যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে বেশি মাত্রায় ব্যক্তিগত তথ্য দেওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ভবিষ্যতে এটা তাদের জন্য অপ্রীতিকর ঘটনা বয়ে আনতে পারে।
সপ্রতি কয়েকটি গবেষণায় দেখা গেছে, মার্কিন নিয়োগদাতারা চাকরিপ্রার্থীদের অতীত সম্পর্কে খোঁজ নিতে ফেসবুক, মাইস্পেসের মতো সামাজিক নেটওয়ার্কের প্রতি ঝুঁকছে। এরপরই ওবামা এমন উপদেশ দিলেন।
১৪ থেকে ১৫ বছরের স্কুল ছাত্রদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক ছাত্র ওবামাকে প্রেসিডেন্ট হতে হলে কী করা দরকার সেরকম কিছু উপদেশ দিতে বলে।
ওবামা বলেন, ‘‘প্রথমে আমি তোমাদের খুবই বাস্তব কিছু উপদেশ দিচ্ছি- ইউ টিউবের এ যুগে ফেসবুকে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কেননা এটা ভবিষ্যতে কোনো একসময়ে তোমাদের জীবনকে টেনে ধরতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘তোমরা এখনও ছোট এবং তোমরা অনেক ভুল ও বোকামি করে থাক। আমি এমন অনেকের কথা জানি, যারা ফেসবুকে নিজেদের অনেক মতামত প্রকাশ করে থাকে এবং পরে তারা যখন চাকরির জন্য আবেদন করে তখন তাদের সম্পর্কে তথ্য জানার জন্য এসব জায়গায় খোঁজা হয়।’’
ওবামা তার স্কুলজীবনের কথা বলতে গিয়ে বেশ কয়েকবার ‘ভুল করেছিলাম' বললেও ছাত্রদের তা খুলে বলেননি। এর আগে তিনি তরুণ বয়সে মাদক নেওয়ার কথা জানিয়েছিলেন।
গত জুনে ক্যারিয়ারবিল্ডার ডটকম নামে একটি সংস্থা গবেষণার মাধ্যমে জেনেছে, মার্কিন নিয়োগদাতাদের ৪৫ শতাংশই চাকরিপ্রাথীদের সম্পর্কে খোঁজ নিতে ফেসবুকে তালাশ করে। জরিপে ৩৫ শতাংশ নিয়োগদাতা বলেছেন, এসব নেটওয়ার্কের মাধ্যমে জেনে তারা অনেক প্রার্থীকে প্রত্যাখ্যান করতে উদ্বুদ্ধ হন। এ ক্ষেত্রে যেসব বিষয় তাদের প্রভাবিত করে তা হচ্ছে- অসঙ্গত ছবি, মদ্যপান ও মাদকব্যবহার নিয়ে তথ্য, আগের চাকরিদাতা বা সহকর্মী বা মক্কেলদের সম্পর্কে বাজে মন্তব্য। ফেসবুক দাবি করে থাকে সারা বিশ্বে তাদের ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি।
ওবামার হোয়াইট হাউজও গণমাধ্যমকে এড়িয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য নিয়মিত ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক নেটওয়ার্ক সাইট ব্যবহার করে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



