ভূতের গল্প পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দূর্লভ একটি ব্যাপার। কাউকে যদি আপনি ভূতের গল্প শুনাতে চান, হোক সে শিশু কিংবা বৃদ্ধ, সবার কাছেই আপনি বেশ অভূতপূর্ব সাড়া পাবেন। ভূত নিয়ে রয়েছে নানাজনের নানারকম ভুতানুভূতি। কেউ মনে করেন, ভুত নিছক মনের কল্পনা, আবার কেউ বলেন সব কিছু ব্যাখ্যা করা যাবে এমন ভাবাটা মোটেই বুদ্ধিমানের কাজ না। এই নিয়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক। তবে এইসব তর্ক বিতর্কের মাঝে যাদের ভূত দেখার কথা, তারা ঠিকই নিয়মিত ভূত দেখে যাচ্ছেন, নানা রকম অভিজ্ঞতায় অভিজ্ঞ হচ্ছেন এবং ফিরে এসে গর্বিত ভাবে শুনাচ্ছেন নানা রকম ভূতের কাহিনী। তাদেরকে আমার লাল সালাম।
আমি ব্যক্তিগত ভাবে ভূতদের বেশ পছন্দ করি। ভূতদের নিয়ে আছে আমার বেশ আগ্রহ। কেননা আমি জানি দূমূর্ল্যের এই বাজারে ভূত কতটা দুষ্প্রাপ্য। তাই তো মাঝে মাঝে আমি ভুতদের পক্ষ হয়ে অনেককেই ভূতের ভয় দেখিয়েছি।
প্রিয় পাঠক, আপনারা নিশ্চয় এতক্ষনে ভূতদের সাথে আমার বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন। তাই আমি সুযোগ পেলেই মানুষকে ভুতের ভয় দেখাই। ভূতদের প্রতি আমার বন্ধুত্ব প্রকাশ করি। কিছুদিন আগে এক আড্ডায় আমি এই রকম একটু ভূতের গল্পের কথা আমাদের কিছু প্রিয় ব্লগারদের সাথে শেয়ার করেছিলাম। তারা বেশ ভয় (!!!) পেয়েছিলেন। তাই আপনাদেরকেও ভয় দেখানোর লোভ সামলাতে পারলাম না। ভূতদের জয় হোক, এই স্লোগান দিয়েই শুরু করছি আমার গল্প।
একটা সময় ছিল যখন আমাদের দেশে গ্রামগঞ্জে কোন অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হলে তার শুকরিয়া আদায় করার জন্য আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হত। সেটাকে বলা হত শোকরানা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কাছের কিছু আত্মীয় স্বজন আর অল্প কিছু পাড়া প্রতিবেশীরা উপস্থিত থাকতেন। অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ হয়েছে - সৃষ্টিকর্তার কাছে এই বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে দোয়া করা হত এবং শেষে খিচুড়ী বা তেহারী জাতীয় খাবার পরিবেশন করা হত। এখন এইসব রীতি তেমন একটা দেখা যায় না।
সম্প্রতি আমার এক দূরসম্পর্কে খালাত ভাই, বিদেশী একটি রাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। এই খুশিতে তার বাবা মা গ্রামের বাড়িতে একটি শোকরানা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে আমাদের সবাইকে সপরিবারে দাওয়াত দেয়া হয়েছিল। শোকরানার মত প্রায় হারিয়ে যাওয়া একটি সামাজিক রীতি দেখতেই আমার কাজ ফেলে সেখানে যাওয়া।
সেই বাড়িতে গিয়ে বেশ কয়েকজন ছেলে মেয়ে পেয়ে গেলাম যারা মোটামুটি বড়- এই যেমন অনার্স লেভেলে পড়ছে। আমার মত আড্ডাবাজ একজন ব্যক্তির জন্য একটা গ্রাম্য পরিবেশ, সুন্দর একটা পুকুর সেই সাথে বাঁধানো ঘাট এবং শীতের বিকেল একটি আর্দশ আড্ডার সময়।
আমার তো মেজাজ তখন ফর্টি নাইন। ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম এই কাবিলটা কে? নওশীন বলল, তিনি পাশের বাড়ির একজন মুরুব্বী। সব কাজে জ্ঞান না দিলে নাকি তার পেটের ভাত হজম হয় না। তিনি প্রাক্তন ওঝা ছিলেন। নানা রকম দোয়া কালাম ঝাড়ফুক ইত্যাদির মাধ্যমে কবিরাজী চিকিৎসা করতেন। এখন গ্রামে সরকারী হাসপাতাল হয়েছে, ডাক্তার এসেছে। তাই উনার কেরামতি এখন আর চলে না। তাছাড়া তিনি নাকি আবার নারী শিক্ষার বিরুদ্ধে। সব শুনে বুঝতে পারলাম- ইনি “মেশিন চলিবে” দলের লোক।
সেই রাতেই ভুত ভাইদের সাথে একটা সুন্দর পরিকল্পনা করে ফেললাম। তারপর ঘরে এসে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি ডেকোরেটরস এর লোকজন কাজ করছে। আমার পরিকল্পনায় একটা সাদা কাপড়ের ব্যবহার ছিল, ডেকোরেশন এর জন্য আনা সাদা কাপড় আমার সেই পরিকল্পনার জন্য পারফেক্ট। দুইটা বেনসন সিগারেটের বিনিময়ে আমি সেই চাদর হস্তগত করলাম। এরপর আমার দরকার ছিল এমন একজনকে যিনি হাল্কা এবং যাকে কাঁধে নিতে কোন সমস্যা হবে না এবং যে কিনা বিনা বাক্যে আমার কথা মেনে নিবে।
সমস্যা হল, এই বাড়ি ভর্তি মেয়ে। আমি কিছুটা শংকায় ছিলাম, কোন পুরুষ ভলান্টিয়ার পাব কিনা। না পেলে তো আমি ধরা! কারন কোন মেয়েকে আমি কাঁধে তুলতে পারবনা আর কোন মেয়ে এই কথায় রাজিও হবে না। শেষমেষ চড় থাপ্পড় খেতে হবে। হঠাৎ শুনি কে যেন বলছে, লুলললললল।
আমি বিরক্ত হয়ে একজন ছেলে ভলেন্টিয়ার খুঁজতে লাগলাম। অবশেষে একজনকে পাওয়া গেল। তার নাম রুমি। সম্পর্কে ভাগিনা হয়। ওকে ব্যাপারটা কিছুটা বুঝিয়ে বললাম। দেখলাম অতি আনন্দে সে বত্রিশপাটি দাঁত বের করে রাজি হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করে, মামা, ভূতের নাচ দেখামূ?? সাথে সাথে পাশের সুপারী বাগান থেকে কেমন যেন একটা হুমহুম হুমহুম শব্দ শুনতে পেলাম। আমি চোখ রাঙিয়ে বললাম, আহ আবার!! রুমি অবাক হয়ে জিজ্ঞেস করে, মামা কার লগে কথা কন? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, কেউ না মামা। তোমার কোন নাচ দেখান লাগবো না। তুমি শুধু আমি যেমনে কই তেমনে করবা। তাইলেই চলবো।
এরপর আমি রুমিকে নিয়ে ঐ মুরুব্বী কোন বাড়িতে থাকে তা রেকি করতে গেলাম, দেখলাম উনার বাড়ির যাবার পথটা কিছুটা নিরিবিলি। যাবার পথের এক পাশেই আবার খালও আছে। সিদ্ধান্ত নিলাম এইখানেই এটার্ক হবে। নতুন কিছু আইডিয়াও মাথাও আসল। কিন্তু এই কাজে আরো একজন ভলান্টিয়ার দরকার। আর এটা মেয়ে হলেও সমস্যা নাই। বাড়িতে এসে নওশীন নামে একটা মেয়ে ছিল, যার সাথে আমার বেশ খাতির হয়েছিল, তাকে ব্যাপারটা বুঝিয়ে বললাম। সে সানন্দে রাজি হল। এরপর রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। উত্তেজনায় আমার ঠিক মত ঘুমও আসছিল না।
পরদিন বেশ আগেই ঘুম থেকে উঠে পড়লাম। অনুষ্ঠানের তদারকির দায়িত্ব পড়লা আমি সহ আরো দুইজনের ঘাড়ে। কাজের ফাঁকে ফাঁকে আমি প্রয়োজনীয় সব জিনিস যোগাড় করে ফেললাম এবং জায়গা মত রেখেও এলাম। মেহমানরা চলে এসেছেন, খাওয়া দাওয়া করছেন। এই পুরো সময় জুড়েই কিন্তু সেই মুরুব্বী ছিলেন এবং যথারীতি মাতব্বরীও করেছেন।
গ্রাম অঞ্চল, তার উপর আবার শীতের রাত, মানুষজন খেয়ে দেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। অল্প যারা আছেন তারাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারমধ্যে সেই মুরুব্বীও একজন। মেয়েরা অনেকেই বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। নওশীনের সাথে আমার চোখাচোখি হল। ইশারাও বললাম যাও শুরু করে দাও। নওশীন ভিতরে চলে গেল।
হঠাৎ ভিতর থেকে শোরগোল উঠল, হইচই শুনে সবাই ভিতরে গেল। মুরুব্বীও যথারীতি গেলেন। আমরাও গেলাম। গিয়ে দেখলাম নওশীন বিছানায় কাত হয়ে পড়ে আছে। আর পেট ধরে খুব যন্ত্রনাকর একটা মুখভংগি করছে। সেই মুরুব্বী কিছুক্ষন পর্যবেক্ষন করেই বললেন, খারাপ বাতাস লেগেছে। নওশীনের বাবা খুব বেশি একটা পাত্তা দিতে চাইলেন না। কিন্তু আরো অনেকেই দেখলাম ব্যাপারটা বিশ্বাস করছে। আহ! নওশীনের সে কি অভিনয়! নওশীনের বাবা ডাক্তার ডাকতে চাইলেন। মুরুব্বী বাধা দিয়ে বললেন, মিয়া তোমাদের আদব লেহাজ দিন দিন কমে যাচ্ছে? বেগানা পুরুষের সামনে সেয়ানা মাইয়ারে নিবা? আমি আছি না এইখানে? আমি দেখতাছি। এইগুলো খারাপ বাতাস ডাক্তার কিছু করতে পারব না। এই বলে তিনি নওশীনের হাত ধরে নানা রকম মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। হঠাৎ দেখলাম নওশীন ধুম করে সেই মুরুব্বীকে একটা থাপ্পর দিয়ে বসল। তারপর কিছুটা বিকৃত কণ্ঠে বলল, ঐ বেটা তুইও তো বেগানা। তুই গায়ে হাত দেস কেন?
এই কথা শুনে উপস্থিত সবাই কিছুটা থমকে গেল। তারপর দেখলাম নওশীন আবার বলল, কিন্তু এই মাইয়াটা ভালা, তাই কিছু করলাম না, তাই ছাইড়া যাইতেছিগা। এই বলে নওশীন জ্ঞান হারিয়ে পড়ে গেল।
আমরা সবাই রুম থেকে বের হয়ে আসলাম। মুরুব্বীকে দেখলাম বেশ পরিতৃপ্তির হাসি নিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নওশীনের আব্বাকে বলছে, মিয়া, তোমরা তো এখন সব মর্ডান হইছ। সব শুধু ডাক্তারের কাছে যাও। আমরা তো আর কিছুই জানি না। এইবার দেখলা তো ঘটনাটা? তোমরা আমারে না চিনলে কি হইব, এই সব খারাপ বাতাস ঠিকই আমারে চিনে। দেখলা না, আমি যাওয়া মাত্রই ছাইড়া দিসে।
সবাই একটা প্রসংশামুলক দৃষ্টিতে সেই মুরুব্বীর দিকে তাকাচ্ছে। মুরুব্বী নওশীনের আম্মাকে বললেন, কই গো বউ, একখিলি পান দাও, পান খাইয়া বাড়িত যাই।
আমি তাড়াতাড়ি সামনে থেকে চলে আসলাম। একটা শর্টকার্ট রাস্তা দিয়ে আমাদের ঐ আক্রমনের স্থানে এসে পৌছালাম। আমার জন্য রুমী সেখানে অপেক্ষা করছিল। তাড়াতাড়ি রাস্তার পাশে যে গাছটা ছিল, তার নিচ থেকে নিয়ে দুই পাশে শুকনা খড় বিছিয়ে দিলাম। তারপর রান্নার তদারকী করার সময় যে হাফ লিটার কেরোসিন চুরি করেছিলাম সেটা খড়ের মধ্যে একটু একটু করে পুরোটাই দিয়ে দিলাম। তারপর একটু দূরে অপেক্ষা করতে লাগলাম।
ইতিমধ্যে বেশ রাত হয়ে গিয়েছে। বেশ ঘন কুয়াশা। কুয়াশার কারনে পথটাকে কেমন যেন রহস্যময় লাগছিল। হঠাৎ শব্দ শুনতে পেলাম পায়ের শব্ধ। সাথে সাথে রুমি কে আমার কাঁধে তুলে নিলাম। তারপর তার মাথা থেকে চাঁদর দিয়ে ঢেকে দিলাম। আমি নিশ্চিত এখন যথেষ্ট লম্বা দেখাচ্ছে আমাদের। তাকে বললাম, বাপধন তুই আর যাইহোক আগেই হাসবি না। পায়ে চিমটি দিলে হাসবি। কথা আমি কমু। তুই শুধু হাত পা নাড়বি।
আমার হাতে ম্যাচ রেডী। চাদরের মাঝখানে দুইটা ফূটা করছিলাম। দেখলাম যে মুরুব্বী বাবা হেঁটে হেঁটে আসছেন। তিনি এখনও আমাদেরকে দেখে নাই। আর একটু কাছাকাছি আসার পর আমাদেরকে দেখতে পেলেন। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ক্ক কে ওখানে?
আমি গলার স্বর ভারী করে বললাম, “কেন রে হারামী মুখপোড়া, আমাকে চিনিস না এখন? খুব তো দেখলাম বেগানা নারীর শরীরে হাত দিলি। এই বলে চিমটি দিলাম রুমির পায়ে। সাথে সাথে কিচ কিচ হাসি দিল রুমি।
বুইড়া, তোর হাতানী আমার ভাল্লাগসে, তোরে নিয়া যামু, তুই আমারে খালি সকাল বিকাল খালি হাতাবী। বহুত আরাম। আবারও চিমটি দিলাম রুমির পায়ে। আবারও সাথে সাথে সেই কিচ কিচ হাসি।
ফুটা দিয়ে দেখলাম, মুরুব্বী ম্যাচ দিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করছে। আমি ধমক দিলাম। ঐ তুই কি মনে করছস, আগুন দিয়া আমারে ভয় দেখাবি? তুই জানস না আমরা আগুনের তৈরি? তোর আগুন লাগব। এই ল, আগুন ল।
এই বলতে বলতে আমি একটা কেরোসিন মাখানো একটা ছোট কাপড়ের বলে আগুন লাগিয়ে সামনের দিকে ছুড়ে মারলাম। আর সাথে সাথে সেই খড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুন দেখেই এই মুরুব্বী পাশের খালে লাফ দিয়ে পড়ল এবং সেই সাথে ভয়ংকর চিৎকার শুরু করলেন। ইতিমধ্যে চিৎকার শুনে আসেপাশে বাড়ীর অনেকেই বের হয়ে আসলো এবং কিছুক্ষন পর মুরুব্বীকে উদ্ধার করা হল।
আমাদের কাজ শেষ। আমরাও এখন পিছন ফিরে এক দৌড়ে বাড়িতে ফিরে গেলাম।
তারপর দিন সকালে শুনতে পেলাম, মুরুব্বীকে নাকি ভূতে আক্রমন করেছে। যে ভূত নাকি নওশীনকে ধরেছিল, সেই ভূতই নাকি মুরুব্বীকে আক্রমন করেছিল। তিনি এখন লোক মারফত খবর পাঠিয়েছে, জরুরী ভিত্তিতে নওশীনের গলায় একটি তাজিব পড়াতে হবে। এর জন্য মাত্র দশ হাজার টাকার প্রয়োজন। নওশিনের বাবা যেন ব্যবস্থা গ্রহন করেন।
এই সময় আমি দৃশ্যপটে এলাম। নওশীনের বাবাকে সব খুলে বললাম। তিনি প্রথমে রাগ করলেন। পরে হা হা করে অনেক্ষন হাসলেন এবং আমার জন্য নগদ ২০০০ টাকা পুরুষ্কার ঘোষনা করলেন। কিন্তু বললেন, এটা গোপন রাখতে। কারন মানুষ শুনলে বেচারা হাসির পাত্রে পরিনত হবে। আমিও কিছুটা (!!) মেনে নিলাম।
কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। তখন শুনলাম একটি ভূতের গল্প। এটাও আপনাদের কাছে না বলে পারছি না। পড়ে দেখেন- অনেক ভয় পাবেন।
একটি ভূতের গল্পঃ
আমাদের গ্রামে একজন মুরুব্বী ছিলেন। তার নাম হচ্ছে সুধা মিয়া। তিনি আমাদের উক্ত অঞ্চলে অনেক বড় খোনার(ওঝা)। তিনি সারাজীবন কত ভূতকে যে নির্মূল করেছে তার হিসাব নেই। একবার এক কঠিন ভূত তাকে আক্রমন করেছিল। তিনি অনেক সাহসী বলে ভুতের সাথে মারামারি করে বেঁচে ফিরে এসেছেন। এক গ্রামে নাকি কোন এক মেয়েকে ভূতে ধরেছিল। তিনি খবর পেয়ে সেখানে যান। তাকে দেখেই নাকি ভূত চলে গিয়েছিল। যাবার প্রমান হিসেবে আবার বাড়ির সামনে সবচেয়ে বড় যে উঁচু গাছটি আছে তার ডাল ভেঙ্গে গিয়েছিল। উক্ত অসহায় মেয়েকে তিনি চিকিৎসা শেষে ফেরার পথে তাকে কিছু ভূতপ্রেত আক্রমন করে। ভূতরা তাকে অনেক কিছু বলে ভয় দেখায়। তিনি আপোষে রাজি না হওয়াতে এক সাথে প্রায় কয়েকটি ভূত তাকে আক্রমন করে। তার সাহসের কাছে পরাজিত হয়ে কিছু ভূত পালিয়ে যায়। আর কয়েকটি ভূতকে তিনি আগুনে পুড়িয়ে মারেন। সম্প্রতি ভূত এফ এম তার এই সাহসী গল্পটি তাদের অনুষ্ঠানে প্রচার করে এবং সামু ব্লগের বেশ কয়েকজন ব্লগার এই গল্প পড়ে তার ফ্যান হয়ে গিয়েছেন বলে শোনা যায়।
অপর দিকে, গ্রামবাসী সব দেখিয়া, শুনিয়া খালি মিটিমিটি হাসে। তাদের এই মিটিমিটি হাসির কারন কি কেউ বলতে পারে না।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



