু আলাদা
এই প্রথম একটি মেয়ে ওদের ছলনার জলে সাতার কাটছে না
তাই ওরা গৃহ ছাড়ে অনেক আগে আর বুদ্ধি আঁটে বসে
অতঃপর সাদা হয়ে সিক্তমনে গৃহে ঢোকেও সবার শেষে।
এইমাত্র একটি লোক দুর্ঘন্ধময় হয়ে ঢুকে গেল
পাড়ার এক মহানের পাশে গিয়ে দাড়াঁল
কাঁধে কাঁধ দিয়ে সাদা হবার প্রক্রিয়া শেষ করতে
সবাই যাচ্ছে সাদা হতে
উকিল যাচ্ছে,মৌক্তার যাচ্ছে
ডাক্তার যাচ্ছে,রোগীও যাচ্ছে
শিক্ষক যাচ্ছে, ছাত্র যাচ্ছে
নেতা যাচ্ছে, শিষ্য যাচ্ছে
পুলিশ যাচ্ছে, চোর যাচ্ছে
ব্যবসায়ী যাচ্ছে, দালাল যাচ্ছে
সবাই যাচ্ছে,সবাই ,সবাই,
....................আমি শুধু একা
সাদা হবার কোন লোভ নেই আমার
আছে সাদা হবার প্রচন্ড আকাঙ্খা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




