নিরন্তর বয়ে যাওয়া দুপুরের ভাঁজে ভাঁজে
জমতে থাকা তরল রোদের বরফে -
কেউ কি জমে যায় না কি গলে যায়?
সময়ের চাকায় ভর করে ভবিষ্যতে পাড়ি জমানো
দিনের পাহাড় যাদের হৃৎপিন্ডে চেপে বসে,
শিশিরের প্রথম প্রহরের মত বিমুগ্ধ প্রহরে
যাদের হৃদয়বন্দী,পরক্ষণের নিস্ফল হাহুতাশ-
উড়তে থাকা সহস্র প্রহর, ঘুরতে থাকা সূর্য
আর নির্বিবেক স্রষ্টার পরিহাস, তীব্র ভ্রুকুটিতে..
তারা কি সব ক্ষয়ে যায় না বয়ে যায় ?
রোদের ও রং বদলায়,
ফুরফুরে হাওয়ায় ও কারো কারো দুরন্ত বর্ষা নামে,
চূড়ান্ত বাস্তবতার ঝাপটায় ছিটকে পড়া
আশার আষাঢ়েও যে কালবোশেখীর তান্ডব আসে
সে বৈশাখ আবার দগ্ধ দুপুর চিনিয়ে দেয় কাউকে...
এখানে ওখানে লাল কমলায় সূর্যাস্তের মত
জ্বলজ্বলে ম্লান মন খারাপের একান্ত সুখও
অনেক আকাশ জুড়ে থাকে....
যাদের দুঃখ আসে বহির্জগৎ থেকে,
শুধু ইচ্ছেমত মন খারাপ করার পরাধীনতা নেই
তারা কি স্থির থাকে না কি ভেসে যায় ?
যা কিছু থাকেনা আর যা ছিলনা,
সে হারিয়ে যাওয়া অথবা নেই বলে না ফুরাবার স্তব্ধতা,
অবিশ্বাস্যের ন্যয় অসহ্য রাত্রি নিয়ে সামনে আসে কারো,
তবুও কেউ কেউ মৃত্যু বোঝেনা
যতটুকু আড়াল না হলে দিন রাত মরে যায়না
তত-ততদূর গিয়েও আগলে রাখে অকারন আবেগ।
না বেড়ে না ছেড়ে না থেমে না কমে
সর্বদাই অপ্রকাশ্য ফাঁকিতে যাদের জীবনযাপন..
মেঘ-ছেঁড়া অস্পষ্ট ভিজে জোছনায় ভাসা রাত
দম আটকে থাকে তাদের ঘরের দেয়ালে..
কৃষ্ণপক্ষের শীতল রাতে যাদের
অদূর ভাঙ্গন হাত বাড়িয়ে জড়িয়ে ধরে,
তারা কি বেঁচে থাকে না কি মরে যায় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



