(সেঞ্চুরি সবাই চার ছয় মেরে করে, আর আমি নিচ্ছি বাই রান ... কপাল ...)
সুচৌদা, ওরফে সুমন চৌধুরী আমাদের মাঝে ফিরে এসেছেন। গোরাদের দেশের চিকিৎসায় চোখের বালি দূর হতে না হতেই এই নষ্টনীড়ে ফিরে এসেছেন তিনি। তাঁকে জানাই স্বাগতম।
আরো ফিরে এসেছেন পেস্টমাস্টার (পোস্টমাস্টার নয় কিন্তু) জাকিরুল হক তালুকদার। তাঁকেও জানাই স্বাগতম। মিষ্টভাষী এই ব্লগার বহুদিন আমাদের ছেড়ে অভিমানে ব্লগান্তরী হয়েছিলেন, তাই তাঁকে ফিরে পেয়ে আমরা আহ্লাদিত, বিশেষ করে আমি। কই জাকিরুল, ব্লগান কিছু!
কিন্তু আমাদের ছেড়ে হাওয়া হয়েছেন জনপ্রিয় আদম বদুদা ওরফে বদরুল ভাই। জগন্নাথগঞ্জ নাকি সৌদি মুল্লুক কোথায় যে তিনি এখন কার চঞ্চুতে চঞ্চু ঠেকিয়ে কী আলাপনে ব্যস্ত তা নিরূপণে আমরা অক্ষম। তবে নিন্দুকেরা বলে তিনি কোন নারীর ছদ্মনিক নিয়ে কবিতা লিখে ব্লগের বেগানা পুরুষদের মন জয়ে লিপ্ত। তবে আমরা তা বিশ্বাস করিনি। ফিরে আসুন বদরুল ভাই, এই নিন্দার প্রতিবাদ করতে অন্তত ।
এ ছাড়া ব্লগের অন্যতম ফলদ ব্লগারু শোমচৌদা তৃতীয় (মতান্তরে চতুর্থ) শতক হাঁকিয়ে তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন (তৃতীয় ভাবী কি না তা শোমচৌদা বলেন নাই, তবে নিন্দুকেরা এটা নিয়ে কানাঘুষায় লিপ্ত, শোমচৌদা নিজেও তিন সংখ্যার ফজিলত অকৃপণ কণ্ঠে স্বীকার করেছেন)। তাঁকে জানাই অভিনন্দন।
সবশেষে বিশেষ ঘোষণা জানাই। আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, জাতীয় প্রেমিক, প্রাতস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হুসেইন মুহাম্মদ এরশাদের সাম্প্রতিক রাজনৈতিক স্টান্টবাজির প্রেক্ষিতে আগামী শুক্রবার ব্লগে "এরশাদ দিবস" পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরশাদের একটি লোগো শীঘ্রই প্রস্তুত করে দেয়া হবে, সেই লোগো পোস্টে সেঁটে আপনারা এই কালজয়ী (আসলেই!) প্রেমিকপ্রবরের ওপর শাঁসালো লেখা জমা দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার (মিস্টার অ্যান্ড মিসেস শোমচৌদার সৌজন্যে)।
ব্লগ সংবাদ আপাতত এখানেই শেষ করছি, ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




