
ছবি: ইন্টারনেট
ছোটখাটো কিছু বানান সব সময়ই বিভ্রান্তিকর। যেমন "কী" লিখবো নাকি "কি", নাকি যেকোন একটি লিখলেই হবে। আবার হ্রস্ব উ-কার হবে নাকি ও-কার। "ফুটে" যেমন ঠিক "ফোটে" বানানও ঠিক। তাহলে লিখবো কোনটা? কী যে এক যন্ত্রণা এই বিভ্রান্তিকর বানানগুলো! স্বেচ্ছায় কেউ বানান ভুল করতে চায় না। তবু ভুল হয়েই যায় মাঝে মাঝে। শত সতর্কতা সত্ত্বেও।
যেমন এই ব্লগেই, এত ভালো ভালো লিখেন সবাই। কিন্তু অনেকেরই এই ছোটখাটো বানানগুলো নিয়ে সমস্যা আছে বোঝা যায়। অনেক বানান ভুল হয় আমারও। চেষ্টা করে কিছু সংশয়ের সমাধান বের করতে পেরেছি। এই স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব আর কী। সেগুলোর দুটি আজ আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো কারো কাজে লাগলেও লাগতে পারে।
১• যে "কী" দ্বারা প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া সম্ভব সেই "কী" তে হ্রস্ব ই-কার বসে এবং বিশেষ্যবাচক "কী" তে দীর্ঘ ই-কার বসে। যেমন,
তুমি কি জনি? উত্তর: হ্যাঁ।
তোমার নাম কী? উত্তর: জনি।
তুমি কি কাজটা করতে পারবে? উত্তর: হ্যাঁ।
তোমার কী লাগবে? উত্তর: বই
২• যেসব ক্রিয়াবাচক শব্দকে সাধুরূপে প্রকাশ করা যায় সেগুলোতে হ্রস্ব ই-কার বসে। যেগুলোকে সাধুরূপে প্রকাশ করা যায় না সেগুলোতে ও-কার বসে। যেমন,
গাছে ফুল ফোটে। এখানে "ফোটে" শব্দটির সাধুরূপ সম্ভব নয়। কিন্তু
"ফুল ফুটলে গাছগুলো খুব সুন্দর দেখায়।" এই বাক্যে "ফুটলে" শব্দটিকে সাধুরূপে "ফুটিলে" লেখা সম্ভব।
একই ভাবে- "ফুল তুলে মালা গাঁথি।" "মেয়েটি রোজ ফুল তোলে।"
"আমি ভুলে গিয়েছিলাম।"
"কেউ ভোলে না, কেউ ভোলে।"
আজ এ পর্যন্তই।
কোন ভুল হলে ধরিয়ে দিবেন। কারণ ভুল তো মানুষ মাত্রই হয়।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






