নীল প্রজাপতিটা সব সময় ঘরে আসে না;
কেবল যখন কষ্টের কুচকাওয়াজে বিষন্নতার ড্রামরোল বাজে,
কিংবা শূণ্যতার অর্কেস্ট্রায় পিয়ানোর সুরটা ম্লান হয়ে আসে,
অথবা আকাশের নীলের চেয়ে ঘরের নীলটা গাঢ় হয়ে ওঠে,
তখন বারান্দার গ্রিল বেয়ে -
দরজার চৌকাঠের ফোঁকর গলে -
ঘরের ভিতরে প্রজাপতিটা ইতিউতি উড়ে বেড়ায়।
নীলের ভেতর আরও একটু নীলের প্রলেপ মাখায়।
জানালার অস্বচ্ছ কাঁচ ভেদিয়ে
শেষ বিকেলের এক টুকরো সূর্যালোক -
খুব সন্তপর্ণে জানালার চৌকাঠ ধরে ঝুলে থাকে।
সন্ধ্যার তিমিরে ঝাঁপ দেবার আগে
পৃথিবীর সাথে তার শেষ কথপোকথন।
কার্নিশে বাসা বানানো একটা নীল ম্যাগপাই
মরা সূর্যরশ্মির লাইমলাইটে
প্রতিদিনের মতো এক পাঁক ঘুরে নেয়।
দ্য লাস্ট ড্যান্স!
আগামীকালও এই রুটিন চলবে।
প্রজাপতিটা তখনও ঘরের ভিতরে ইতিউতি উড়তে থাকে।
এক সময় শেষ সূর্যরশ্মিটাও হারিয়ে যায়;
রাত্রির জয়জয়কার শুরু।
প্রজাপতিটা তীক্ষ্ণ চোখে জানালার অস্বচ্ছ কাঁচে
বেরোবার রাস্তা খোঁজে।
ভাঙা খিড়কির ফাঁক গলে যখনই মুক্তির আনন্দ তার,
ম্যাগপাইটা খপ করে তাকে ধরে ফেলে।
নীল রঙটা কেবল গাঢ় থেকে গাঢ়তর হয়...
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



