শেভ করতে গিয়ে আমি কখনও
আফটার শেভ ব্যবহার করি না
ওটা বিলাসিতা,আমার কোন বিলাসিতা নেই ।
রিকশা বা ট্যাক্সিতে চড়ার সামর্থ্য নেই
বলে যে কোন গন্তব্যে আমি হেঁটেই যাই
বাসের ভিড় ভালো লাগে না বলে নয়
আমি তখন পর্যটক হয়ে যাই, যেন
'হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে'
হাঁটা এখানে বিলাসিতা নয় ।
প্রায় দুপুরে আমাকে বাইরে খেতে হয়
আমি সস্তা রেঁস্তোরাগুলোকেই বেছে নিই,
ভোজনরসিক হওয়ার চাইতে কেবল
উদরপূর্তিটাই গুরুত্বপূর্ণ বলে,
বিলাসিতা আমাকে মানায় না যে !
হাজার বছর হাঁটতে হাঁটতে যখন পৃথিবীর কথা ভাবি
সে ভাবনায় কোন লাগাম পরাই না আমি
আফটার শেভ লোশনের গন্ধের চাইতে
তোমার চুল, বুক আর ঘামের গন্ধই আমার
কাছে অধিক লোভনীয় ।
দামি রেঁস্তোরার ভোজনরসিক হওয়ার চাইতে
তোমার দূরত্বটা অতিক্রম করা অনেক জরুরি ।
বস্তুত আমার সকল বিলাসিতা তোমাতেই সীমাবদ্ধ
তুমিই আমার একমাত্র বিলাসিতা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


