
ধ্বংসের বহুদিন পূর্বে যখন সব ঠিকঠাক ছিল-
চারপাশ ছিমছাম ছিল, তখন আমিও স্বাভাবিক ছিলাম,
স্বাভাবিকভাবে সব চলছিল, কোনো ব্যাত্যয় ঘটে নি কোথাও;
ভাবি নি তখন এমন হারাবে সুসময় ধ্বংসে প্লাবনে ভেসে,
বুঝি নি ভেঙে যাবে সাজানো জীবন ধ্বংসের ফেনিল স্রোতে।
এরপর যখন ধ্বংসের শুরু হলো আমার ভুবনজুড়ে,
তখনও আমি বেঁচে ছিলাম অনেক আশায় ভর করে,
ধ্বংসের মূহুর্তগুলো হায়েনার বেশে খুবলে খাওয়া শুরু করলো,
আমি তারপরও বেঁচে ছিলাম- অনেক আশা ছিল বলে।
অনেক আশায় ছিলাম আরাধ্য সুসময় ফিরে আসবে আবার,
সঠিক সময়েই সে আসবে ধ্বংসের লেলিহান শিখা নেভাতে।
অনেক দিনের পরে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমি;
একদিন যে আমি স্বপ্নে বাঁচতাম, স্বপ্নে স্বপ্নে আশা কুড়াতাম,
আজ আর আমি স্বপ্নে বাঁচি না, সুসময়ের কোন আশা করি না।
শত আঘাতে জর্জরিত ক্লান্তির সাগরে অবগাহন করেছি অনেক,
এখন তাই আর স্বপ্ন দেখি না, স্বপ্নের ভিড়ে ঘুরে ফিরি না আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
