অপরাজিতা,
শেষ বিকেলে তুমি লাজুক হেসে বলেছিলে, 'আমি আপনার বন্ধু হতে চাই।'
আমি বলেছিলাম, 'কোন সমস্যা নাই।'
দেখলাম, তুমি অবাক চোখে ভাবলে আমায়। কিছু বললে না। বুঝলাম, আমার উত্তরটা অদ্ভুত হয়েছে। আমার নিজের কাছেই এটা ছিল অদ্ভুত।
যাই হোক, এরপর তুমি কত কথা বললে। আমি শুনলাম। আর হাসলাম। তুমি রেগে যেতে। অভিযোগ করতে, আমি কেন হাসলাম। আমার শুধু হাসি পায়, বললাম।
তারপর আমাকে কত গান শুনালে, শুনালে কত কবিতা। তুমি জানতে, আমি গান ভালবাসি, ভালবাসি কবিতা।
আমি মুগ্ধ হতাম। হতাম বিষ্মিত। কারন, আমার ভাল লাগার ছন্দ, সুর তুমি শোনাতে আমায়।
ভাবতাম। কে তুমি?
কিন্তু বলতাম না। জানি না কেন। এ নিয়ে আমি চিন্তিত ছিলাম না। নিদেনপক্ষে ভাবতামও না।আমার এ উদাসীনতা কি তোমাকে পোড়াত? জানি না।
অনেক দিন পরে তুমি এলে। অভিযোগের পাহাড় নিয়ে।
অভিযোগ, আমি কেন কথা বলি না।
আসলে আমি জানি না। আমি কেন কথা বলি না।
বোকার মত প্রশ্ন করেছিলাম, কেন কথা বলব?
এর উত্তরে তুমি যা বলেছিলে তাতে আমি হলাম, অশিক্ষিত, অমানুষ। তুমি উপদেশ দিলে, মানুষকে মানুষ হিসেবে ভাবতে।
এই বলে তুমি চলে গেলে। চলেই গেলে।
আমি রয়ে গেলাম নির্বাক; নিশ্চুপ।
তুমি আর এলে না।
সেদিন ছিল বসন্ত দিন।
তোমাকে বাসন্তীর বসনে দেখা হল না।
ভাল থেকো-
বসন্ত আসুক ফিরে বারে বারে তোমার কাছে।।
ইতি
বসন্ত বিলাপ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



