
আমি নির্বাক, ঠিক গাঢ় তমস্বিনীর ন্যায় নির্বাক
তোমার চোখে খেলা করে যত অন্যায্য দ্যুতি
কতবার যে আমায় অপ্রসন্ন করেছো
অথচ কি সুকৌশলেই না তুমি মেলে ধরো নিজের সুখানুভূতি!
সম্মোহনের যাদুতে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চাও আমায়
কিন্তু নিজেরে আমি বেশ ভালই জানি---
এতটুকু প্রশ্রয় কখনও দেইনিতো তোমায় ; তোমার ভজন, তোমার ভক্তি
উহ্ কি নিখুঁত পীড়ায় নিস্প্রভ হয়ে যাই আমি
মেকির ছন্দে ছন্দে বারে বারে নেচে ওঠো তুমি
মনোলোভা হরিণী যদি মুখ লুকায় তোমার লোমশ বুকে
না পুরুষ, না —!
আত্মানুভূতিতে আজও শুদ্ধতার পিদিম জ্বলে
মেদুর মেঘমালায় অভিসারে ঢেকে দাও যদি চাঁদ আমি ঠিকই তাঁরে খুঁজে নেবো
জানালার কাঁচ গলে গলে কি অদ্ভূত জ্যোৎস্না
আজও তাঁরে ভেজায় আমি তাঁর ঘুমন্ত মুখখানা দেখে দেখে,
মুগ্ধতায়, ভালবাসা-খুনসুটির মালা গেঁথে যাই
বিশ্বাসের পাড় ঘেঁষে ঘেঁষে বড্ড গৃহাসক্ত আমি আজ তাঁকে নিয়ে।
পথভ্রান্ত পথিক তুমি ফিরে যাও
শুধরে নাও নিজের যত অমসৃণ অভীপ্সা!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



