মানব পাচার রোধ ও দাসত্বের কবল থেকে মানুষকে রক্ষায় ১ কোটি ১৫ লাখ ডলার অনুদান দেবে ইন্টারনেট সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল।
এ ধরনের প্রকল্পে কোনো কর্পোরেট কোম্পানির দেওয়া এটি অন্যতম বড় অনুদান। বুধবার এই অনুদান দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
নিজেদের সেবামূলক ওয়েবসাইটের মাধ্যমে গুগল জানিয়েছে, তাদের এই অনুদান বিশ্বের ১২ হাজার মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেবে এবং লাখ লাখ মানুষকে এর কবল থেকে রক্ষা করবে। অনুদানের এই অর্থ ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে দাসত্ব প্রতিরোধ ও শিক্ষামূলক প্রকল্পে ব্যয় করা হবে। গুগল জানিয়েছে, তারা জাস্টিস মিশন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট, অ্যাকশন এইড ইন্ডিয়া ও এইডি অ্যাট অ্যাকশনকে তহবিল সরবরাহ করবে। দাসশ্রম বন্ধে ভারত সরকারের সঙ্গে কাজ করার জন্য এই প্রতিষ্ঠানগুলো নতুন একটি জোট গঠন করবে। এই জোটের কাজ হবে দাসচক্রের হোতাদের খুঁজে বের করা, প্রমাণপত্র নষ্ট রোধ করা, দাসত্ব থেকে লোকজনকে মুক্ত করা ও তাদের সাহায্যের প্রস্তাব দেওয়া। অনুদানের একটি অংশ ব্যয় হবে দাসত্ব চিহ্নিত করতে ও মার্কিনিদের এ সমস্যা সম্পর্কে প্রশিক্ষণ দিতে। অলাভজনক প্রতিষ্ঠান স্লেভারি ফুটপ্রিন্ট ও পোলারিস প্রজেক্টের মাধ্যমে এ কাজগুলো সম্পন্ন করা হবে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সভাপতি ও প্রধান নির্বাহী গ্যারি এ হাউজেন বলেন, “যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষকে এ কথা বিশ্বাস করানো কঠিন যে, দাসত্ব ও মানবপাচার আমাদের বিশ্বের একটি বড় ধরনের সমস্যা।” তিনি জানান, বর্তমান বিশ্বের ২ কোটি ৭০ লাখ নারী, পুরুষ ও শিশু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


