
আজন্ম পৃথিবীর প্রতিটা মানুষ খুঁজেছে তোমায়,
চেয়েছে তোমায় ছুঁয়ে ছোঁবে তারা সর্বোচ্চ শিখড়,
যেখানে সাদাচোখেই পৃথিবীটা দেখাবে বেজায় রঙীন,
সেখানে স্থান-কাল-পাত্র সবটাই হবে অনুকূলে তার।
হাজারো লোকের ভিড়ে নিজেকে কিছু আলাদা করে
দেখতে কে না চায়- কোন নিতান্ত পাগল ছাড়া?
তাই বুদ্ধিপ্রাপ্তির সাথেই ব্যগ্র মানুষ খুঁজেছে তোমায়,
ভেবেছে তোমায় পেয়ে আমূল বদলাবে যাপিত জীবন,
সাধারণের মোড়ক ছেড়ে হয়ে উঠবে বিশেষ কেউ এক,
চিরায়ত পরিবার-সমাজ ছাঁপিয়ে হয়ে উঠবে বিশ্বজনীন।
নিশি-দিন তোমাকে খুঁজে কেউ কেউ পেয়েও যায়,
সাধারণের মাঝে তারা হয়ে ওঠে কেউকেটা ভদ্রজন;
সকলে তাদের চেনে- মিডিয়ার নিয়মিত প্রচার দেখে,
তারাই আদর্শ মানব, বাকি সব যেন ইতর শ্রেণীর।
ভাগ্যের বিড়ম্বনায় অনেকেই আবার পায় না তোমায়,
আধুনিক এ সমাজে সে-যে তাই অস্পৃশ্য নিচু বর্ণের।
এদের মাঝেই আবার কিছু কিছু উন্মাদ থেকে যায়-
সবকিছুর মাঝে সবার থেকে নিজেদের আলাদা ভাবে।
স্বেচ্ছায় চায় না তোমাকে, তুমি ছাড়া জীবন তাদের,
তারা সব পাগলশ্রেণীর কিছু ভিন্ন মানব এ ধরণীর,
“না পাওয়ার” ফ্যান্টাসিতে থাকা অন্যরকম সুখলোভী।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


