আপনার সাথে কি এমন কখনো হয়েছে, ধরুন, আপনি আজ মনে মনে প্ল্যান করলেন লাইব্রেরীতে গিয়ে বই আনবেন। সে মতে ঘর থেকে বের হলেন। কিন্তু পথ ভুল করে লাইব্রেরীতে না গিয়ে সিনেমা হলে চলে গেলেন?
মনে মনে হয়তো আমাকে পাগল বলছেন। লোকটা পাগল নাকি? এরকম কখনো হয়?
আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি এটাই বোঝাতে চেয়েছি যে এরকম হবার নয়।
অর্থাৎ ঢাকা যাওয়ার জন্য তৈরী হয়ে কখনো সিলেট চলে যাচ্ছি না।
কেন হচ্ছে না এসব উদ্ভট ঘটনা?
কারন আমরা আমাদের চিন্তাশক্তি অনুযায়ী তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি।
এক সময়কার রোম সাম্রাজ্যের শাষক বিখ্যাত দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন, ‘আমাদের চিন্তার মধ্যেই আছে আমাদের জীবন।’
তাহলে কি আমরা বলতে পারি - আমরা জীবনে তাই পেয়েছি যা আমরা ভেবেছি? যা কিছু আমরা ভাবিনি, যা কিছু আমরা চাইনি তা কি করে আমাদের হবে? তা কি করে আমরা পাব?
আমাদের আজকের অবস্থান হল তাই যা আমরা ভেবেছি। এমারসন বলেছেন,‘একজন মানুষ সারাদিন যা চিন্তা করে সে হল তাই।’
এবার ভেবে দেখুন আপনি কি। আপনার অবস্থান কোথায়। আপনি গত দশ বছর আগে নিজেকে কোথায় দেখতে চেয়েছেন, এখন কোথায় আছেন? কতটুকু অর্জন হয়েছে, কতটুকু হয়নি? কি ভেবেছেন, কি পেয়েছেন? আগামী দশ বছরে নিজেকে কোথায় নিতে চান? তা কি ভেবেছেন? কিভাবে কি করবেন? তা কি প্ল্যান করেছেন?
এখানে অনেকে বলতে পারেন, আমি নিজেকে এই ভেবেছি, সেই ভেবেছি ইত্যাদি কিন্তু কিছুই হয়নি।
একটু দাঁড়ান!
আপনার এ প্রশ্নের উত্তর দিয়েছেন নর্মান ভীনসেন্ট পীল। তিনি বলেছেন,‘আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই।’
তো আপনি নিজে কি ভেবেছেন আর নিজেকে কি ভাবছেন? পার্থক্যটা নিশ্চয় এতক্ষনে ধরতে পেরেছেন।
আসলে অন্য একজন মানুষের সাথে এটাই আমাদের পার্থক্য।
চিন্তাশক্তির পার্থক্যই মানুষের সত্যিকারের পরিচয় বহন করে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




