ঊনষাটের চিঠি...
সেদিন, ৩১শে আগস্ট ’৫৯...
৬৮ বছর বয়সে দাঁড়িয়ে ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের সুবর্ণজয়ন্তী বছরে মনে পড়ছে সেই ৩১শে আগস্টের দিনটি। আমি তখন নবম শ্রেণীর ছাত্র সালকিয়া হিন্দু স্কুলে। সেদিন সকাল থেকেই পাড়ায় পাড়ায় মিছিলে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। দুপুরে সালকিয়ার জি টি রোড থেকে শ্রমিক-কর্মচারীদের একটা মিছিল এগিয়ে চলে। এই মিছিলের পুরোভাগে ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও ট্রেড ইউনিয়ন নেতা সন্তোষ গাঙ্গুলি। আমি ও আমার এক সহপাঠী অসীম ঐ মিছিলে যোগ দিই। ব্রাবোর্ন রোড হয়ে আমাদের এই মিছিলটা যখন গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে পৌঁছলো, তখনই পুলিস টিয়ার গ্যাসের সেল ফাটাতে শুরু করলো। সেই সঙ্গে এলোপাতাড়ি লাঠিচার্জ। তবুও মানুষ কোন বাধা না মেনেই ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় গ্রেট ইস্টার্ন হোটেলের কার্নিশ থেকে পুলিসী তাণ্ডবের নমুনা ক্যামেরা বন্দী করছিলেন স্বাধীনতা পত্রিকার চিত্র সাংবাদিক শম্ভু ব্যানার্জি পরদিনের কাগজে যা প্রকাশিত হয়। সেদিন জনতার স্রোতে ভাসতে ভাসতে রাজভবনের পূর্ব গেটের সামনে আমি প্রথম মাটির স্পর্শ পাই। ওখান থেকে ট্রাম গুমটির দিকে এগিয়ে গিয়ে দেখি একটা মাত্র অ্যাম্বুলেন্সে একজনের ওপর আর একজন আহত ব্যক্তিকে তোলা হচ্ছে। আর ট্রাম লাইন দিয়ে নদর্মার জলের মতোই রক্তের স্রোত বয়ে চলেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার জুতো। রাস্তার আলো নিবিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে গোটা এলাকা যেন মৃত্যুপুরী। পুলিস কাউকেই রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। মোহনবাগান মাঠের দিকে এগিয়ে গিয়ে দেখি সেখানেও অসংখ্য পুলিস। অগত্যা, আমি ভিক্টোরিয়ার দিকে এগিয়ে গেলাম। যদিও ফিরতে হবে হাওড়ায়। কিন্তু কোন গাড়ি চলছিল না। সুতরাং পায়ে হেঁটে আসা ছাড়া গত্যন্তর নেই। প্রায় মাঝরাতে আমি আর অসীম অক্ষত দেহে বাড়ি ফিরলেও আমাদের পাড়ার বিনোদদার গায়ে পুলিসের লাঠির ঘা পড়ায় বেশ কিছুদিন তাকে শয্যাশায়ী থাকতে হয়েছিল।
অজিতকুমার দাস। সালকিয়া।
মিছিলে ছিলাম...
তখন আমি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা। রাজ্য বিদ্যুৎপর্ষদের কর্মী। ৩১শে আগস্টের দু’দিন আগে থেকেই আমরা অনেকে মিলে বাড়ি বাড়ি যাচ্ছিলাম সমাবেশের প্রচারে। পারলে আটার রুটি ও গুড় নিয়ে যাওয়ার জন্য বলতে। সমাবেশের দিন সকাল ৯টার মধ্যেই ময়দানে মনুমেন্টের পাশে ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা রুটি-গুড় জমা হচ্ছিলো। আমরাও যা রুটি-গুড় সংগ্রহ করেছিলাম, তা ওই ক্যাম্পে জমা দিয়ে অপেক্ষা করছিলাম সেখানেই। সকাল থেকেই মানুষ আসছিলেন। তাঁদের মধ্যে রুটি বিতরণের কাজে লাগি আমরাও। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিলো সেদিন। দাঁড়িয়ে দেখছিলাম রেড রোড এবং বিভিন্ন রাস্তা দিয়ে সশস্ত্র পুলিস মার্চ করে বিভিন্ন রাস্তা এবং গলির মুখে পোস্টিং হচ্ছে। রাজভবনের ঐ দিকে গিয়ে দেখলাম রাস্তার উপর পুলিস পরপর ৫/৬ লাইন ব্যারিকেড করে ফেলেছে। সব দেখে মনে হলো যেন আসন্ন এক বড় যুদ্ধের প্রস্তুতি চলছে। আরেক দিকে গ্রামগুলি থেকে হাজারে হাজারে কৃষক রমণী শিশু কোলে মিছিলে অংশ গ্রহণ করার জন্য আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষ ময়দানের দিকে অগ্রসর হচ্ছেন। ময়দান জায়গা দিতে পারলো না। তাই মেট্রো সিনেমার রাস্তা ভর্তি হয়ে গেল। এই অবস্থায় মিছিল শুরু করার প্রস্তুতি শুরু হলো। তার মধ্যে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। যদিও আগে থেকেই নেতৃবৃন্দের একটা বড় অংশকে রাতের অন্ধকারে পুলিস গ্রেপ্তার করেছে। ময়দানে কমঃ মণিকুন্তলা সেন, রাম চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য শেষ করার সাথে সাথেই মিছিল চলতে শুরু করে। গোটা রাস্তা জুড়ে মিছিলের লাইন। মিছিল রাজভবনের সামনে এগোতে থাকে রাইটার্সের দিকে। পূর্বে থেকেই সজ্জিত পুলিস ব্যারিকেড আটকে দেয় মিছিলকে। মিছিল রাস্তায় বসে পড়ে। মিছিলের সামনে ছিলেন নেতৃবৃন্দ। তাঁরা বসে ঠিক করলেন যে তাঁরা রাইর্টাসে যাবেন তৎকালীন খাদ্য মন্ত্রী প্রফুল্ল সেনের কাছে। মানুষের খাদ্যের দাবি নিয়ে মিছিল এখানেই বসে থাকবে কিন্তু পুলিস তাতে রাজি না হওয়ায় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিলেন তারা পুলিস ব্যারিকেড অন্যান্য করবেন। ঠিক সন্ধ্যা ৬টার সময় নেতৃবৃন্দ আইন অমান্য শুরু করার সাথে সাথেই বসে থাকা মিছিলের উপর ঝাঁপিয়ে পড়লো লাঠিধারী পুলিস বাহিনী। গোটা মিছিলের দু’পাশেই এরা প্রস্তুত ছিলো। গ্রাম থেকে আসা মহিলাদের একটা বড় অংশ রাজভবনের গেটের সামনে বাঁকের মোড়ে বসেছিলেন তাঁরাও তখন বিষয়টা বুঝতে পারেনি তাই তারা বসেই ছিলেন। এই সময় কয়েকজন ছাত্রের সাথে আমিও হাত ধরাধরি করে মহিলাদের সামনে আড়ালে রেখে তাদের পেছনে চলে যাবার রাস্তা করে দিই। যদিও তাতে ও তাঁরা রেহাই পাননা। পুলিসের লাঠির ঘা থেকে কয়েকজন মহিলার কোলের বাচ্চা হাত থেকে পড়ে যায়, তাদের কোন রকমে আমরা কয়েকজন কার্জন পার্কে ঢুকিয়ে দিই। পুলিসের বর্বরোচিত আক্রমণে কতজন আহত বা নিহত হয়েছেন সেই সময় বোঝা না গেলেও পরের দিন জানতে পারলাম ৮০জন মানুষ গেছেন।
সেদিন আমাদের জামায়ও রক্তের দাগ লাগায় আমি হাটাপথে বেলেঘাটায় আমার কাকার বাড়িতে গিয়ে জামা পালটে হাঁটতে হাঁটতে... কদমতলা থেকে বাস ধরে ডোমজুড়ে ফিরে আসি।
পীযূষ দেব। সিঙ্গুর।
কোনদিন ভুলবো না সেই দৃশ্য...
তখন ছাত্র। থাকতাম গোয়াবাগান লেনে। ৩১শে আগস্ট ১৯৫৯, সকাল। ধর্মতলা চত্বরে হাজার হাজার মানুষ আসবেন — বিক্ষোভ দেখাবেন — বাড়িতে কিছু না জানিয়ে বিকেলে চার বন্ধু সটান হাজির ধর্মতলা চত্বরে। চমকে উঠেছিলাম সেদিন মানুষের ঢল দেখে — ভাবতেই পারিনি এত মানুষ! মানুষের ঢেউয়ের সাথে কখন যে গ্রেট ইষ্টার্ন হোটেলের কাছে পৌঁছে গেলাম বুঝতেও পারিনি। রাজভবনের রেলিং-এর উপর উঠে দেখি দূরে অসংখ্য পুলিস। আজও সে ছবি ভুলতে পারিনি। কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎ মানুষ ছুটতে শুরু করেছে কার্জন পার্কের দিকে। আমরাও। দুম দাম আওয়াজ। কিসের আওয়াজ তখন বুঝিনি। টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ অন্ধকার। আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। ছুটতে ছুটতে একা তখন গঙ্গার ধারের ঘাটের কাছাকাছি। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে এলাম কার্জন পার্কের ভিতর। অবিশ্বাস্য এক দৃশ্য — চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন মানুষ। জীবিত না মৃত জানি না। মনের মধ্যে শুরু হয়েছে ভয়। এক অজানা আশঙ্কা। বাড়ি যদি ফিরতে না পারি। কেউ তো জানে না আমি কোথায়? সাহস করে কোনরকমে গুটি গুটি পায়ে এলাম মেট্রো সিনেমার উলটোদিকে। উলটোদিকে লাইন দিয়ে সশস্ত্র পুলিসবাহিনী। রাস্তা পার হবার সময় হঠাৎ করে কাউকে কাউকে ধরে প্রচণ্ড লাঠিপেটা করছে। কেউ আর রাস্তা থেকে উঠতেই পারছে না। দেখলাম জামাকাপড়ে কাদার দাগ বা রক্তের দাগ দেখলেই মারতে মারতে গাড়িতে তুলে নিচ্ছে।
যা থাকে কপালে ভেবে রাস্তা পার হচ্ছি। ঠিক তখনই আমার আগের লোকটার উপর পুলিস ঝাঁপিয়ে পড়লো। সেই ফাঁকে একদৌড়ে নিউ সিনেমার পাশের রাস্তায়। আবার পুলিসের তাড়া। থামলাম জ্যোতি সিনেমায়। এখানে আবার অন্য দৃশ্য। স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। ঠেলাতে পিচের ড্রামে আগুন লাগিয়ে সজোরে ঠেলা ঠেলে দিচ্ছে পুলিসের দিকে। আবার তাড়া। ছুটতে ছুটতে হিন্দ সিনেমা পার হয়ে গেছি। একদিকে অসংখ্য মানুষ। মাঝখানে No man’s land । অন্যদিকে পুলিস এসে দাঁড়িয়ে। শুরু হলো যুদ্ধ। পুলিসের ছোঁড়া টিয়ার গ্যাসের মেলের পিছনে ভেজা বস্তা দিয়ে ধরে ফেরত পুলিসের দিকে। ভুলে গেছি বাড়ির কথা, ওদের সাথে হাত লাগালাম। গুলির আওয়াজ। সবাই ছত্রভঙ্গ — ছুটতে ছুটতে হাড়কাটা লেনের মুখে। একি! আজও সে দৃশ্য ভুলতে পারিনি।
জলের বালতি জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে মহিলারা। চোখে মুখে জল দিচ্ছেন। খাবার জল এগিয়ে দিচ্ছেন। আহতদের সেবার জন্য ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন। জীবনের শেষদিন পর্যন্ত মনে থাকবে এই দৃশ্য। ওরাই আমাদের এ গলি সে গলি করে নিয়ে এলেন শিয়ালদহের কাছে। আর হাঁটার মতো অবস্থায় নেই। বেশ কিছুক্ষণ ফুটপাতে বসে থেকে হাঁটা দিলাম বাড়ির দিকে।
সুপ্রিয় সর্বাধিকারী। লেক গার্ডেন্স।
পরের দিনও ছিলাম ছাত্র মিছিলে...
আমি তখন কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে আই এস সি-র ছাত্র। চলছে ছাত্র আন্দোলন, বেতন বৃদ্ধির বিরুদ্ধে। একই সাথে ক্ষোভ বাড়ছে জনসাধারণের খাদ্য সঙ্কটের কারণে।
৩১শে আগস্ট কলকাতায় রাজভবনের সামনের রাস্তায় হাজির গ্রাম থেকে আসা হাজার হাজার বিক্ষুব্ধ কৃষিজীবী মানুষজন — খাদ্যের দাবিতে। তার সমর্থনে কলকাতা শহরের অসংখ্য আন্দোলনরত ছাত্ররা। আমিও হাজির।
এক সময় বন্ধুদের ছেড়ে কার্জন পার্কের কাছে কাশী বিশ্বনাথ-এর জলের ট্যাঙ্কারের দিকে পা বাড়াই। হঠাৎ পেছনে সমবেত আর্তচিৎকার। পেছন দিকে তাকিয়ে দেখি পুলিসের হাতের লাঠি ক্রমাগত নেমে আসছে অবস্থানরত খাদ্যের দাবিতে হাজির হওয়া অসহায় কৃষকদের ওপর। আমি বন্ধুদের কাছে ফিরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলাম, পলায়নরত মানুষের ধাক্কায় আমি পার্কের একপাশে ছিটকে পড়ে যাই। কিছুক্ষণের জন্যে জ্ঞানও হারাই।
কিছুক্ষণ পরে যখন চোখ মেলে তাকাই এগিয়ে দেখি রাজভবনের সামনে মিছিল ছত্রভঙ্গ। ফেলে যাওয়া অসংখ্য জুতো। আর ছড়িয়ে ছিটিয়ে কাতরাচ্ছেন অনেক আহত মানুষ। আমি কী করবো স্থির করতে পারছিলাম না। সঙ্গের বন্ধুদেরও তো খোঁজ নিতে হয়। না, তা হলো না! এক অচেনা অজানা মধ্যবয়সী ভদ্রলোক আমাকে প্রায় জোর করেই ধরে নিয়ে যান। তখনই ময়দানের আপাত নিরাপদস্থানে। তার অনেকক্ষণ পরে এ রাস্তা, ও রাস্তা ঘুরে কখন যে এবং কীভাবে তৎকালীন হাওড়ার বাসায় ফিরেছিলাম সেকথা ঠিকমতো আর মনে পড়ে না।
পরের দিন ১লা সেপ্টেম্বর ডাকা হয়েছিল ছাত্র ধর্মঘট। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে রাস্তায় মিছিল করে ছাত্র-ছাত্রীরা যাওয়ার সময় মিছিলের সামনে ছাত্রীরা হাতে হাত ধরে। তাদের আগলে এগোয় স্বেচ্ছাসেবক বাহিনী। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল পৌঁছান মাত্রই পুলিস কোন রকম হুঁশিয়ারি না দিয়ে এবং ছাত্রছাত্রীদের প্ররোচনামূলক কাজ ছাড়াই নির্বিচারে আমাদের লাঠি পেটা করতে শুরু করে। আমারও পিঠে লাঠি পড়ে। ওসব উপেক্ষা করেই তারই মধ্যে আমরা যতটা সম্ভব ছাত্রীদের আগলে দেখে হিন্দ সিনেমার কোলাপসিবলে গেট ভেঙে ভেতরে পৌঁছে দিই। তারপর কে যে কোথায় ছিটকে পড়ি। আমি হিন্দ সিনেমার পিছনদিকে একটা বাড়ির মধ্যে লুকিয়ে থাকি। সঙ্গে শ্যামবাজারের এ ভি স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রও ছিল। আমরা পুলিসের অতি তৎপরতার জন্য বিকেল পর্যন্ত ওখানেই আটকে থাকি।
দিলীপকুমার বাগ। শ্রীরামপুর।
তেতালার জানালা দিয়ে দেখি...
উত্তর কলকাতার বাগবাজারে থাকতাম তখন। বেসরকারী সংস্থায় সামান্য বেতনের কাজ। সিটি কলেজে রাতে বি এ পড়তাম। সেদিন মিছিলেই যাই মনুমেন্টের সামনে। চিত্ত বসুর ভাষণের পর বলা হলো কার্জন পার্কের কাছে সারিবদ্ধভাবে দাঁড়াতে। বিকেল সাড়ে চারটে নাগাদ এসপ্ল্যানেড ইস্টে ঢুকে মিছিল ডানদিকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে ঢোকে। এসপ্ল্যানেড ম্যানসনের সামনে আমরা বসে যাই। ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে গ্রেট ইস্টার্ন হোটেলের কাছে তখন পুলিস কর্ডন। সন্ধ্যায় পুলিসের মার শুরু হতেই ছোটাছুটি। ভিড়ের মধ্যে ডেকার্স লেনের মধ্যে ঢুকে শেষপ্রান্তে লেবার কমিশনের অফিস বাড়ির তেতলায় যাই। জানালা দিয়ে দেখি, প্রায় অন্ধকারের মধ্যে বহু মা ভাই বোন অনড় অবস্থায় পড়ে আছেন। ৭৪ বছর বয়স এখন আমার। যতদিন বাঁচবো, মনে পড়বেই সেই দিনটাকে।
বাদলকুমার ব্যানার্জি। সন্তোষপুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




