তোমার প্রমোশন আটকে গেছে নাকি কলিগের ষড়যন্ত্রে
তুমিও হয়তো কম যাও না- এক হাত তারে দেখে নিতে চাও
তোমার মাথায় যে আকাশ ভেঙেপড়া চিন্তা!
শিক্ষিত ছেলে তুমি, বউও তা-ই।
তোমার শিক্ষার মূল্য দিতে তাই সে শহরে থাকে।
তার আবার রেসিপির ভীষণ শখ,
আছে সবজি দিয়ে রূপচর্চার রকমারি বাহার!
অথচ তোমার প্রমোশন আটকে আছে নতুন বায়ার না পাওয়ায়।
শালাটা এইচএসসি’র তাগড়া জোয়ান, হাতখরচ চাই তার।
তোমার দুবছরের বাচ্চাটা যখন আদর করে কোলে নেয়,
তুমি ফিরিয়ে দিতে পার না তাকে।
তোমারও দেখছি চক্ষুলজ্জা আছে!
আজকাল অনেক রাত করে বাড়ি ফের তুমি
বসের মন জোগানোর কৈফিয়তে বউয়ের সন্দেহ বাড়ে-
‘আগের মতো তুমি ভালোবাস না আমায়’
কিংবা
‘তুমি অনেক বদলে গেছ, শফিক’
এই বিশ্বাসহীনতায় প্রতিটি রাত কাটে অতৃপ্ত ভালোবাসায়।
অথচ, সে-ই ছিল তোমার একমাত্র ভরসার, ক্লান্তি মোছার
ঐশ্বরিক ডাইক্লোফিন।
শোনা যায়, সবকিছুরই নাকি সাইড-ইফেক্ট আছে...
তাই বলে ভালোবাসারও?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




