পাহাড় পেরিয়ে সামান্য এগিয়েই সমতল
তার আগে পুরোটাই এলোমেলো পথ,
একটু এগিয়েই বেঁকেছে খাঁদে
অতলান্তিক তল!
আমার বিরাগ নেই,
চড়াই আর উতরাই, নিশিদিনই ভালোবাসি।
যে রমনী বসে ছিল পাশে, বললো,
আমার তো ভয় হয় খুব
এতো সরুআঁকা বাঁকা পথ!
সামান্য অসাবধানেই পিছলাবে চাকা।
এত বেশী ওঠানামা,
আকাশের সাথে এত ঘন খুনশুটি
এত বেশী উঁচু নীচু দিন!
সত্যিই ভয় হয় খুব!
আমি বললাম,
আমারও ভয় হয় খুব,
তবে আঁকা বাঁকা পথে নয়,
আঁকা বাঁকা পথ শেষেই ভয়।
এত বেশী সমান্তরাল মাটি,
এত বেশী সমান্তরাল পথ.
এত বেশী সমান্তরাল দিন,
এত বেশী সমান্তরাল সময়,
আমার তো সেখানেই ভয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
