পাখিরা যখন অতি অতি দূর, মনে হয় তুমি কোন যুগে কখনও ছিলে না।
জানলার বাতাস খুলে ঘুমায়ে আছি। ভেঙে ভেঙে, হারায়ে, মিলায়ে
তুমি এলে। হাজার জারুলের রঙ, আলো-ভাঙা অন্ধকারের এক লক্ষ পাখি ভেসে বয়ে গেল। কোটি দেহে কোটি দেহ ছড়ায়ে দিল অন্যজাতের ঘ্রাণ। অমলিন ঘুম তবু সেই ঘুমায়ে আছি...
নয়তো
গেঁথে আছি বাবলার ডালে, বাঁকানো গাছটির প্রায় সব নুয়ে আছে খালের জলে। কোন এক হাহাকার করা কুমির আমার চোখে তার চোখ ডুবালো। হাজার খানেক ইঁদুর সেই বাবলার যত মূল ছিল দাঁতে কেটে যাচ্ছে অবিরাম। আমি বাবলাসমেত কুমিরমুখো গলে পড়লাম। জলে আমি জল, জলের ভেতর পাতা জল, কাঁটাও জল...
সব যে যার মতো ফুরায়ে গেল...ফুলেরা ফুরায়ে গেলে মনে হয় তুমি ছিলে,
পাখিরা যখন অতি অতি দূর, মনে হয় তুমি কোন যুগে কখনও ছিলে না।
ছবি: ভিনসেন্ট ভ্যান গগ
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



