সংগ্রহ শালায় জমা হয়েছে নতুন কিছু যন্ত্রণা,
বিকৃত মানসিকতার স্পষ্ট ছাপ রয়েছে তাতে,
কষ্টের কোন রঙ্গ হয় না এই মিথ্যাচার আমি মানি না,
বহুব্রীহি জীবনের রঙ্গ পাল্টে গেছে।
সমাজের নখে জমেছে ঘন কালো ময়লা,
আইন শৃঙ্খলা হয়ে গেছে রুপকথার আবর্জনা।
ভালবাসা অবরুদ্ধ লালসার ইশতেহারে,
সংগ্রহ শালায় বিচ্ছেদ নতুন মাত্রা যোগ করে।
মানুষের মানচিত্রে পশুর লোলুপ বিস্তার,
বাতাসে লাশের গন্ধ আর অস্ত্রের উল্লাস,
স্বার্থের টানে কবর খুঁড়েছি মনুষ্যত্বের নামে,
সংগ্রহ শালা পূর্ণ হিংসার রোষানলে।
এ কোন রঙ্গলীলার অভিনেতা আমি?
পক্ষাঘাত গ্রস্ত হয়ে জীবনের ঘানি টানি।
উপরন্তু অব্রুদের হিংস্র প্রলয়োল্লাসে,
গণতন্ত্র কে ভুলে গিয়ে নির্বিচারে মরি।
মাংসের প্রতি ভাজে ভাজে ঘৃণার বীজ আছে,
তবু ধর্ষিতার কান্না মুছে দিতে রক্তের ফোয়ারা আসে।
মুণ্ডুহীন গণতন্ত্রের মিশ্র আশ্বাসে,
সংগ্রহ শালায় নতুন করে আশার আলো আসে।
এ কোন পৃথিবীর পূজারি আমি?
সভ্যতার নামে মনুষ্যত্বকে দিতে হচ্ছে বলি।
নগরায়নের নামে গড়ে তুলেছি ইট কাঠের শহর,
শহরের যাঁতাকলে পিষ্ট হচ্ছে আমার বাস্তব।
বিহঙ্গ বলতে মুক্ত আকাশে উড়ছে বোমারু বিমান,
সুযোগ পেলেই ছিনিয়ে নিচ্ছে কিছু বিশুদ্ধ প্রান।
ফুলের গন্ধ ছাপিয়ে নাকে বারুদের গন্ধ পাই,
সংগ্রহ শালা ধারন করেছে লাশ কাটা ঘরের রূপটাই।
অমীমাংসিত স্বরে অনুচ্চারিত বিচ্ছেদের আর্তনাদ,
ভঙ্গুর মনে তীব্র বাসনা মিলবে বেঁচে থাকার রসদ।
সংগ্রহ শালা ক্লান্ত অপূর্ণতাকে ধারন করে,
সর্বহারা পলাতক মন মুক্তির প্রহর গোনে।
ঈশ্বরের কাছে ফরিয়াদ করি একাগ্র চিত্তে,
সংগ্রহ শালায় চাই কিছু বিজয়িনী সত্যিকে।
সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে চাই সাম্যের জয়গান,
অবেলার ডাক উপেক্ষা করে করি ভালবাসার আহবান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



