অদ্ভুত এক সমস্যায় পড়লাম। গ্রামীণ ফোন এ কোন ধান্দাবাজী শুরু করলো, আমি এর কোন কুলকিনারা করতে পারছি না। আমার আম্মার মোবাইলে জিপি র একটি অফার অন করা হয় মাসখানেক আগে। কাজটি করে আমার ছোট চাচাত বোন। সে আমার আম্মার মোবাইল নিয়ে মেসেজের মাধ্যমে এই অফারটি চালু করে । আম্মা কিছু জানত না। পরে আম্মা খেয়াল করলো তার মোবাইলে প্রতিদিন মেসেজ আসে আর টাকা কাটা যায়। আম্মা যখন জানতে পারলো চাচাত বোনটি এই কাজ করেছে তখন তাকে খুব বকা দিল এবং ওকে বলল এই অফারটা অফ করে দিতে। চাচাত বোনটি জানাল যে সে এটা কিভাবে অফ করতে হবে তা জানে না।
এদিকে আম্মার মোবাইলে প্রতিদিনই এই ইংরেজিতে লেখা উপদেশ মূলক মেসেজ জিপি থেকে আসে আর টাকা কাটা যায়। আম্মা চিন্তিত হয়ে পড়ল। সে নিজেই জিপির 121 হেল্প লাইন এ ফোনও করলো। ওরা আম্মাকে কিছু একটা বুঝিয়ে দিয়েছে কিন্তু মেসেজ আসা বন্ধ করে নাই। মেসেজ প্রতিদিন আসছে আর টাকা কেটে নিয়ে যাচ্ছে। আম্মা ব্যাপারটা আমার কাছে বলল। আমি জিপির 121 এ ফোন করে এটা বন্ধ করে দিতে অনুরোধ করলাম। ওরা আমাকে একটা মেসেজ দিল যাতে লেখা, “ Dear sir/madam, please call 01758855511 (9am to 6 pm, Saturday to Thursday) for your push pull query ”.
আমি ঐ নম্বর এ কল করলাম, busy পেলাম। আমি চেষ্টা করেই গেলাম। প্রতিবারই নম্বর busy. টানা এক ঘণ্টা আমি চেষ্টা করলাম। নম্বর busy। আমি বিরক্ত হয়ে গেলাম। সারা দিনই বিভিন্ন সময়ে চেষ্টা করলাম ঐ নম্বর এ ঢুকার জন্য। ঐ একি নম্বর busy আর busy। আর কোনও নম্বরও ওরা দেয় নাই। শেষে বিকাল এর দিকে একবার রিং হল। আমি তো খুশি যাক এইবার ওদের reach করা গেল। ফোন ধরলেই বলব আমার অফারটা যেন অফ করে দেয়। কিন্তু হায়!!! রিং বেজে শেষ হয়ে গেল, আমার ফোন ওরা ধরল না। আমি সাথে সাথে আবার কল করলাম। এখন আবার দেখাল নম্বর busy!! ঐ দিন আর ওদের নম্বরে ঢুকতেই পারলাম না।
পরের দিন আবার চেষ্টা করতে থাকলাম। কিন্তু ঐ একই কথা, নম্বর busy. কি করব বুঝতে না পেরে আবার কল করলাম 121 এ। আজ আবার আরেকজন, সে জানাল, “ স্যার, আপনার অভিযোগ টি আমরা লিখে রাখলাম। আমরা শিগ্রই যারা এই সার্ভিসটি দিচ্ছে তাদের জানিয়ে দিব”। সে আরও জানাল এই সার্ভিসটি জিপি নিজে দিচ্ছে না, তাই এটা অফ করতে হলে যারা এই সার্ভিসটি দিচ্ছে তাদের সাথেই যোগাযোগ করতে হবে যার একমাত্র উপায় ঐ জিপি নম্বরটা 01758855511। আমি খুব এ হতাশ হলাম। কারন ঐ নম্বর এ reach করা আমার পক্ষে সম্ভব না।
মাঝখানে দুইদিন বিরতি দিলাম। আমি নিজেই ব্যাস্ত ছিলাম। এদিকে আম্মা আশায় আছে, এই ঝামেলা থেকে সে মুক্তি পাবে। তার টাকা এভাবে কেটে নিয়ে যাচ্ছে সে কোনভাবেই এটা মানতে পারছে না। আমিও একটু বিরক্ত হয়ে বললাম, ভালইতো তোমাকে জিপি উপদেশ দিছ্ছে তাই টাকা কেটে নিচ্ছে। তুমিই তো এই অফার চালু করেছ। তখন আম্মা উত্তেজিত হয়ে বলল, বেশ... আমি চালু করেছি এখন আমিই এটা অফ করতে চাচ্ছি। এখন ওরা বন্ধ করবে না কেন?
কি বলব, আবার 121 এ ফোন করে নিজের অসহায়ত্বের কথা বললাম। বললাম আমি ঐ নম্বর বহুবার রিং করছি কিন্তু প্রতিবারই নম্বর busy পাইছি। আর দু-একবার যা ও রিং হয়েছে তা আবার ওরা ধরে নাই। এবার আবার নুতন আরেকজন, মনোযোগ সহকারে আমার কথা শুনল। ও ভালো কথা, এই 121 এ কথা বলতেও কিন্তু আমার ভালই খরচ হয়ে যাচ্ছে। কারন ওরা অনেক্ষন ধরে শুনবে, বলবে স্যার একটু লাইনে থাকুন... লাইনে থাকার জন্য ধন্যবাদ... এইসব ধন্যবাদ কিন্তু আমার টাকা কেটে নিয়ে আবার আমাকেই ধন্যবাদ দিচ্ছে। আমি এইবার বেশ কঠিন ভাষায় তার সাথে কথা বললাম। তাতেও তার কথায় কোন পরিবর্তন হল না। ঐ একই কথা স্যার... এটা, স্যার ... ওটা। শেষে আমি বললাম, আমরা তো এই অফারটা মেসেজ দিয়ে অন করছি, আমরা এখন মেসেজ দিয়েই এটা অফ করতে চাই। মেসেজ দিয়ে এটা কিভাবে অফ করা যায় বলুন। সে যা বলল, ‘ সরি স্যার, আপনাকে ঐ নম্বর এ কল করেই এটা অফ করতে হবে’। আমি এবার ক্ষেপে গিয়ে বললাম, এই যে মেসেজগুলু পাঠাচ্ছে এর টাকা কে পাচ্ছে? সে জানাল এই টাকা জিপি পাচ্ছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম এই যে মেসেজ পাঠাচ্ছে কার মাধ্যমে পাঠাচ্ছে? সে জানাল জিপির মাধ্যমেই পাঠাচ্ছে। জিপি র মেসেজ সেন্টার নম্বর ব্যাবহার করেই এই মেসেজ আসছে। আমি তাকে এবার বললাম, টাকা যদি জিপি পায়, তাহলে জিপি কেন এই অফারটি অফ করবে না? এর কোন উত্তর সে দিল না। তারা বারবার আমাকে ঐ নম্বরে ফোন করতে বলে। এর বাইরে তারা কোন সাহায্য করতে পারবে না। হেল্প লাইন এ ফোন করেও আমি কোন হেল্প পেলাম না। আমি এখন কি করব??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


