চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটে ভর্তি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর ভুল উত্তরের জন্য নম্বর কাটার পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বনবিদ্যা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান রোববার সকালে জানান, ‘এ’ (বিজ্ঞান অনুষদ) ও ‘এফ’ (বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট) ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরের ওপর ‘নেগেটিভ মার্কিং’ হিসাব করে ফল ঘোষণা করা হবে।
শনিবার এ দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার পর রাতে ফল ঘোষণার কথা থাকলেও আসন সংখ্যার চেয়ে কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় তা স্থগিত করা হয়। প্রথম দফার মূল্যায়নে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে ‘নেগেটিভ মার্কিং’ করায় ফল বিপর্যয় ঘটে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সভাকক্ষে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জরুরি বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়, প্রতিটি বিষয়ে ভুল উত্তরের জন্য আলাদাভাবে নম্বর না কেটে মোট নম্বরের ওপর ‘নেগেটিভ মার্কিং’ হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম নেগেটিভ মার্কিং চালু করা হয়। প্রতি চারটি ভুল উত্তরের জন্য কাটা হয় এক নম্বর করে। কিন্তু বাংলা ও ইংরেজিসহ প্রতিটি বিভাগে ন্যূনতম নম্বর পাওয়া শর্ত থাকায় নেগেটিভ মার্কিংয়ের পর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় আসন সংখ্যার চেয়েও কম।
‘এ’ ইউনিটে মোট ১৬ হাজার ২৪৬ জন আবেদনকারীর মধ্যে ১০ হাজার ৭১৮ জন এবার পরীক্ষায় অংশ নেয়। এই ইউনিটে আসন সংখ্যা ৬৬৬টি।
ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথম দফর মূল্যায়নে চারশরও কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অন্যদিকে, ‘এফ’ ইউনিটে দুই হাজার ৫৭৯ জনের মধ্যে এক হাজার ৯০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ ইউনিটের আসন সংখ্যা ৭৪টি। কিন্তু উত্তীর্ণ হয় এর চেয়েও কম শিক্ষার্থী।
খালেদ মিসবাহুজ্জামান জানান, ‘‘উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নিয়ে অস্পষ্টতা থাকায় ফল বিপর্যয় ঘটে। তাই রাতে ফল প্রকাশ করতে পারিনি।’’
বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে পাশ করার বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি বলেন, “নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বাংলা ও ইরেজিতে আলাদাভাবে নম্বর কাটা হবে, না কি, মোট নম্বর থেকে বাদ দেওয়া হবে- সে বিষয়ে আগে স্পষ্ট নির্দেশনা ছিল না। এখন মোট নম্বরের ওপর নেগেটিভ মার্কিং করে রোববার সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি আমরা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


