somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টান

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসের আটাশ তারিখে কুলসুম জানতে পারল তার এ বাড়ির কাজ চলে গেছে! সাহেব খেতে বসে তরকারিতে মাছের আইশ পেয়েছিলেন, এই অপরাধে বিনা নোটিশে কুলসুমের চাকুরী নট। কুলসুম বেশ অবাক হয়েছে; মাছটা কেটেছিল সে, কিন্তু রান্না করেছেন বাড়ির কর্ত্রী বেগম সাহেবা। সে যদি মাছে আইশ রাখার অপরাধে অপরাধী হয়, তাহলে আইশঅলা মাছ দিয়ে তরকারি রান্না করে বেগম সাহেবাও নিশ্চয়ই অপরাধ করেছেন!
কুলসুম যেদিন প্রথম এই বাসায় কাজে আসে, সেদিনই দারোয়ান মজিদ সাবধান করেছিল, ‘বেশি কাউর করবা না, কাম ছুইট্টা যাইব!’ কুলসুম ‘কাউর’ করেনি, তারপরও এতোটুকু অপরাধে এতো বড় শাস্তি পেতে হল!

চলে আসার সময় কুলসুম খালাম্মার কাছে গিয়েছিল; লাভ হয়নি। কুলসুম বলেছিল, ‘খালাম্মা, আপনে একটু খালুজানরে বুঝায়া কন।’
নাসিমা চৌধুরী বললেন, ‘নিয়নের আব্বুর সিদ্ধান্ত, আমার আর কিছু বুঝিয়ে বলার নাই। কাল থেকে আর আসিস না, আর যাওয়ার সময় বাকি টাকাটা নিয়ে যাস।’

কুলসুমকে বিদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সপ্তাহে। সিদ্ধান্ত নিয়েছেন কর্ত্রী নিজেই। কর্তাকে বুঝিয়েছেন, কুলসুমের হাত টান, প্রায়ই এটা সেটা চুরি করে; কর্তা রায় ঘোষণা করেছেন। আসল কারণ ভদ্রলোক জানেননি; নাসিমা চৌধুরীর ধারণা কুলসুমের সাথে তাঁর স্বামীর ইটিস-পিটিস আছে!

কুলসুম মোটামুটি অথৈ সাগরে পড়ে গেল! এই একটা বাসাতেই সে কাজ করতো। প্রথম দিন খালাম্মা জিজ্ঞেস করেছিলেন, ‘আর কয়টা বাসায় কাজ করো?’
কুলসুম বলেছিল, ‘৩টা!’ কথাটা সত্যি না। কুলসুম কাজ করে দুইটা বাসায়; একটা ব্যাচেলর মেসে আরেকটা এক আধ-পাগল কবির বাসায়।
-‘মোট কতো টাকা পাও?’
আঙ্গুলে গুনে কুলসুম বলেছিল, ‘আস্ট হাজার।’ এই কথাটাও মিথ্যা! কবি সাহেব দেন তিন হাজার আর ব্যাচেলর ছেলেদের মেস থেকে জন প্রতি আড়াইশ করে দুই হাজার।
নাসিমা চৌধুরী বললেন, ‘তুমি আগামী মাস থেকে সব বাসার কাজ ছেড়ে দিবা, পুরা টাকা আমি দিবো!’
কুলসুম প্রায় টাসকি খেয়ে গিয়েছিল! এমন প্রস্তাব পাবে সে কল্পনাও করেনি। তিন বাসার কাজ একসাথে চালিয়ে যাওয়া কষ্টকর হতো। তাছাড়া কবির বাসার কাজটা অনেক ঝামেলার; কবি অবিবাহিত, তাঁর ঘরদোর পুরা সামলাতে হতো কুলসুমকে। সবদিক থেকে এই প্রস্তাবটা ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো!

আজ মনে হচ্ছে সেদিনের সেই ‘অকল্পনীয়’ প্রস্তাব না পাওয়াই ভালো ছিল! দুদিন পর নতুন মাস শুরু হবে। নতুন মাস মানেই নতুন কিছু টাকার দরকার। কুলসুমরা যে খুপরিতে থাকে সেটার ভাড়া আড়াই হাজার টাকা। মাসের পাঁচ তারিখ না আসতেই ইস্কন্দর বুড়ো এসে ভাড়ার জন্যে হইচই শুরু করে দেয়। তাছাড়া শিউলির স্কুলের বেতন দিতে হয় ওই সময়টাতেই। মেয়েটা নতুন একটা জামার আবদার করেছে দুই মাস আগে, কুলসুম ভেবেছিল এ মাসে ওকে একটা জামা কিনে দেবে! এ বাসার খালাম্মা বেতনের অর্ধেক টাকা মাসের শুরুতে দিতেন, বাকিটা মাস শেষে; সে হিসেবে আজ দিয়েছেন চার হাজার। এই টাকা দিয়ে কিছুই হবে না, তারপর পুরো মাস চালানোর ব্যাপার তো আছেই। কুলসুমের দুনিয়াটা অন্ধকার হয়ে আসে।

ওদের এলাকাটা আশেপাশের বাসাবাড়ি থেকে আলাদা। চার পাশে বিশাল বিশাল দালানকোঠা, মাঝখানে দুই তিনটা খুপরিঘর। ডানদিকের তিন নম্বর খুপরিতে কুলসুম আর সাত বছরের শেফালি থাকে। ঘরের তিনদিকে টিনের বেড়া, বাকি দিকটা একটা হসপিটালের প্রাচীর! কুলসুম শুনেছে এই নয়-দশতলা পুরো হসপিটালে এসি আছে; বিষয়টা স্বপ্নের মতো! কুলসুম কিছুদিন গার্মেন্টসে কাজ করেছে, একবার স্যারের রুমে ঢোকার সৌভাগ্য হয়েছিল। রুমে ঢুকেই চমকে উঠেছিল কুলসুম, কেমন ঠাণ্ডা আর আরাম আরাম একটা ভাব; পরে জেনেছে ওটার নাম এসি, এসি চালাতে নাকি অনেক খরচা। সেই এসি চলে এই পুরো হসপিটালটায়, কুলসুম ভাবতে পারে না!

গলির মুখে আসতেই মইতন বুড়ির চিৎকার আর বাচ্চাকাচ্চার খিলখিল হাসি কানে আসে। হঠাৎ বাচ্চাদের ভিড় ঠেলে ছুটে বেড়িয়ে এলো শেফালি, মায়ের হাত ধরে বলল- ‘জানো মা কী হইছে?’
-‘তুই ইশকুলে যাস নাই?’
-‘না। জানো কী হইছে?’ খিলখিল করে হাসতে লাগলো শেফালি।
-‘কী হইছে? ইশকুলে যাস নাই ক্যা?’ মেয়ের হাসি দেখে কুলসুমের বুকটা জুড়িয়ে যায়। শেফালির বয়স যখন ৩ বছর, তখনো ও কথা বলতে পারতো না; সবাই বলতো মেয়ে বোবা-কালা হবে, সেই মেয়ে এখন সারাদিন হইচই করে বেরায়!
-‘মইতন বুড়ির খ্যাতা পানি দিয়া ভিইজ্জা গেছে!’
-‘তরে না কইছি, মইতন বুড়ি ক’বি না! তর মুরুব্বি না? খ্যাতা ভিজল ক্যামনে?’
-‘কামাইল্লা পানি ঢাইলা দিছে।’
-‘ও!’
-‘মা, বাজান আইছে!’

কুলসুম থমকে গেল। আজ আবার শেফালির বাপ এসেছে! নিশ্চয়ই পুরনো প্রস্তাব নিয়ে। কুলসুম কঠিন করে বলে দিয়েছিল, ‘আপনে আর আমার সামনে আইবেন না।’ বদর মিয়া কথা শোনেনি, এই দুই বছরে অন্তত দশবার এসেছে কুলসুমের কাছে। কুলসুম এই এলাকায় এসেছে প্রায় ছয় মাস; এ ছয় মাসে একবারও আসেনি, হয়তো খোঁজ পায়নি।

কুলসুমদের খুপরি ঘরে ঢুকতে হয় মাথা নিচু করে। বদর মিয়া বিছানায় বসে আছ, কুলসুমের বুকের মধ্যে ছ্যাত করে উঠলো। বদর মিয়াকে বিয়ে করার জন্যে তার সে কী পাগলামি! বাবা-মা রাজি না হওয়ায় কাউকে না জানিয়ে বদর মিয়ার সাথে ঢাকায় চলে এসেছিল কুলসুম। এই সেদিনের কথা! তারপর বিয়ে হল, শেফালির জন্ম হল। বেশ ভালোই সময় যাচ্ছিল কুলসুমের। হঠাৎ একদিন সব তছনছ হয়ে গেল। মতিন কাকা খবর দিল, বদর আরেকটা বিয়ে করেছে! সন্ধ্যেয় বদরকে জিজ্ঞেস করলে অকপটে স্বীকার করলো সব! সেই রাতেই সাড়ে চার বছরের শেফালিকে নিয়ে পালিয়ে এলো কুলসুম। তারপর বদর অনেকবার এসেছে; ক্ষমা চেয়েছে, ফিরে যেতে বলেছে। কুলসুম যায়নি। দ্বিতীয় বউকে তালাক দিয়েছে, এটা কুলসুম জানে, তবু ওই প্রতারকের সাথে আবার সংসার করার কথা ভাবতে পারে না কুলসুম। আজও কি একই আবদার নিয়ে এসেছে বদর?
-‘ক্যান আইছেন?’
বদর হাসল, শেফালির দিকে তাকিয়ে বলল, ‘দোকান থেইকা একটা পান নিয়া আসো তো মা জননী।’
কুলসুম বলল, ‘আপনেরে কইছি না, আমার সামনে আর আইবেন না? আইজ আবার ক্যান আইছেন?’
-‘শোন বউ, একটা কথা কই-’
-‘কন। আর বউ বউ কইরেন না, পিত্তি জইলা যায়। আমি আপনের বউ না।’
-‘আমি মানুষটা খারাপ না। মাইনসের বুদ্ধিতে একটা ভুল করছিলাম, তারে তো তালাক দিয়া দিছি।’
কুলসুম রেগে গেল, ‘আপনে কি নতুন কিছু কইবেন, নাকি পুরান প্যাচাল? আমি আপনের সংসার করুম না। আপনে যান।’
-‘আমার কিছু ট্যাকা দরকার বউ!’
-‘কী? কী কইলেন?’ কুলসুম চিৎকার করে উঠলো।
-‘কিছু ট্যাকা দরকার। আগের চাকরিডা চইলা গেছে, বাড়ি ভাড়া বাকি রইছে তিন মাস। বাড়িঅলা আমার সবকিছু নিয়া নিছে, কইছে ভাড়ার ট্যাকা না দিলে জিনিসপত্র ফেরত দিবো না! আমারে কিছু ট্যাকা দে না কুলসুম, নাহয় হাওলাতই দে।’
-‘লজ্জা করে না আপনের? আমার কাছে ট্যাকা নাই। আমি যেই বাসায় কাম করতাম, এইডাও চইলা গেছে। নিজেই চলতে পারি না, আর উনি আইছেন হাওলাত নিতে! আপনে যান, তারাতারি যান। আর কোনোদিন আইসেন না।’
বদর বুঝতে পেরেছে পরিস্থিতি সুবিধের না। কুলসুমের অগ্নিমূর্তি সে আগেও দেখেছে, ও যেটা বলে সেটাই করে। উঠিয়ে দাঁড়িয়ে লম্বা একটা নিশ্বাস ফেলল বদর, কুলসুমের বুকটা হঠাৎ হাহাকার করে উঠলো।
-‘থাক বউ, যাইগা। ভালা থাকিস।’ বদর বেড়িয়ে গেল।

ঘরে ঢুকে হাউমাউ করে কাঁদতে লাগলো কুলসুম। শেফালি পান নিয়ে এসেছে, মায়ের কান্না দেখে হোক আর বাবাকে না দেখে হোক, ও বেশ অবাক।
-‘মা, বাজান কি চইলা গেছে? পান খাইল না?’
-‘দৌড় দিয়া যা, ধরতে পারবি; তোর বাজান এখনো বেশিদূর যায় নাই। আর শোন-’ মেয়ে ছুটে বেড়িয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে গেল।
উঠে বসলো কুলসুম। মেয়ের সামনে কাঁদা উচিৎ হচ্ছে না, চোখ মুছে মেয়েকে বলল, ‘তুই এক কাম কর-’
-‘কী’
আঁচলের প্রান্তে বেঁধে রাখা টাকাটা বের করে শেফালির হাতে দিল কুলসুম, ‘এইডা তোর বাজানরে দিস।’

(পূর্বে প্রকাশঃ http://www.muktokontho.com/2811 )
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×