শোক দিবস পালন করে কি হয়? একদিন, দুইদিন বা সারা বছর শোক পালন করলেই কি আগুনে পুড়ে বা গার্ডারের নিচে চাপা পড়ে মরা মানুষগুলো ফিরে আসবে? একটি পরিবারের একমাত্র আয়কারী ব্যক্তিটি পুড়ে মরলো, যে পরিবারের দেখভাল করার মত আর কেউ রইলো না, শোক দিবস তাদের কতটা প্রয়োজনে আসবে? তাদের প্রয়োজন বেচে থাকার অবলম্বন, মৃত আত্মার প্রতি শোক, সম্মান আর সহানুভুতি তাদেরকে ছুয়ে যাবে না. আর ঘোষণা দিয়ে কিছু টাকা ধরিয়ে দেওয়ার মানে এই নয় যে তাদেরকে সারাজীবনের জন্য স্বাবলম্বী করে দেওয়া হলো.
একটা শোক দিবস পালন করে ভবিষ্যতে আরেকটা শোক দিবস ঘোষণার পথ খোলা রেখে এই মৃত মানুষগুলোর আত্মার অপমান ছাড়া আর কিছুই হতে পারে না. এর জন্য প্রয়োজন দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে যথাযথ শাস্তি প্রদান, যা ভবিষ্যতে আরো কাউকে পুড়ে মরা থেকে বাচাবে.
আর মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, ষড়যন্ত্রের ধুয়া তুলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে পরবর্তীতে আবার ক্ষমতায় আসার পথ সুগম হবে না, শুধু বিজিএমআই বা ওই গার্মেন্টস মালিকগুলো আপনাকে নির্বাচনে জেতাতে পারবে না, পুড়ে যাওয়া মানুষগুলোর ভোটেই ক্ষমতায় এসেছেন, আর ওই মানুষগুলোর পরিবারের কাছেই ভোট চাইতে যেতে হবে, তাই রাজনীতিবিদের মত নয়, একজন মানুষের মত কথা বলুন, মানুষ হয়ে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন, প্রধানমন্ত্রী হয়ে নয়.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



