জাতি হিসাবে বাঙ্গালির আবেগপ্রবনতা নতুন কিছু নয়। আর প্রবাসি হলে তো সেই আবেগের কোন সীমা-পরিসীমা থাকে না।
যাই হোক, ডিপার্টমেন্টের অনলাইন নোটিশবোর্ডে "লুকিং ফর (আমার নাম) দেখে যারপরনাই অবাক হলাম। ভাবলাম নিশ্চয়ই কোথাও কিছু একটা ভুল হচ্ছে। নোটিশের সাথে দেওয়া ই-মেইলে ঠিকানায় ছোট একটা ম্যাসেজ পাঠিয়ে দিলাম। প্রায় সাথে সাথেই অনুরোধ পেলাম ফোন নাম্বার দেওয়ার জন্য। ফোন নাম্বার ও দিলাম, আর তার পরপরই কল পেলাম। সে ব্যাচেলর লেভেলের এক জার্মান ছাত্রী, অনেক খোঁজাখুঁজি করে আমার নাম জোগাড় করেছে বাংলা শিখবে বলে। একই সাথে বিস্মিত এবং গর্বিত বোধ করলাম। যেখানে দেশের নাম বাংলাদেশ বললে লোকজন একটু অবজ্ঞার চোখে তাকায়, বেশির ভাগ মানুষকেই মানচিত্র সম্বন্ধে ধারনা দিয়ে দেশের অবস্থান চেনাতে হয়, সেখানে বাংলা নিয়ে এত আগ্রহ, বুঝতে কষ্ট হলো প্রথমে। জানা গেল, আগামী বছর একটি এনজিও'র ইন্টার্ন হিসাবে তাকে কয়েকমাসের জন্য আদিবাসী শিশুদের শিক্ষা দেয়ার কাজে কয়েকমাসের পার্বত্য চট্টগ্রামের একটি থানায় যেতে হবে। আর একারনেই চলার মত কিছু বাংলা শেখার ইচ্ছা, সাথে বাংলাদেশের সংস্কৃতি, বিদেশী সাহায্যের ব্যবস্থাপনা ইত্যাদি আরো বিষয়ে জানতে চায়।
"টাইম ইজ মানি"- আর একারনে সে আমার সময়ের জন্য ঘন্টা হিসাবে টাকা ও দিতে চাইলো। তখন কিছু না মনে না করলে ও আজ যখন গত দুই সপ্তাহের ৬ ঘন্টার জন্য ১৮০ ইউরো দিতে চাইলো, বিবেকের কোথায় যেন বাধা পড়ল, কেবলই মনে হতে লাগলো, নিজের ভাষা, দেশ, সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহি একজনের কাছ থেকে পয়সা নিয়ে আমি কি আমার দেশকে ছোট করছি না? আরো কয়েকমাস এভাবে তাকে সময় দিতে হবে, অনেকগুলো টাকা ও পাওয়া যাবে, সবকিছু ভেবে ও যখন টাকা নিতে অপারগতার কথা জানালাম, সে অবাক হয়ে জানতে কারন জানতে চাইল, তাকে বুঝালাম, আমাদের দেশ গরিব হতে পারে, কিন্তু আমরা মানুষগুলো কারো জন্য কিছু করলে তা অন্তর থেকেই করি, কোন কিছুর বিনিময়ের আশায় না। আরো বললাম, বাংলাদেশ থেকে ফেরার সময় তুমি মানুষের যে পরিমান ভালোবাসা নিয়ে ফিরবে, তা রাখার জায়গা তোমার ছোট্ট হৃদয়ে হবে না।
আর তারপর নিজেকে বোঝালাম, এই টাকাগুলো তো আমার পাওয়ার কথা ছিলনা (যদি সে খোঁজ না করত), এর বিনিময়ে অন্তত একজন বিদেশীকে নিজের দেশ সম্পর্কে একটা ভালো ধারনা দিতে পেরেছি, এটাই বা কম কি? এক অসম্ভব ভালো লাগায় মন ভরে গেল, ছোট্ট এই জীবনে এই আত্মতৃপ্তির মুল্য ও তো কম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



