হাজার বছর ধরে জেগে থাকে পৃথিবীর জীবন । সে জীবনে অসংখ্য মানুষ আসে ধরণীর আলো -বাতাসে,আবার অসংখ্য মানুষ চলে যায় নিয়ম করে। জেগে থাকা রাত অনেকগুলো স্বপ্নের কথা বলে ,বলে হারিয়ে যাওয়া অনেকগুলো রাতের গল্প । সেইসব রাত-দিনের গল্প নিয়েই মানুষ এগিয়ে যায় , এগিয়ে যায় । ছুটে চলা এ মাত্রিক জীবনে ভিন্ন নদীর প্রবাহ আসে । কখনও স্রোত কেড়ে নেয় অসংখ্য হাসি আবার কখনও হাসির মিশেলে যেন ঢেউ নামে জীবনের । নদীতে ঢেউ উঠে ,দিঘিতে জলের আওয়াজ ; সব এখানে মন্ত্রমুগ্ধের মত বেঁচে থাকে, বেঁচে থাকে মানুষের বুকের ভেতর । সেই বুকে কোন খাদ নেই , আছে নিখাদ ভালোবাসা। সেই ভালোবাসা জেগে থাকে যুগের পর যুগ ,হাজার বছর ধরে ।
ছবির নাম "হাজার বছর ধরে " , ছবিটির গল্প নেয়া হয়েছে প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হানের " হাজার বছর ধরে" উপন্যাস থেকে । ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে গ্রামীণ জীবনকে কেন্দ্র করে । যেই গ্রাম যুগের পর যুগ বেঁচে আছে । দিঘির পাড়কে কেন্দ্র করে কয়েক বাড়ি গড়ে উঠেছে আজ বহু বছর ধরে । মুকবুল এই বাড়িগুলোর সবচেয়ে বয়স্ক ব্যক্তি । তাকে সবাই গণ্য মান্য করে । মুকবুলের বউ আছে তিনজন । তার মধ্যে ছোটজন হল -টুনি । সে তার বউদের খুব কড়া শাসনে রাখে , সবসময় তাদের কাজের মধ্যে ব্যস্ত রাখে । তার বাড়ির পাশে আছে সালেহা , আবুল এবং গনুমোল্লার বাড়ি । তারা সবাই সমীহের চোখে দেখে । আর পাশে আরেক বাড়িতে আছে মন্টূ । যে বাবা-মা হীন । ছবির কাহিনী এক সময় এই মন্টূ এবং টুনিকে নিয়ে আবর্তিত হয় । তাদের মধ্যে এক ভালোবাসার সৃষ্টি হয় । এ দিঘিকে কেন্দ্র করে করেই চলতে থাকে তাদের ভালোবাসা । চলতে থাকে এই কয়েক পরিবারের মানুষের জীবন । কখনও তাদের জীবনে হাসি , আনন্দ আসে আবার কখনও তাদের পারস্পরিক বিভিন্ন সমস্যায় তারা জড়িয়ে পড়ে । হাসি-আনন্দের এক মিশেল হয়ে থাকে তাদের গ্রামীণ জীবন । এ গ্রামীণ জীবনে থাকে গ্রামীণ বিভিন্ন ভুল ধারণা , ভুল বিশ্বাস ; যাকে আঁকড়ে ধরে তারা যুগের পর যুগ তাদের জীবন অতিবাহিত করে । এ রকম বিভিন্ন পারিপাশ্বিক গ্রামীণ বিষয় নিয়েই ছবির গল্প এগোতে থাকে ।
ছবিটি পরিচালনা করেছেন - পরিচালক কোহিনূর আকতার সুচন্দা , ছবির গল্প নেয়া প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হানের " হাজার বছর ধরে" উপন্যাস থেকে । এর সিনেমাফটোগ্রাফিতে ছিলেন- প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান , সংগীত পরিচালনা করেছেন - প্রখ্যাত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল । এতে অভিনয় করেছেন - রিয়াজ,শশী,এটি এম শামসুজ্জামানসহ আরও অনেকে । ছবিটি ২০০৫ সালে মুক্তি পায় এবং মুক্তি পাওয়া ২০০৫ সালের ছবির মধ্যে ছবিটি শ্রেষ্ঠ ছবির জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


