‘অপারেশন কার্লোটা’
নিছক একটি পেশাদার সেনবাহিনীর
অভিযান ছিল না,ছিল পুরোপুরি আমজনতার যুদ্ধ!
১৯৭৫ সাল। সেই প্রথম এক সরকারী বিবৃতিতে অ্যাঙ্গোলায় কিউবার সেনাদের উপস্থিতি প্রকাশ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় হিসেব করে দেখা গিয়েছিল প্রায় ১৫ হাজার মানুষ সেখানে গিয়েছে। এর মাস তিনেক পর কারাকাসে সংক্ষিপ্ত সফরে এসে প্রেসিডেন্ট কার্লোস আঁদ্রে-পেরেজকে হেনরি কিসিনজার একান্তে বলেন, ‘‘অ্যাঙ্গোলায় কিউবানরা পৌঁছে গিয়েছিল অথচ আমরা জানতামই না যে ওরা ওখানে যাচ্ছে। এ থেকেই স্পষ্ট যে আমাদের তথ্য পরিষেবা নিম্নমুখী হয়েছে।’’ ওই সফরেই তিনি অবশ্য কিউবার পাঠানো মানুষের সংখ্যা সংশোধন করে মাত্র ১২ হাজার বলেন। যদিও কখনই কিসিংগার এই সংখ্যার বদলের কারণ জানাননি। বাস্তব সত্য হলো এই দুই পরিসংখ্যানের কোনওটাই সঠিক নয়। ওই সময় কিউবার অনেক সৈন্য, সামরিক বিশেষজ্ঞ, কারিগরিকর্মী সেখানে ছিলেন ঠিকই কিন্তু যা ছিলেন তার চেয়ে অনেক বেশি ভাবতে শুরু করেছিলেন কিসিংগার। লুয়ান্ডা উপসাগরে অনেক সংখ্যক কিউবার জাহাজ নোঙর করেছিল। জানালা থেকে তা গুনছিলেন প্রেসিডেন্ট আগস্টিনহো নেটো। গুনতে গুনতে নিজের সত্তার সঙ্গে মানানসই অস্বস্তিতে কাঁপছিলেন নেটো। এক অফিসার বন্ধুকে ডেকে বলেছিলেন, ‘‘এই গতিতে চললে, কিউবার ধ্বংস হতে বেশি সময় লাগবে না।’’
সম্ভবত কিউবানরা নিজেরাও আগাম বুঝতে পারেননি যে অ্যাঙ্গোলাবাসীদের জন্য তাঁদের ত্রাণসামগ্রী এই মাত্রায় পৌঁছবে। বাইরে থেকে তাঁরা একটা বিষয়ে পরিষ্কার ছিলেন যে সহায়তার কাজটা সুনির্দিষ্ট ও দ্রুত করতে হবে এবং কোনওমতেই তা থেকে বিচ্যুত হওয়া যাবে না।
১৯৬৫ সালের আগস্ট। সেই প্রথম কিউবার বিপ্লব এবং অ্যাঙ্গোলার মুক্তির জন্য জনপ্রিয় আন্দোলন (এম পি এল এ) যুক্ত হন। কঙ্গোলিয়দের গোরিলা আন্দোলনে স্বয়ং চে গুয়েভারা অংশ নেন। এই আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন তিনি। এর পরের বছরই কিউবায় এম পি এল এ-র কমান্ডার ইন চিফ এন্ডোর সঙ্গে নেটো ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন। এন্ডো যুদ্ধে মারা যান। তারপর থেকে অ্যাঙ্গোলায় কঠিন পরিস্থিতি তৈরি হওয়ায় ওই যোগসূত্রগুলি ক্রমশ ক্ষীণ হয়ে আসে। ১৯৭৫-এর মে। আফ্রিকার উপনিবেশগুলি থেকে চলে আসার প্রস্তুতি নিচ্ছিল পর্তুগিজরা। এই সময় ব্রাজাভিলে কিউবার কমান্ডার ফ্ল্যাভিও ব্রাভো আগস্টিনহো দেখা করেন নেটোর সঙ্গে। নেটো তাঁর কাছে অস্ত্র পরিবহনের ক্ষেত্রে সহায়তার কথা বলেন। আরও সুনির্দিষ্ট ও ব্যাপক সহায়তা নিয়ে দু’জনের কথা হয়। ফলত, এর তিনমাস পর কিউবার নাগরিকদের প্রতিনিধিদলের প্রধান হিসেবে কমান্ডার রাউল ডায়াজ আর্গুয়েলিস লুয়ান্ডার উদ্দেশ্যে রওনা দেন। আগস্টিনহো নেটো আশাবাদী ছিলেন। একদল প্রশিক্ষককে তিনি নিয়ে আসেন। চারটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র খুঁজে তার পরিচালনার দায়িত্ব তিনি ওই প্রশিক্ষকদের দেন।
অ্যাঙ্গোলার পরিস্থিতির ওপর মোটামুটি ধারণা থাকলেই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে নেটোর আবেদন ও তাঁর মতোই ভদ্র ছিল। অ্যাঙ্গোলার মুক্তির জন্য জনপ্রিয় আন্দোলন ১৯৫৬ সালে শুরু হয়। এটাই ছিল অ্যাঙ্গোলার সবথেকে পুরানো মুক্তির আন্দোলন। এই আন্দোলনের পিছনে বড় জনসমর্থন ছিল। দেশের পরিস্থিতির ওপর দাঁড়িয়ে এই আন্দোলন এক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচীর রূপরেখা তৈরি করেছিল। চলতি সামরিক পরিস্থিতি থেকে তেমন কোনও সুবিধা সে সময় ওই আন্দোলন পায়নি। আন্দোলনকারীদের হাতে সোভিয়েতের অস্ত্র থাকলেও তা চালানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ তাদের ছিল না। অন্যদিকে, ২৫ মার্চ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত জাইরিয়ান সেনাবাহিনী অ্যাঙ্গোলায় ঢুকে পড়ে এবং হোল্ডেন রবার্তোর নেতৃত্বে কার্যত সরকার গঠনের কথা ঘোষণা করে। রবার্তো ছিলেন এফ এন এল এ নেতা এবং মোবুতুর ভগ্নিপতি। রবার্তোর সঙ্গে সি আই এর যোগাযোগ সুবিদিত ছিল। এদিকে পশ্চিমে জামবিয়ার নিরাপত্তায় ইউনিটা তৈরি হয়েছিল। জোনাস সাভিম্বির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। নীতিহীন, অ্যাডভেঞ্চারপ্রিয় সাভিম্বি পর্তুগিজ সেনাবাহিনীর সঙ্গে লাগাতার সহযোগিতা চালিয়ে এসেছেন। নিষ্পেষণমূলক বিদেশী কোম্পানিগুলির সঙ্গেও তাঁর যথেষ্ট দহরম-মহরম ছিল। সবশেষে, ৫ আগস্ট নামিবিয়া অধিকৃত ভূখণ্ড দিয়ে দক্ষিণ আফ্রিকার বাহিনী অ্যাঙ্গোলার দক্ষিণসীমা পেরিয়ে যায়। রাউকানা-ক্যালাকোয়া হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্স এর কুয়োগুলির নিরাপত্তার দোহাই দিয়ে এই অনুপ্রবেশ হয়।
লুয়ান্ডার বিস্তীর্ণ, সুন্দর এলাকায় পর্তুগিজরা আরামেই পাঁচশো বছর ধরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত রেখেছিল। সেই পর্তুগিজ সেনাদের চলে যাওয়ার প্রাক্কালে বিপুল অর্থনৈতিক এবং সামরিক সম্পদে বলীয়ান হয়ে এই শক্তিগুলি লুয়ান্ডাকে ঘিরে এক অপ্রতিরোধ্য আবর্ত গড়ে তুলেছিল। নেটোর আবেদন পেয়ে কিউবার নেতারা তাতে উল্লেখিত চরম শর্তে সম্মত না হলেও চারটি প্রশিক্ষণকেন্দ্র গঠন, সিক্সটিন ইনফ্যান্ট্রি ব্যাটলিয়নকে সংগঠিত করা ছ’মাসের মধ্যে ২৫টি মর্টার এবং অ্যান্টি-এয়ারক্রাফট মেশিন গান ব্যাটারি গড়ে তোলার জন্য দ্রুত ৪৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত এক সেনাদল পাঠানোর সিদ্ধান্ত নেন। এর সঙ্গে বড় চিকিৎসক দল, ১১৫টি পরিবহন যান এবং যোগাযোগরক্ষাকারী একটি দলকেও পাঠানো হয়।
তিনটি জাহাজে করে সেনাদের প্রথম দলটি আসে। ১৯৫৬ সালে ভিয়েতনাম হেরোইকো নামে একটি যাত্রীবাহী জাহাজ এক ডাচ কোম্পানি থেকে কেনেন স্বৈরতন্ত্রী ফুলজেনসিও বাতিস্তা। এবং সেই জাহাজটিকে একটি প্রশিক্ষণ জাহাজে পরিণত করেন। অন্য দুটি জাহাজ কোরাল আইল্যান্ড এবং লা প্লেটা ছিল বাণিজ্য তরী। কীভাবে এই জাহাজগুলি সেজে ওঠে এবং নিজেদের দায়বদ্ধতার ক্ষেত্রে কিউবানরা কতখানি আন্তরিক তা রীতিমতো নজির হয়ে আছে।
যান পরিবহনের জ্বালানি কিউবা থেকেই কেনা উচিত ছিল। অ্যাঙ্গোলা একটি তেল উৎপাদনকারী দেশ। প্রথম অভিযানে তিনটি নৌকোয় ৫৫ গ্যালন ট্যাঙ্কে করে ১ হাজার টন জ্বালানি আসে। ভিয়েতনাম হেরোইকো ২০০ টন জ্বালানি গ্যাস নিয়ে আসে। লা প্লেটা গ্যাসোলিন বয়ে আনে। যে রাতে জাহাজগুলিতে জ্বালানি ভরা শেষ হলো তখন কিউবায় জনপ্রিয় উৎসব চলছে। আকাশে উড়ে যাচ্ছে রকেট। হাভানা বন্দরে আতসবাজির বিচিত্র সমারোহ। এই আতশবাজির একটি স্ফুলিঙ্গই অস্ত্র ও জ্বালানি বোঝাই তিনটি জাহাজকে নিমেষে ছাই করে দিতে পারত। স্বয়ং ফিদেল কাস্ত্রো এই আতশবাজি প্রদর্শন দেখতে যান। অ্যাঙ্গোলার উদ্দেশ্যে সেনাবাহিনীকে তিনি রওনা করে দেন। যে পরিস্থিতিতে কিউবার সেনারা রওনা দিচ্ছিল তা দেখে কাস্ত্রো হালকাচালে মন্তব্য করেন, ‘‘যে কোনও ঘটনায় ওরা গ্রানমার থেকে বেশি স্বাচ্ছন্দ্যে যাচ্ছে।’’
কিউবার প্রশিক্ষকদের পর্তুগিজ সেনারা তীরে নামতে দেবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা ছিল না। ওই বছর ২৬ জুলাই এম পি এল এ থেকে কিউবা প্রথম অনুরোধ পায়। হাভানার কলোনেল ওটেলো সারাইভা ডি কারভালহোকে অ্যাঙ্গোলায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পাঠানোর জন্য পর্তুগিজ সরকারের অনুমোদন জোগাড় করতে বলেন। কারভালহো তা জোগাড়ের নিশ্চয়তাও দেন। কিন্তু সেই অনুমোদন তখনও মেলেনি। ৪অক্টোবর ভোর সাড়ে ছ’টায় পোর্ট অ্যামবয়েমে পৌঁছয় ভিয়েতনাম হেরোইকো। ৭অক্টোবর পান্টা নেগ্রায় কোরাল আইল্যান্ড এবং ১১অক্টোবর লা প্লেটা পৌঁছায়। কারও অনুমতি ছাড়াই তারা পৌঁছায়। তবে কারও বিরোধিতার মুখে পড়তে হয়নি।
এম পি এল এর তরফে কিউবার প্রশিক্ষকদের স্বাগত জানানো হয়। এর পরপরই চারটি প্রশিক্ষণ স্কুল চালু হয়ে যায়। একটি লুয়ান্ডা থেকে ৩০০ কিলোমিটার পূর্বে ডেলাট্যান্ডোয়। পর্তুগিজরা একে বলতো সালাজার। একটি বেনগুয়েলার আটলান্টিক বন্দরে। আর একটি সাউরিনোয়। আগের নাম ছিল এনরিক ডি কারভালহো। লুয়ান্ডার প্রত্যন্ত এবং পূর্বদিকে মরুঅঞ্চল এই সাউরিনো। এখানে পর্তুগিজদের একটি সেনাঘাঁটি ছিল। এ জায়গা ছেড়ে যাওয়ার আগে পর্তুগিজরা তা ধ্বংস করে দেয়। শেষের স্কুলটি ক্যাবিন্দায়। হোল্ডেন রবার্তোর বাহিনী তখন লুয়ান্ডার এত কাছে চলে এসেছিল যে, ডেলাট্যান্ডোয় প্রশিক্ষণরত ছাত্ররা দেখতে পাচ্ছিল সাঁজোয়া গাড়ি নিয়ে সৈন্যরা এগিয়ে আসছে। কিউবার এক সেনা প্রশিক্ষক তখন সবে ডেলাট্যান্ডোয় তাঁর ছাত্রদের প্রথম পাঠ দিচ্ছেন।
২৩অক্টোবর নামিবিয়া থেকে ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢুকে পড়ে দক্ষিণ আফ্রিকার সেনারা। দিনতিনেক পর তারা সা দা বান্দেইরা এবং মোক্যামেদেস শহর দুটি দখল করে।
দিনটি ছিল রবিবার। ট্যাঙ্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সেনারা টেপরেকর্ডারের ব্যবস্থা করেছিল। টেপে বাজছিল পার্টি মিউজিক। উত্তরে এক সেনাপ্রধান এক চলচ্চিত্র তারকার সঙ্গে হন্ডা স্পোর্টসকার থেকে যুদ্ধের কাজ পরিচালনা করছিলেন। কোথা থেকে সেই রকেট ছোঁড়া হয়েছিল যা তার গাড়িকে জ্বালিয়ে দেয় তা দেখার মতো সময়ও তাঁর ছিল না। মহিলার স্যুটকেসে ছিল উৎসবের জমকালো পোশাক, বিকিনি এবং লুয়ান্ডায় হোল্ডেন রবার্তোর আয়োজিত বিজয় সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ।
ওই সপ্তাহের শেষে ৬০০ কিলোমিটারের বেশি অ্যাঙ্গোলার অঞ্চলে ঢুকে পড়ে দক্ষিণ আফ্রিকার সেনারা। প্রতিদিন ৭০ কিলোমিটার-এর মতো দূরত্ব পাড়ি দিয়ে লুয়ান্ডার দিকে যাচ্ছিল এই সেনাবাহিনী। ৩ নভেম্বর বেনগুয়েলায় সেনা নিয়োগের প্রশিক্ষণ কেন্দ্র তারা আক্রমণ করে। অগত্যা স্কুলে প্রশিক্ষণ ছেড়ে দক্ষিণ আফ্রিকার সেনাদের বিরুদ্ধে লড়তে হয় কিউবানদের। তাঁদের কাছে প্রশিক্ষণপ্রাপ্তরাও কিউবানদের সঙ্গে যোগ দেয়। যুদ্ধের মাঝে মাঝে কিউবানরা তাদের প্রশিক্ষণ দিতে থাকে। চিকিৎসকরাও এমনকি সেনাবাহিনীর কাজ করতে ট্রেঞ্চে চলে যান। এম পি এল এ নেতারা পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে গেরিলা আক্রমণের জন্য তৈরি ছিলেন। কিন্তু তাঁরা বুঝতে পারেন প্রতিবেশীদের চক্রান্ত এবং তার পিছনে সাম্রাজ্যবাদের ধ্বংসাত্মক শক্তি সমর্থনকে আন্তর্জাতিক সৌহার্দ্যের প্রতি আহ্বান ছাড়া পরাস্ত করা যাবে না।
কিউবানদের আন্তর্জাতিকতাবাদের ভাবনা ঐতিহাসিক। যদিও মার্কসবাদী নীতির আলোয় এই বোধ এবং কিউবার বিপ্লব এ জাতীয় চেতনাকে সংহত ও বিবর্ধিত করেছিল কিন্তু এর সুর হোসে মার্তির কাজ থেকেই প্রতিষ্ঠা পেয়েছিল। লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ায় এ ছবি প্রমাণিত।
কিউবার বিপ্লবের সমাজতান্ত্রিক চরিত্রের ঘোষণার আগেই ফরাসী ঔপনিবেশিকতার বিরুদ্ধে এফ এল এন বাহিনীর লড়াইয়ে কিউবা সাধ্যমতো সহায়তা করেছিল। ফ্রান্সের ভূখণ্ডে কিউবার বিমান ঢুকতে গেলে দ্য গল’র সরকার বাধা দেয়। এরপর সামুদ্রিক ঝড় ফ্লোরায় কিউবা বিধ্বস্ত হওয়া সত্ত্বেও মরক্কোর হাত থেকে আলজেরিয়াকে বাঁচাতে কিউবান আন্তর্জাতিক বাহিনী গিয়েছিল। আমি এ কথা বলতেই পারি, ঐ সময় আফ্রিকায় এমন কোনও মুক্তি সংগ্রাম হয়েছে যা কিউবার সহায়তা পায়নি। সম্পদ বা অস্ত্র বা সামরিক, কারিগরি বা বিশেষজ্ঞ প্রশিক্ষণ দিয়ে সে যেভাবেই হোক।
১৯৬৩ থেকে মোজামবিক, ১৯৬৫ থেকে গিনিবেসো একইভাবে ক্যামেরুন এবং সিয়েরা লিওনা কিউবানদের থেকে সৌভ্রাতৃত্বমূলক সহায়তা চায়। কমান্ডান্ট পেড্রো রডরিগেজ কিউবার কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য। একসময় পর্তুগিজদের হাতে ধরা পড়ে গিনিবেসোতে বছর কয়েক জেল খাটতে হয়। পর্তুগালের অ্যাঙ্গোলিয় ছাত্রদের সমাজতান্ত্রিক দেশে পড়তে যাওয়ার আহ্বান যখন জানান অ্যাগস্টিনহো নেটো কিউবা তাদের অনেককেই স্বাগত জানায়। বর্তমানে সেই ছাত্রদের সকলেই অ্যাঙ্গোলায় সমাজতন্ত্র গঠনের সঙ্গে জড়িত। এদের কয়েকজন ওদেশে উচ্চপদে আসীন। ধরা যাক মিঙ্গার কথা। একজন অর্থনীতিবিদ বর্তমানে অ্যাঙ্গোলার অর্থমন্ত্রী। এনরিক ডস স্যান্টোস একজন ইঞ্জিনিয়ার এবং কমান্ডার। এম পি এল এ সেন্ট্রাল কমিটির সদস্যও স্যান্টোস। ম্যান্টোস, আর একজন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে সেনা আকাদেমির প্রধান। এন’ ড্যালো এক সময় কিউবায় ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন। এখন তিনি অন্যতম সেরা সকার খেলোয়াড়। বর্তমানে অ্যাঙ্গোলার প্রথম ব্রিগেডের দ্বিতীয় প্রধান ড্যালো।
আসলে আফ্রিকার ওপর কিউবার প্রভাব বরাবরই ছিল। কঙ্গোলিজ গেরিলা আন্দোলনে লড়েছিলেন খোদ চে গুয়েভারা। ১৯৬৫সালের ২৫এপ্রিল ফিদেল কাস্ত্রোকে লেখা বিদায়ীপত্রে নিজেকে কমান্ডান্ট বলে উল্লেখ করেন চে। একাই একটি বাণিজ্যিক বিমানে চড়ে বসেন চে। ছদ্মনাম ও ভুয়ো পাসপোর্ট নেওয়া চে-র সঙ্গে ছিল সাহিত্যকর্মে ঠাসা একটি অ্যাটাচি কেস। হাঁপানির কষ্টে সঙ্গী ছিল একরাশ ইনহেলার। হোটেলের একটি ঘরে তিনি একান্তে দাবা খেলায় মগ্ন ছিলেন। এর তিনমাস পর ২০০ কিউবান সেনার সঙ্গে তিনি যোগ দেন। হাভানা থেকে অস্ত্র বোঝাই জাহাজে তাঁরা রওনা দিয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ দ্য কঙ্গো রেভলিউশন এর গেরিলাদের প্রশিক্ষণ দেওয়াই তাঁর লক্ষ্য ছিল। পূর্বতন বেলজিয়াম ঔপনিবেশিক শক্তি এবং আন্তর্জাতিক খনি কোম্পানিগুলির হাতের পুতুল ময়সেস শম্বের বিরুদ্ধেই এই গেরিলারা লড়ছিল। লুমাম্বা গুপ্তঘাতকদের হাতে নিহত হন।
ন্যাশনাল কাউন্সিল অফ দ্য রেভলিউশন এর প্রধান ছিলেন গাস্তন সৌমালিয়ট। কিন্তু ট্যাঙ্গনিকা হ্রদের ওপারের গুপ্ত আস্তানা থেকে যে মানুষটি কাউন্সিলের যাবতীয় লড়াই পরিচালনা করতেন তিনি লরেন্ট ক্যাভিলা। এটা নিঃসন্দেহেই বলা যায় এই পরিস্থিতি চে গুয়েভারাকে নিজের আসল পরিচয় গোপন রাখতে সাহায্য করেছিল। নিজস্ব নিরাপত্তার স্বার্থেই এই লড়াইয়ে প্রধান হিসেবে চে স্বয়ং আত্মপ্রকাশ করেননি। একারণেই তিনি ছদ্মনাম নিয়েছিলেন ট্যাটু। সোওয়াহিলির ২নং নেতা এই ট্যাটু।
১৯৬৫-র এপ্রিল থেকে ডিসেম্বর চে কঙ্গোতেই ছিলেন। শুধুমাত্র গেরিলাদের প্রশিক্ষণ দেওয়াই নয়, বহিঃশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও তার মোকাবিলা করাও শিখিয়েছিলেন। ফিদেল কাস্ত্রোর সঙ্গে কখনই তাঁর যোগাযোগ ছিন্ন হয়নি। উন্নত কার্যকর জ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে তাঁদের এই পারস্পরিক যোগাযোগ অটুট ছিল।
ময়সেস শম্বে পরাস্ত হলে কিউবানদের দেশ ছেড়ে যেতে বলে কঙ্গোলিয়রা। নিঃশব্দে যেমন এসেছিলেন সেভাবেই কঙ্গো ছাড়েন চে। তানজানিয়ার রাজধানীতে দার এস সালাম বিমানবন্দরে চলে আসেন। দাবার সমস্যার খুঁটিনাটি নিয়ে বই পড়তে পড়তেই বাণিজ্যিক বিমানেই সালামে আসেন চে। ছয় ঘণ্টা বিমানযাত্রা এভাবেই কেটে যায়।
আফ্রিকায় চে যে বীজ রোপণ করেছিলেন তার মূলোৎপাটন করা যায়নি। তাঁর কিছু অনুগত ব্রাজাভিলে গিয়ে পি এ আই জি সি এবং এম পি এল-এর গেরিলাদের প্রশিক্ষণ দেয়। এর নেতৃত্বে ছিলেন অ্যামিলকার ক্যাব্রাল। কিনশাসা দিয়ে এই প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলারা ক্যামিলো সিয়েনফিউস নামে অ্যাঙ্গোলায় ঢুকে পর্তুগিজদের বিরুদ্ধে লড়ে। গেরিলাদের অন্য একটি দল ক্যাবিন্ডা যায়। কঙ্গোনদী পেরিয়ে ডেম্বোয় পৌঁছায়। এখানেই অ্যাগস্টিনহো নেটো জন্মেছিলেন। পাঁচ শতক ধরে এখানকার মানুষ পর্তুগিজদের বিরুদ্ধে লড়ছেন। কাজেই অ্যাঙ্গোলায় কিউবার সৌভ্রাতৃত্বমূলক সহায়তা নিছক বিচ্ছিন্ন কোনও ঘটনা ছিল না। বরং আফ্রিকায় কিউবার বিপ্লবের নিরবচ্ছিন্ন নীতির ফলই ছিল। ১০হাজার কিলোমিটার এলাকাজুড়ে নিয়মিত লড়াই চলে। এর অর্থনৈতিক এবং মানবিক মূল্য হিসেবে আসে না। এই যুদ্ধের রাজনৈতিক ফলাফলও ছিল সূদরপ্রসারী।
আফ্রিকাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হয়েছে। ভিয়েতনামের দুঃস্বপ্ন, ওয়াটার গেট কেলেঙ্কারিতে জেরবার আমেরিকা। মার্কিন কংগ্রেসেই হচ্ছিল তখন সি আই এ-র তুমুল সমালোচনা। দক্ষিণ আফ্রিকার সমর্থনে দাঁড়াতেও দ্বিধাগ্রস্ত ছিল আমেরিকা। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নসহ অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের সৌহার্দ্য ও সমর্থন পাওয়া নিয়ে নিশ্চিত ছিল কিউবা। কিউবার কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে আসতে ২৪ ঘণ্টা সময় লেগেছিল। দ্বিধাহীন এই সিদ্ধান্ত নেওয়া হয় ৫নভেম্বর। সেই ৫ নভেম্বর, ১৮৪৩ সালের এই দিনেই মাতান্ডাস এর ট্রায়ানভিরাটে আখ মাড়াই কলে দাসবাহিনীর বিদ্রোহে নেতৃত্ব দিতে গিয়ে এক দাস নেত্রীর মৃত্যু হয়। এই আখ মাড়াই কলের নাম ছিল ব্ল্যাক কার্লোটা। ওই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে অ্যাঙ্গোলায় সৌহার্দ্যমূলক সংগ্রামের নাম রাখা হয় অপারেশন কার্লোটা।
প্রথম দফায় এই অপারেশনে সাড়ে ছ’শো সেনার এক বিশেষবাহিনী পাঠানো হয়। হাভানার হোসে মার্তি বিমানবন্দর থেকে ১৩ দিন ধরে পর পর উড়ানে এই সৈন্যরা লুয়ান্ডা বিমানবন্দরে পৌঁছায় যা পর্তুগিজ বাহিনীর কবজায় ছিল।
পর্তুগিজরা চলে যাওয়ার পর অ্যাঙ্গোলার রাজধানী যাতে শত্রুবাহিনীর দখলে না যায় তা রুখতেই এই বিশেষ মিশনে গিয়েছিল এই সেনাবাহিনী। আসমুদ্র দিয়ে নিজেদের বাহিনী আসার অপেক্ষায় ছিল তারা। কিন্তু প্রথম দুই বিমানে আসা সেনারা জেনে যায় তাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। এখন তাদের সামনে একটাই আশা ক্যাবিন্ডাকে রক্ষা করা।
৭নভেম্বর বিকেল চারটেয় কিউবার এক বিশেষ বিমানে সাধারণ নাগরিকদের বেশে নিজেদের আসল নাম ও পাসপোর্ট নিয়ে এই বিশেষ বাহিনী রওনা দেয়। এই সৈন্যরা ছিল দক্ষ, রাজনৈতিক ও আদর্শগত তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধ, শিক্ষিত। সেনাদের নিজেদের অ্যাটাচিকেসে ছিল সাবমেশিন গান। বিমানটিতে ছিল বড়সড় এক অস্ত্রাগার। প্রত্যেক সৈন্যের নিজস্ব অস্ত্র মজুত ছিল ওখানে। ছিল তিনটি ৭৫মিলিমিটার ও তিনটি ৮২মিলিমিটার মর্টার। জরুরী পরিস্থিতিতে যাত্রীদের কেবিন থেকেও যেন অস্ত্র নেওয়া যায় এভাবেই বিমানটির মেঝেতে একটি বিশেষ ঘর ছিল।
হাভানা থেকে লুয়ান্ডা যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে বার্বাডোজে জ্বালানি ভরতে নামে বিমানটি। গিনিবেসোতেও ঘণ্টা পাঁচেক অপেক্ষা করেছিল বিমানটি। কারণ রাতের অন্ধকারে গোপনে ব্রাজাভিলে উড়ে যাওয়া। সেই সুযোগে কিউবার সেনারা ঘুমিয়ে নেয়। কিন্তু এ ঘুমের স্মৃতি ছিল যন্ত্রণাদায়ক। বিমানবন্দরে মশার কামড়ে সেনাদের বিছানার চাদরগুলি রক্তাক্ত হয়ে গিয়েছিল। কঙ্গোনদীর দুপাশে মুখোমুখি দুই শহর। দুই শহরের বিমানবন্দর দুটিও একদমই কাছাকাছি। কিউবার প্রথম বিমানের চালকদের ভালভাবে দেখে নিতে হয়েছিল যাতে শত্রুবাহিনীর কবলে না পড়ে। নিরাপদেই বিমান অবতরণ করে। বিমানের ভিতরের আলো নিভিয়েই বিমানটি মাটিতে নামে যাতে নদীর ওপার থেকে দেখা না যায়। ব্রাজাভিলেতে নেমে রেডিওর মাধ্যমে অ্যাঙ্গোলার পরিস্থিতি চালকরা জানাচ্ছিলেন। অ্যাঙ্গোলার কমান্ডার জিয়েটা লুয়ান্ডায় কিউবানদের উপস্থিতির কথা জানিয়ে দেন। ৮নভেম্বর রাত দশটায় কন্ট্রোল টাওয়ারের সাহায্য ছাড়াই ঝড়বৃষ্টির মধ্যেই প্রথম কিউবার বিমানটি মাটিতে নেমে আসে। মিনিট পনেরো পরই দ্বিতীয় বিমানটি আসে। সেই মুহূর্তেই কিউবা থেকে তিনটি নৌকো রওনা দেয়। অস্ত্র, মোটরবোট চালানো দক্ষ সেনাবাহিনী এবং সশস্ত্ররক্ষী নিয়ে অ্যাঙ্গোলায় ২৭নভেম্বর নৌকোগুলি পৌঁছায়। কাজেই কিউবানদের হাতে বিশ্রামের সময় ছিল না। খাকি পোশাক পরেই তারা শরীর ভাঁজছিল। এম পি এল এ যোগ দেয় এবং প্রতিরোধে নামে।
অ্যাঙ্গোলায় কোনও কিউবানকেই জোর করে পাঠানো হয়নি। সবাই স্বেচ্ছাসেবী ফর্ম পূরণ করেই ওদেশে যায়। এ বিষয়ে কোনও সন্দেহই নেই যে, রাজনৈতিক সৌভ্রাতৃত্ববোধ থেকেই কিউবার সেনাবাহিনী অ্যাঙ্গোলার যায়। যেমন বছর পনেরো আগে গিয়েছিল। কাজেই অপারেশন কার্লোটা নিছক পেশাদার সেনবাহিনীর অভিযান ছিল না। পুরোপুরি ছিল আমজনতার যুদ্ধ।
হাভানা থেকে লুয়ান্ডার পথ একদমই সুরক্ষিত ছিল না। ১৮ থেকে ২০ হাজার ফুট উচ্চতায় হাওয়ার গতি ও অভিমুখ সম্পর্কে কোনও তথ্য পাওয়ার উপায় ছিল না। যাত্রাপথের অবস্থা না জেনেই বিমান চালকদের উড়ান চালাতে হয়েছে। জ্বালানি বাঁচাতে উচ্চতার পরিবর্তন করতে হয়েছে। ব্রাজাভিলে এবং লুয়ান্ডার মধ্যে সব থেকে বিপজ্জনক ছিল বিকল্প বিমানবন্দর না থাকা। অস্ত্র হাতেই সৈন্যরা হাঁটছিল। সঙ্গে ছিল বিস্ফোরক এবং রকেট।
আমেরিকা এক্ষেত্রেও নাক গলানোর চেষ্টা করেছে। বার্বাডোজ সরকারকে বিমানে জ্বালানি ভর্তি করার ক্ষেত্রে বাধা দেওয়ার কুমন্ত্রণা দেয় আমেরিকাই। বদলি পথ কিউবাই ঠিক করে নেয়। কিউবার একেবারে পূর্বদিকে হলগুইন থেকে কেপ ভার্দের লবণ দ্বীপপুঞ্জ পথেই যাওয়া ঠিক হয়।
জ্বালানির সমস্যা মেটাতে জ্বালানি ভর্তি নৌকো পাঠায় কিউবা। কিন্তু দুর্ঘটনায় যাবতীয় জ্বালানি মাটি এবং জলে মিশে যায়। এত প্রতিকূলতার মধ্যেও গুয়ানিজ সরকার কিউবানদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখায়। যদিও জর্জটাউন বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি গুয়ানিজ সরকারকে দেন ওদেশে অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত।
জ্বালানি ভর্তি কিউবার নৌকোগুলি সবরকম মার্কিন আক্রমণের মুখে পড়ে। বোমারু বিমান দিয়ে নৌকোগুলিকে উড়িয়ে দেওয়ার সবরকম চেষ্টা চালায় আমেরিকা। নৌকোগুলিকে নানাভাবে কবজা করার চেষ্টা করা হয়। বোমারু বিমান থেকে নৌকোর ছবি তোলা হয়। মাটির খুব নিচ দিয়ে উড়ে গিয়ে বোমা মেরে নৌকোগুলিকে ধ্বংস করে ফেলারও চেষ্টা হয়। নভেম্বরের শেষে কিউবান জেনারেল চিফ অফ স্টাফ অ্যাঙ্গোলায় বদলি হন।
অবশ্য কিউবান সহায়তা চাইতে দেরি করেছিল অ্যাঙ্গোলা। সম্পদের স্থানান্তরও জোর করে মন্থর করা হয়েছিল। পাঁচশো বছরের একচেটিয়া ঔপনিবেশিক শাসনে দারিদ্র্য এবং সাংস্কৃতিক পশ্চাৎপদতায় ধুঁকছিল অ্যাঙ্গোলা। এই যাবতীয় প্রতিবন্ধকতাই ক্রমশ কিউবান সেনা এবং অ্যাঙ্গোলার সশস্ত্র মানুষকে একসূত্রে বেঁধে ফেলে।
সভ্যতার বর্মের অন্দরে দারিদ্র্যের বিস্তীর্ণ অঞ্চল। অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিচে। নিরক্ষরতার হার ৯০ শতাংশের বেশি। সাংস্কৃতিক পরিস্থিতি প্রায় প্রস্তর যুগেরই মতো। দেশের শহরগুলিতে পুরুষরা পর্তুগিজ ভাষায় কথা বলেন। একই বাড়িতে সাতজন স্ত্রী বহাল তবিয়তে থাকেন। দৈনন্দিন জীবনের পাশাপাশি যুদ্ধ নিয়েও রয়েছে কুসংস্কার। অ্যাঙ্গোলিয়দের সবসময়ই বোঝানো হয়েছে যে সাদা চামড়ার মানুষদের বুলেট বিদ্ধ করতে পারে না। বিমানকেও তারা ভয় পেত। পরিখায় নেমে যুদ্ধ করতে তারা চাইত না। তারা বলত পরিখা কাটা হয় শুধুমাত্র মৃত ব্যক্তিদেরই জন্য। চে গুয়েভারা কঙ্গোয় দেখেছিলেন, কামানের গোলা দেখে তারা নেকলেস এবং সাবমেশিনগান এর গুলি দেখে ব্রেসলেট বের করত। যুদ্ধের ভয় এড়াতে তারা মুখে কাঠকয়লার গুঁড়ো সারা মুখে মেখে রাখত। এ ধরনের সাংস্কৃতিক অস্বাভাবিক চে কে দারুণভাবে নাড়া দেয়। এ নিয়ে পড়াশোনাও শুরু করেন তিনি। অ্যাঙ্গোলিয়দের ভিতর থেকে সংশোধন করার লক্ষ্যে সোয়াহিলি ভাষায় কথা বলতেও শেখেন। মানুষের মনের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। মানসিক ঔপনিবেশিকতাকে বুলেটবিদ্ধ করে পরাজিত করা সম্ভব এ ধারণাই পোষণ করতেন চে।
যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর রাখতেন ফিদেল কাস্ত্রো। সমস্ত জাহাজ পাঠানোর সময় তিনি নিজে হারিয়ে ছিলেন। জাহাজ ছাড়ার আগে লা ক্যাবানা থিয়েটারে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য ঝাঁঝালো ভাষণ দেন ফিদেল। প্রথম যুদ্ধ বিমানের স্পেশাল ফোর্সের কমান্ডার চালকদের সঙ্গে তিনি নিজে গিয়ে দেখা করেন। নিজে তাঁর সোভিয়েত জিপ চালিয়ে ওই চালকদের বিমানে তুলে দেন। অ্যাঙ্গোলায় মানচিত্রের এমন কোনও অংশ তখন ছিল না যা ফিদেলের নখদর্পণে ছিল না। এমন কোন ঘটনা ঘটেনি যা ফিদেল জানতেন না। যুদ্ধের প্রতি তাঁর মনোযোগ এতটাই ছিল, প্রতিটি বিষয়ে তিনি এতখানি খুঁতখুঁতে ছিলেন যে, অ্যাঙ্গোলার ওপর যে কোনও পরিসংখ্যান দিতে পারতেন। অ্যাঙ্গোলার প্রতিটি শহর, সেখানকার প্রথা, মানুষ সম্পর্কে এতটাই বিশদে জানতেন ফিদেল যেন দেশটা কিউবা এবং সেদেশে সারা জীবন কাটিয়েছেন তিনি।
যুদ্ধের শুরুতে পরিস্থিতির চাপ যখন ভীষণ ছিল প্রায় চোদ্দ ঘণ্টা কিছু না খেয়ে এমনকি না শুয়ে একভাবে জেনারেল স্টাফ কমান্ড রুমে কাটিয়ে দিয়েছেন ফিদেল। মনে হতো তিনি যুদ্ধক্ষেত্রে রয়েছেন। যুদ্ধের যাবতীয় খবর, মানচিত্রের ওপর প্রখর দৃষ্টি, এম পি এল এ হাইকমান্ডের সঙ্গে সবসময় যোগাযোগ এভাবেই দেখে চলেছেন ফিদেল। সেই অনিশ্চিত দিনগুলিতে তাঁর প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা যেত জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীকে ঠেকাতে একটি ব্রিজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য চাপ আসে এম পি এল এ-র এক ইউনিটের ওপর। তখনই ফিদেলের বার্তা পৌঁছায় তাদের কাছে ‘‘আর কোনও ব্রিজ ওড়াবেন না। কারণ পরে তা গড়ে তুলতে পারবেন না।’’ ফিদেল ঠিকই বলেছিলেন। এর হপ্তাকয়েক পরেই অ্যাঙ্গোলা এবং কিউবার ইঞ্জিনিয়ারদের একটি দলকে ২০ দিনের মধ্যে ১৩টি সেতু মেরামত করতে হয়।
২২ ডিসেম্বর, পার্টি কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে অ্যাঙ্গোলায় নিজেদের বাহিনীর লড়াইয়ের কথা সরকারীভাবে স্বীকার করে কিউবা। যুদ্ধের পরিস্থিতি ছিল অনিশ্চিত। সমাপ্তি ভাষণে ফিদেল বলেন, ক্যাবিন্ডায় অনুপ্রবেশকারীদের ৭২ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উত্তর সীমান্তে ১০ই নভেম্বর লুয়ান্ডা থেকে ২৫কিলোমিটার দূরে ছিল হোল্ডেন রবার্তোর বাহিনী। ১০০কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয় তারা। অন্যদিকে ২০দিনের মধ্যে ৭০০কিলোমিটার চলে আসা দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীকে লুয়ান্ডা থেকে ২০০ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়। এরপর ওই বাহিনী আর এগোতে পারেনি। ১২ই জানুয়ারি ও ইউ এ কনফারেন্স হয় আদ্দিস আবাবায়। এর দিন কয়েক আগে কিউবার কমান্ডার ভিক্টর স্কুয়েগ কোলাস এর নেতৃত্বে কিউবার সেনা শহর দখল করে। এর কয়েক ঘণ্টা পরই পৌঁছয় নিগেজ সেনা ঘাঁটিতে। জানুয়ারির গোড়াতেই লুয়ান্ডার দিকে ১৫টি কিউবান নৌকো রওনা দেয়। এম পি এল এ-র আক্রমণাত্মক অবস্থানের ফল তাদের পক্ষে ইতিবাচক হয়। দক্ষিণ আফ্রিকার ক্যামবেরা বিমান ছিল। জাইরে মিরাজ এবং ফিয়েট নিয়ে নেমেছিল। অ্যাঙ্গোলার উড়ানবাহিনী ছিল না। কারণ পর্তুগিজরা যাওয়ার আগে বিমানঘাঁটিগুলি নষ্ট করে দিয়ে যায়। থাকার মধ্যে ছিল কিছু পুরানো ডিসি-৩ যা কিউবার বিমানচালকরাই চালায়। অনেকক্ষেত্রেই রাতে এগুলিকে নামাতে হয়েছে। একটি পয়েন্টে অবশ্য মিগ-১৭ ছিল কিন্তু তা শীর্ষ সেনা কমান্ডের জন্য রাখা ছিল। লুয়ান্ডার আত্মরক্ষার জন্যই শুধু সেটি ব্যবহার করা যেত।
মার্চের শুরুতে উত্তর-সীমান্ত ব্রিটিশ ভাড়াটে বাহিনী এবং গ্রিনগোদের পরাজয়ে মুক্ত হয়। এই গ্রিনগোদের বলবৎ করেছিল সি আই এ। সমস্ত বাহিনী দক্ষিণের দিকেই শক্তি জড়ো করেছিল। একইভাবে বেনগুয়েলা রেলপথ মুক্ত হয়। ইউনিটা ভেঙে পড়ে।
মার্চের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকার বাহিনী রণে ভঙ্গ দেয়। এম পি এল এ ধীরে ধীরে যুদ্ধকে দক্ষিণ আফ্রিকার ভূখণ্ডের দিকে নিয়ে যেতে সমর্থ হয়।
এই পরিস্থিতি কৃষ্ণাঙ্গ আফ্রিকার সমর্থন পায়। রাষ্ট্রসঙ্ঘের ও সদস্যদের একটি বড় অংশ জাতি বিদ্বেষের তীব্র বিরোধিতা করে। কিউবার লড়াকু যোদ্ধারা দক্ষিণ সীমান্তে যাওয়ার জন্য তৈরি ছিলেন। শুধু নির্দেশের অপেক্ষা। ২৭ই মার্চ, দক্ষিণ আফ্রিকার পলাতক বাহিনী সীমানা পেরিয়ে নামিবিয়ায় শরণার্থী হিসেবে ঢুকে পড়ে। নির্দেশমতো পরিত্যক্ত অঞ্চলগুলি দখল করে এম পি এল এ। যে কোনও জাতির শ্রমিকদের কল্যাণের প্রতিশ্রুতি দেয় এম পি এল এ।
১লা এপ্রিল, সকাল সওয়া ন’টায় কিউবার কমান্ডার লিওপোল্ডো সিন্ট্রাস ফ্রিয়াস এর নেতৃত্বে রাউকানা অঞ্চলে আসে। এর সওয়া ঘণ্টা পর নামিবিয়ায় দক্ষিণ আফ্রিকার গভর্নর জেনারেল ইউয়েফ এম পি এল এ-র সঙ্গে আলোচনার জন্য সীমানা পেরনোর অনুমতি চান। ফ্রিয়াস তিনি এবং তাঁর বাহিনীর দুই অফিসারকে নিয়ে আসেন। দু’দেশের সীমান্ত অঞ্চলে এক কাঠের বাড়িতে লম্বা ডাইনিং টেবিলে মুখোমুখি হন দু’পক্ষের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন দোভাষীরাও। জেনারেল ইউয়েফ এম পি এল এ-র সমস্ত শর্ত মেনে নেন। ঐক্যমত্যে পৌঁছতে দু’ঘণ্টা সময় লাগে।
মে মাসের শেষে স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ওলোফ পাম এর সঙ্গে দেখা করতে যান হেনরি কিসিংগার। স্টকহোম ছেড়ে যাওয়ার আগে আন্তর্জাতিক মিডিয়াকে বলেন অ্যাঙ্গোলা থেকে কিউবার বাহিনী প্রত্যাহৃত হওয়ার কথা জানান। তাঁর মতে, ওলোফ পামকে ফিদেল কাস্ত্রোর লেখা একটি ব্যক্তিগত চিঠিতে এখবর আছে। কিসিংগারের আনন্দের কারণ বোঝা যায়। কিউবার বাহিনীর চলে আসা মার্কিন জনমতের চাপকে অনেকটাই শিথিল করে। নির্বাচনী প্রচারে এই চাপ মার্কিন প্রশাসনের ওপর ছিল।
আসল ঘটনা এই ফিদেল কাস্ত্রো ওলোফ পামকে এ ধরনের কোনও চিঠিই লেখেননি। খবরটি সত্য হলেও অসম্পূর্ণ ছিল। বাস্তবে অ্যাঙ্গোলা থেকে কিউবান সেনাদের ফিরিয়ে আনার পরিকল্পনা ফিদেল কাস্ত্রো এবং অ্যাগস্টিনহো নেটোর মধ্যে ১৪ মার্চ কোন্যাক্রির বৈঠকে স্থির হয়। ওই সময় জয় নিশ্চিত জানা হয়ে গেছে। ধাপে ধাপে কিউবান সেনা অপসারণের কথা বলা হয়। তবে এও ঠিক হয়, যতদিন প্রয়োজন ততদিন একটি নির্দিষ্ট সংখ্যক কিউবান সেনা অ্যাঙ্গোলায় থাকবে। যতদিন না একটি শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তাদানে সক্ষম এবং দেশের স্বাধীনতা রক্ষায় কৃতকার্য বাহিনী গড়ে না ওঠে ততদিন এই কিউবার সেনারা থামবে। এক্ষেত্রে অন্য কারও সাহায্য নেওয়া হবে না।
এই সময় কিউবার মানুষের অন্তরে, পারিপার্শ্বিক বিষয়ে, প্রাণী এবং সমুদ্রে তথা কিউবানদের জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে যা সংজ্ঞায়িত করা যায় না।
কিউবা এবং অ্যাঙ্গোলার প্রতিবাদী শক্তির অভিজ্ঞতা ছিল এটাই যে বিশ্বের ইতিহাস পরিবর্তনের ক্ষেত্রে তাদেরও কিছু অবদান রয়েছে। স্বাভাবিক এবং সৌজন্যবশত তারা শুধু নিজের দায়িত্ব মনোযোগসহ পালন করেছে।
সব মিলিয়ে বিপ্লবের এই একমুখী বিজয় কিউবার বাসিন্দাদের মধ্যে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার ঘটায়। অ্যাঙ্গোলার কাছে এই জয় অত্যন্ত প্রয়োজন ছিল এবং এই জয়ের নেপথ্য কারিগর কিউবাকে অভিবাদন জানাতে অ্যাঙ্গোলা কার্পণ্য করেনি।
(১৯৭৬সালে বিশ্ব বরেণ্য নোবেল জয়ী সাহিত্যিক গার্বিয়েল গারসিয়া মার্কেস এই উপন্যাসটি লিখেছিলেন। বিখ্যাত এই উপন্যাসটি বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


