এতিমখানার মাঠের শেষ প্রান্তে নদীর তীরে বসে আছেন আসগর সাহেব। সূর্য পাটে বসেছে। শেষ বিকেলের এ সময়টি তার বেশ প্রিয়। সারা দিনের ব্যাস্ততা শেষে ক্লান্ত দেহে সবাই ঘরে ফেরে একটু শান্তির আশায়, অবসর আসগর সাহেব তা দেখে সুখ পান। এতিম খানায় এলে এ জায়গাটিতে বসে রোজ তিনি ভাবেন পাটে বসা সূর্যটির মতই এখন তিনি। তিনিও জীবনের দ্বার প্রান্তে এসে পৌছেছেন, যেনো পাটে বসেছেন। তফাৎ এইটুকুই আজ যদি তিনি চোখ বোজেন তবে কাল আর জেগে উঠবেন না, কিন্তু সূর্যটি আজ ঘুমিয়ে গেলেও কাঠ ঠিকই জেগে উঠবে, যদিনা কেয়ামত ঘটে যায়। বাইরের দিক থেকে আসগর সাহেব মনে করেন তিনি নিজে একজন সফল ব্যক্তি, সমাজের সবাইও তাই ভাবেন। কিন্তু বাস্তবিক অর্থেই কি-----------------------------------------------
ফিরে যান ৪৫ বছর আগের সময়ে। সবে ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছেন। ২৫ বছরের পূর্ণ যুবক। ভার্সিটিতে ঢোকার আগে স্বপ্ন ছিলো অধ্যাপনার কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে বেশ ভাল ভাবেই বুঝতে পারেন এখানে শুধু ভাল ফল হলেই হবেনা পাশাপাশি শিক্ষকদের যে যত বেশী তোষামোদ করতে পারবে তার সম্ভাবনা তত বেশী। কাউকে তোষামোদ করা আসগর সাহেবের ধাঁতে নেই, তাই অধ্যাপনার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছে।
নিয়মের মাঝে কখনো চলতে পারেননি তিনি। অনিয়ম করাই ছিলো তার নিয়ম, তাই চাকরী-বাকরীতে মন তেমন সায় দিলনা । তাছাড়া মধ্যবিত্ত, না না নিম্নমধ্যবিত্তই মানানসই। নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে তিনি। চাকরী হতে যে মামা-খালু লাগে তার সেরকম কেউ নেই। এছাড়া ঘুষ দিয়ে চাকরী ! একাজের ঘোর বিরোধী তিনি। তার পরেও একের পর এক সিভি জমা দিয়ে যান বিভিন্ন অফিসে, পাশাপাশি টুকটাক ব্যবসার চেষ্টা। শেয়ার বাজারে মার খান, তার পরে আরো একটি ব্যবসায় লস! পরিবার থেকে সমর্থন না করলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন চাকরী নয় ব্যবসা দিয়েই উপরে উঠবেন। তিনি চাকরী করবেন না বরং শত শত মানুষকে চাকরী দেবেন। আজ তার দূরবস্থার সাথী কেউ হতে না চাইলেও তিনি খুব ভাল করে জানেন তার সফলতার ভাগীদার স্বেচ্ছায় সবাই হবেন। বাস্তববাদী আসগর সাহাবের কাছে আবেগের ঠাই নেই, বাস্তবতাকে সামনে রেখে চলেছেন সর্বদা।
দুটো ব্যবসায় মার খেয়ে তৃতীয় বারের মতন অল্প কিছু টাকা নিয়ে বন্ধুদের সাথে শেয়ারে ব্যবসায় নামলেন। কাপড়ের শোরুম দিলেন প্রথম নিজের এলাকায় খুব ছোট পরিসরে। লক্ষ্য ছিলো এটিকেই দেশের প্রথম সারির একটি ব্রান্ডে পরিনত করা। ভাগ্য বার বার বিরুপ হয়না। এবার অল্প দিনেই লাভের মুখ দেখলেন।মান ভাল কিন্তু দাম কমের কারনে হু হু করে জনপ্রিয়তা বাড়তে থাকে। কয়েক বছরের মাথায়ই দেশের সেরা ব্র্যান্ডগুলোর মাঝে জায়গা করে নিলো তাদের ব্রান্ডটি। চাহিদা বাড়াতে বাইরে থেকে কাপড় না নিয়ে নিজেরাই গার্মেন্ট দিলেন। দেশের চাহিদা পূরন করে দেশের বাইরেও যেতে লাগল তাদের কাপড়। তাদের মূল লক্ষ্য ছিলো তুলনামূলক সবচেয়ে কম দামে সর্বোচ্চ কোয়ালিটি দেয়া, যার ফলে এত তাড়াতাড়ি এতটা সুখ্যাতি পেয়েছেন।
পাঁচ বছরের মাঝে বন্ধুরা বিয়েশাদী করে সংসারী হলো, কিন্তু বাবা-মায়ের শত আবদার-অনুরোধের পরেও বিয়ে করতে রাজী হলেন না আসগর সাহেব। তার বদ্ধমূল ধারনা ছিল বিয়ে তার সফলতার অন্তরায় হয়ে দাড়াবে। নিজের সিদ্ধান্তেই তাই অটল ছিলেন।
আস্তে আস্তে চতুর্মুখী ব্যবসায় জড়িয়ে যান আসগর সাহেব। বেশ কয়েকটি গার্মেন্ট, একার মালিকানায় বন্ধপ্রায় পাটকল কিনে সেটাকে দেশের সেরাগুলোর মাঝে একটিতে পরিনত করেছেন। এছাড়াও বাইরে থেকে বিভিন্ন জুয়েলারী ইম্পোর্ট করে সেগুলোতে ভিন্নতা আনেন এবং আবার এক্সপোর্ট করেন। প্রচুর ইনকাম এই জুয়েলারী ব্যবসা থেকে। গতানুগতিক ধারার বাইরে থেকে একটু ভিন্ন, টেকনিক্যালি কাজ করেন বলে এই সফলতা।
পঞ্চাশের দিকে এসে ব্যবসা থেকে অন্যদিকে মনযোগ দেন। নিজ গ্রামকে গড়ে তুলেছেন একটি আদর্শ গ্রামের মডেল হিসেবে। কি নেই এই গ্রামে। প্রকৃতির মাঝে প্রযু্ক্তির ছোঁয়া। হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ সব করেছেন এখানে, যার অধিকাংশ খরচ আসে তার একেকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে।
বাবা-মা মারা গেছেন অনেক দিন আগে। মাঝে তারা বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু আসগর সাহেব রাজী হননি তার অর্জিত সম্পদ শেষ কালে ছেলে মেয়ে যদি খারাপ পথে নষ্ট করে সেই ভয়ে। উত্তরাধীকারী বলতে একটি মাত্র বোন। আসগর সাহেবের মতন এরকম বিত্তশালী না হলেও সে ভাল আছে। ভাইয়ের সম্পদ নিজের হবে, কখনো ভুলেও এরকমটি ভাবেনি। আসগর সাহেব জানেন তিনি চোখ বুজলে শিয়াল শকুনের অভাব হবেনা। তাই সমস্ত সম্পত্তির ৬০% বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, স্কুল-কলেজে লিখে দিলেন।
জীবনের শেষ পর্যায়ে এসে এখন ঘুরে ঘুরে দিন কাটাচ্ছেন। কিছু দিন তার বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সাথে কাটলে কিছু দিন কাটে এতিমখআনায়, আবার কিছুদিন হয়ত কলেজের ছাত্রাবাসের ছাত্রদের সাথে। বাকী জীবনটা এভাবেই কাটানোর ইচ্ছে তার।
সমাজে উচু স্তরের একজন সফল ব্যক্তি তিনি। বাইরে থেকে খুব সুখী দেখালেও আসলেই কি তাই(?) তিনি নিজেও এখন এই প্রশ্নটি করতে ভয় পান, কেননা এই উত্তর তার জানা নেই। তিনি যখন বুঝতে পেরেছেন স্ত্রী-সন্তান ছাড়া একটি মানুষ কোন ভাবেই পরিপূর্ণ হতে পারেনা তখন আর সময় ছিলনা কিছু করার। তাই নিজের কাছে হেরে যাবার ভয়ে বাইরে থেকে তাকে মানুষ যেভাবে দেখেন তিনি নিজেকে ঠিক সেভাবেই দেখেন, ভাবেন। কেননা তিনিতো হারবার পাত্র নন। জীবনে কোনদিন হার মানেননি। তার পরেও মাঝে মাঝে এই একটি ব্যাপার নিয়েই বেশ উদাশ হয়ে যান..........!!!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



