ফিরে আসুন 'বিলিয়ার রহমান রিয়াজ' ভাই, আমরা আপনার অনুপস্থিতিতে মর্মাহত ভাই, আপনাকে ফিরে পেতে চাই আবার আমাদের প্রিয় সামহোয়্যারইনব্লগ-এ
এক/-

গান : তুমি আমার একমুঠো ঘুম
লেখক : বিলিয়ার রহমান রিয়াজ
সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
তুমি আমার একমুঠো ঘুম
ইচ্ছে দেয়াল, জলজ পদ্ম ফুল।
তুমি স্বপ্ন দেখার ইচ্ছে সখি
আমার ভুল অভুল।
তুমি খোলা চোখে বৃষ্টির গান
স্নিগ্ধ সবুজ ভোর।
তুমি এলোচুলের ঊর্বশী সে
লাগাও চোখে ঘোর।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।
তুমি ফাগুন মাসের মল্লিকাগো
কোমল কোমল সুর
তুমি বৃষ্টি ভেজা বাদলা দিনের
বেদনা সে মধুর।
তুমি রোদেলা দিনে মেঘ গো সখি
শীতের ভোরে রোদ।
তুমি মোনের দামের চাইতেও দামি
করো মোনেই অবরোধ।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।
তুমি স্বপ্ন হয়ে এসেও তবু
সত্যি হলে না।
মেঘের স্রোতে ভাসতে গিয়ে
আর ধরাই দিলেনা।
তুমি আশার রোদে তাপ ছড়িয়ে
শীতল হয়ে হয়ে
এ মরুর ধরায় আমায় রেখে
গেলে একাই হারিয়ে..............।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
অচেনা এই জীবন খাতায়।
গীতিকা: ১
বিলিয়ার রহমান রিয়াজ
২৩ জুলাই, ২০১৮ ইং।
সেদিন রিয়াজ ভাইয়ের ফেসবুক পেজ-এ পোষ্ট করা গীতিকা পড়ে ভাইকে বলেছিলাম গানটির সুর প্রকাশ করে দিন, তিনি আমাকে অনুমতি দেন যে আপনি আপনার মতো করে গেয়ে শুনাতে পারেন। আমি চেষ্টা করেছি ভাইয়ের কথামতো একটা সুরে গানটি গাইতে, এবং পেরেছি গতকাল। রেকর্ড করে আমার ব্লগ বন্ধুদের গানটি না জানিয়ে থাকতে পারলাম না, আজ পোষ্ট করেই দিলাম। আমার আনন্দবোধ হচ্ছে বিলিয়ার ভাইয়ের লেখটিতে কোনপ্রকার এডিট করতে হয়নি, সুন্দর লিখেছেন তিনি তাই আমি এই প্রথম অন্যের লেখা কোন কবিতা সম্পূর্ণ সুর করে গাইতে পারলাম কোনপ্রকার এডিট করা ছাড়াই। এই আনন্দ আরও বেড়ে যেতো যদি বিলিয়ার ভাই মানঅভিমান ভুলে আবারো ব্লগে এসে একটু উৎসাহিত করে যেতেন। আমার মতো অনেকেই তার ফেরার অপেক্ষায় দিন গুনছি। ফিরে আসুন বিলিয়ার রহমান রিয়াজ ভাই, ফিরে আসুন আমাদের মাঝে, আপনার প্রতীক্ষিত সময়ের অবসান করুন ভাই ......।
____
দুই/-

গান : তোর পিরিতে জীবন আমার গেল
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।
খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।
নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
গানটি গত দুদিন আগেই লিখেছিলাম, ফেসবুকে পোষ্টও করেছিলাম, কিন্তু গাওয়ার সুযোগ হয়নি, খালি গলায় গান গাওয়াটা এখন কেমন যেন সংকোচবোধ হয়, তবে নীলপরি আপুর উৎসাহদান আমাকে সাহস যুগিয়ে ছিল, তাই রেকর্ড করে সুরটা জানান দিলাম। আপনারা যারা আন্তরিক উৎসাহদানে আমাকে অনুপ্রাণিত করেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা সবার জন্য সবসময়।
তিন/-

গান : মধুমাখা রব নাম বলো'রে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।
স্রষ্টা'র নামে শুরু কর
রাসূল-এঁর পথ ধর
আল্লাহ্ নামের সফলতা
দুনিয়া আখেরাতে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।
সৃষ্টি নিয়ে সুখে থাকো
দমে দমে আল্লাহ্'র নাম,
রাসূল-এঁর প্রেমিক সাজো
সজীব রাখো মন ও প্রাণ।।
মানুষ হয়ে মানুষ ভজো
স্রষ্টা'কে সন্তুষ্ট রাখো,
জেনে রাখো আল্লাহ্'র প্রেম
প্রাণে প্রাণে ছড়িয়ে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।
কি কারণে আইছো ভবে
পাইছো কি তাঁর দরশন,
অকারণে'ই ঘুরছো শুধু
খুঁজছো প্রেম বৃন্দাবন।।
খোঁজে দেখো দয়ার সাগর
আল্লাহ্ ক্বলবের ভিতর,
এই প্রেমেতে জয়ী হলে
ঠেকবে না রোজ হাসরে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।
গানটি লিখেছিলাম মাস ছয়েক আগে, ব্লগে পোষ্টও করেছিলাম, কিন্তু গানটি গেয়ে শুনানোর জন্য রেকর্ড করার সময় হয়নি। গতকাল রেকর্ড করেছি, ভাবলাম ব্লগে থাকুক। আমি এধরণের গান এটাই প্রথম লিখেছি, জানিনা কতটুকু ভালো লিখতে পেরেছি, যেটুকুই হোক তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমার প্রিয় শিল্পী 'পরীক্ষিত বালা'র প্রতি। তার একটি গান শুনেই আমার এই গানটি লেখার উৎসাহ খোঁজে পাই।
সবশেষে আমার এই সামান্য লেখাগুলো পড়ে আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, ভুল ত্রুটি হতে পারে আমার, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাররজন্য অনুরোধ রইল। ভুল ধরিয়ে শুধরে দেয়ার অধিকার সবার জন্য, কৃতজ্ঞ রইবো। ভালোবাসা সবার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


