দীর্ঘদিন ভিনদেশে থাকিয়া ফিরিয়া আসিয়াছেন গৃহকর্তা। অত্র গ্রামের বান্ধা তস্কর মোছলেম ভাবিলেক, "যাই এইবার ম্যালাদিনের কামাই হইবেক"। প্রদোষকাল হইতেই আড়ি পাতিয়া রহিল বেড়ার ঘরের পাশে। স্বামী-স্ত্রী কি কি বাক্যালাপ করিতেছে তাহা শুনিয়া তাহার চৌর্যবৃত্তিতে উপাত্ত হিসেবে সদ্ব্যবহার করা যাইবেক। কিন্তু কি আনিয়াছে না আনিয়াছে উহা লইয়া কোনরূপ বাক্যালাপ হইতেছে না। স্বামী-স্ত্রী বহুদিন বাদে একত্র হইয়া বেশ রোমান্টিক মেজাজে ছিল। নানা প্রকার হাস্যরস, ছল কৌতুক চলিতেছে হরদম। উহারা উভয়েই নানা ধরণের ভাব প্রকাশে পটু এবং চতুর বলিয়াই মনে হইলো। তস্করের অনুর্বর মস্তিস্ক উহাদের অনেককিছুই অনুধাবন করিতে ব্যর্থ। এইদিকে মশক বড়ই জ্বালাতন করিতেছে। গাত্রে অদ্য সরিষার তৈল মাখিয়া আসে নাই স্মরণ হইয়া গেলো।
তস্করদিগের গাত্রে তৈল দুই ধরণের কর্মে আসে। প্রথম হইলো, গাত্র পিচ্ছিল থাকায় গৃহকর্তা টের পাইয়া গেলেও শতচেষ্টা করিয়াও ধরিতে পারিবে না। যদিবা কাছাকাছি আসিয়াও পড়ে, তথাপিও কোনো প্রকার দণ্ডাদির দ্বারা প্রহার গাত্রে পুরাপুরি লাগিবে না।
স্বামী-স্ত্রী নানারূপ ছলা-কলা আহার-বিহার শেষে ঘুমাইবার প্রস্তুতি নিলো। তস্কর প্রত্যক্ষ না করিলেও শব্দ শুনিয়া বুঝিলো অভ্যন্তরে কী কী হইতেছে।
গৃহকর্তা হঠাৎ বলিয়া উঠিলো, 'ওগো মিছার মা(উহাদের সন্তানাদি হয় নাই এখনো তাই গ্রামের লোকেরা মিছার মা বলে), বৈদেশ হইতে যে উপহারাদি আর টাকা পয়সা আনিলাম তাহা সকল কোনখানে লুকাইয়াছ? মোছলেম চোরা ব্যাটা কি এখনো চুরি করে?'।
স্ত্রী বলিলো, 'আরে তুমি উৎকণ্ঠ হইও না! আমি সবকিছু চাঙগে তুলিয়া রাখিয়াছি। আর মোসলেম নিশ্চয়ই এখন ঘুমাইতেছে। চলো আমরাও ঘুমাই।' পাঠক যদি চাঙ না চিনিতে পারেন তাহা হইলে আওয়াজ দিন। বুঝিতে পারিয়াছি, এই একই দেশের অঞ্চলভেদে অনেকেই অনেক শব্দ শুনিয়া আকাশ ভাঙিয়া পড়েন। চাঙ হইলো কারের(কার কাহাকে বলে সুধাইলে কিন্তু মানিব না! কেননা সাধুগণও 'বিচি কারে উঠিয়া গিয়াছে?' ইত্যাকার বাক্য বিনিময় করিয়া থাকেন
চোর মোছলেম কিয়ৎক্ষণ ঘাঁপটি মারিয়া থাকিলো, উদ্দেশ্য উহাদের নাক ডাঁকানির শব্দ পাইলেই চৌর্যকর্ম আরম্ভ করিয়া দিবে। কতক্ষণ যাইতে না যাইতেই ফোররর.. ফোঁৎ শব্দে মোসলেমের চোখে ঝিলিক দেখা গেলো। মোসলেম বেড়া বাহিয়া উঠিয়া পড়িলো। বেড়া ডিঙালেই চাঙ, যেইখানে সকল গুপ্তধন চোরের আরাধ্য সকলকিছু! আহ! বেড়া হইতে দুই পা একসঙ্গে পাতিয়া হাত ছাড়িতেই ইহা কী হইলো? ইহা তো মহা পতন! কোথায় চাঙ কোথায় কী? স্বামী-স্ত্রীর মধ্যখানে পতিত হইলো ভোলাভালা তস্কর মোছলেম। ধড়ফড় করিয়া উঠিয়াই গৃহকর্তা বলে, "কীরে ব্যাটা চাঙ কী এইখানে?"
চোরা বুঝিলো ইহা সাজানো নাটক! চোরের কর্তব্য ধরা পড়িবার আগেই পলায়ন। বেড়া ভাঙ্গিয়া চো-চা দৌড় পাড়িতে আরম্ভ করিলো মগা মোছলেম। গৃহকর্তাও কম যায়না। হাড়-হাভাতে মগা মোছলেমকে দৌড়াইয়া ফেইল মারিয়া ফেলিতে পারিবে এমন শক্তি রাখে গায়ে। তথাপিও ঘুম ভাঙিয়া উঠিয়া কসরৎ করিতে কে চায়। খোলা জায়গায় দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ বলিয়া উঠিলো, "ব্যাটা মগা মোছলেম থাম সামনে গাঙ! পড়িলে সলিল সমাধি হইয়া যাইবেক!"
"কী!" তড়িৎ ভাবনা চলিল মনে, "গাঙ হইলে তো ইহাই চান্স! আমি ম্যালা সাঁতার জানি! পলায়ন সুবিধাজনক হইবেক। গৃহকর্তা নির্ঘাৎ এই মধ্যরাত্তিরে পানিতে ঝাঁপাইয়া আমাকে ধরিতে পিঁছু নিবে না"।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



