আমি যেতে চাই
যতদুর চোখ যায়,আমি যেতে চাই-
ধানের ডগায় বসে থাকা ঘাস ফড়িঙের পিছুপিছু।
আমি যেতে চাই সীমানা পেরিয়ে -যেদিকে দুচোখ যায়।
যেদিকে দুচোখ যায়।
সীমান্ত রেখা মানি না আর আমি।
কৃত্রিম বিধি নিষেধ আমার ভাল লাগে না আর।
কতদিন সবুজ দেখিনা,
ধু ধু বালুচর দেখিনা,
চৈত্র মাসের নি:স্তরঙ্গ পদ্মা দেখিনা।
মেঠো পথের আইলে আইলে দুর্বাঘাস
পাঁয়ে পাঁয়ে মাড়ানো হয়না কতকাল।
নি:সঙ্গ ঘুঘুর ডাকে কতদিন জুড়ায় না পরান।
পুকুরের জলে চাড়া ব্যাঙ লাফায় না বহুদিন।
আমি যাবো,
সবুজ মাঠে যাবো,
প্রাণ পাওয়া নদিতে ডুবসাতারে দুচোখ লাল করবো,
খালি পায়ে বাড়ী ফিরবো,
মায়ের বকুনি খাবো।
কাঠফাটা চৈত্রের রোদে আলুথালু ঘুরে বেড়াবো,
পাড়ার ছেলেদের সাথে ডাংগুলি খেলবো,
ছিপ ফেলে পুটি ট্যাংরা মাছ ধরবো ।
আমি যেতে চাই,
এই করোনাকাল উপেক্ষা করেই।
আমি যাবো, যাবো, যাবো, যাবো।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



